কুমিল্লায় ভুয়া চিকিৎসক, অতিরিক্ত টেস্ট ফি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় ভুয়া চিকিৎসক, অতিরিক্ত টেস্ট ফি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা
ছবি

মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:

কুমিল্লার শাসনগাছায় ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা প্রদান, অদক্ষ লোক দিয়ে এক্স-রে করানো, রোগীদের কাছ থেকে অতিরিক্ত টেস্ট ফি আদায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাসনগাছা এলাকায় বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে যৌথ অভিযান পরিচালনা করে সিভিল সার্জন অফিস ও ভোক্তা অধিদপ্তর।

অভিযানকালে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন ছাড়াই চিকিৎসাসেবা প্রদান, অদক্ষ কর্মী দিয়ে এক্স-রে করানো, রোগীদের কাছ থেকে পরীক্ষার অতিরিক্ত মূল্য আদায় এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী কুমিল্লা এভারকেয়ার হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার টাকা, খিদমাহ স্পেশালাইজড হাসপাতালকে ২০ হাজার টাকা এবং আতিক মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে শাসনগাছার মীম হাসপাতাল সিলগালা করা হয়।

অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মুচলেকা নিয়ে ভবিষ্যতে অনিয়ম সংশোধনের সুযোগ দেওয়া হয় এবং সতর্ক করা হয়।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদিন, উপজেলা মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস, সদর মেডিকেল অফিসার ডা. জিনাত মুসতারী এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় কুমিল্লা জেলা পুলিশের একটি দল এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা করেন।

অভিযানে মোট তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন