

নিজের
জীবন বাজি রেখে ১৩ জনকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন ২২ বছর বয়সী হাসান আহমেদ আল গাজ্জার।
কিন্তু শেষ পর্যন্ত নিজেই প্রাণ হারালেন। মিশরের সিনাই অঞ্চলের মেনিয়েল দোয়েইব গ্রামের
এই যুবকের অমর বীরত্ব দেশজুড়ে মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।
স্থানীয়
গণমাধ্যমের বরাতে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বহনকারী
একটি মিনিবাসের টায়ার বিস্ফোরণের পর সড়ক থেকে ছিটকে নদীতে পড়ে যায়। ঘটনাটি সামনে থেকে
দেখা মাত্রই হাসান ছুটে যান। যদিও তিনি সাঁতার জানতেন না, তবুও বিন্দুমাত্র দ্বিধা
না করে পানিতে ঝাঁপ দেন। ডুবে থাকা মিনিবাসের পেছনের দরজা ভেঙে তিনি একে একে সব ১৩
ছাত্রীকে নিরাপদে তুলে আনেন। কিন্তু অতিরিক্ত শারীরিক পরিশ্রম আর মানসিক চাপের পর তিনি
আর ভেসে থাকতে পারেননি। ক্লান্তির কাছে পর্যদস্ত হয়ে নিজেই নদীতে তলিয়ে যান এবং মারা
যান। ঘটনাটি বেদনাদায়ক হলেও মহৎ সমাপ্তি নিয়ে হাসানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন মিশরবাসী।
হাসান
জীবিকার সন্ধানে সিনাই এলাকায় গিয়েছিলেন। তার ঘরে রয়েছে স্ত্রী ও তিনটি কন্যাশিশু-যাদের
ভবিষ্যৎ আজ অনিশ্চয়তায় ঘেরা। শোকে ভেঙে পড়া বাবা গণমাধ্যমকে বলেন, ‘আমার ছেলে একজন
নায়ক হয়ে মরেছে। আমি তার জন্য গর্বিত।’ তিনি জানান, মাত্র দুই দিন পরই ছিল
হাসানের জন্মদিন। ছেলের জন্য কেক কিনে তাকে দেখতে যাওয়ার পথে তিনি পেয়েছিলেন মৃত্যুসংবাদ।
এ দুর্ঘটনার আগে হাসান পরিবারের সঙ্গে করা শেষ ফোনকলে মায়ের সঙ্গে দেখার ইচ্ছা জানিয়েছিলেন-যা
এখন শোকের ভার আরও বাড়িয়ে দিয়েছে।হাসানের পরিবার সরকারকে অনুরোধ জানিয়েছে, যেন তার
স্ত্রী ও সন্তানদের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করা হয় এবং রাষ্ট্রীয়ভাবে হাসানকে সম্মানিত
করা হয়। পরিবারের ভাষায়, ‘অনেক পরিবারের কান্না থামিয়ে দিয়েছে হাসান। অন্তত তার মেয়েদের
ভবিষ্যৎ যেন সুরক্ষিত হয়।’
সামাজিক
যোগাযোগমাধ্যমে হাজারো মানুষ হাসানকে জাতীয় বীর, শহিদ এবং রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত করার
দাবি তুলেছেন। তারা লিখছেন-তার আত্মদান শুধু ১৩টি প্রাণই নয়, অসংখ্য পরিবারকে অশ্রুশোক
থেকে রক্ষা করেছে। সাহস, আত্মদান আর মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল হাসান আহমেদ
আল গাজ্জারের নাম।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি ;
কুমিল্লার তিতাস উপজেলায় ট্রলি উল্টে নদীতে পড়ে একই পরিবারের তিন নারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কড়িকান্দি রাজাপুর সড়কের তিতাস নদীর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকতা খালেদ সাইফুল্লাহ বলেন, দুপুরের দিকে তিন নারী ঘাটে নেমে গোসল করছিলেন। এ সময় বালুভর্তি একটি ট্রলি কড়িকান্দি রাজাপুর সড়ক দিয়ে যাচ্ছিল। হঠাৎ ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় এবং গোসলরত তিন নারীর ওপর সরাসরি চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রলিটি উদ্ধার করে এবং মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করে। ট্রলির চালক গুরুতর আহত হওয়ায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নিহতরা হলেন তিতাস উপজেলার কড়িকান্দি রাজাপুর এলাকার শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) এবং ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। এদের মধ্যে রুজিনা ও সামছুন নাহার আপন জা, আর রিনা আক্তার তাদের ভাগিনার স্ত্রী।
মন্তব্য করুন


ইসরায়েল-যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত ও ৭ জন আহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের আজমানে ধ্বংসাবশেষের আঘাতে সিলেটের সালেহ আহমেদ নিহত হন। বাহরাইনেও ১ বাংলাদেশি নিহত এবং ৩ জন আহত হয়েছেন। এছাড়া, কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি বর্তমানে চিকিৎসাধীন।
এদিকে, আমিরাতের জেবেল আলী বন্দরে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ 'বাংলার জয়যাত্রা'। তবে জাহাজের সকল নাবিক নিরাপদ রয়েছেন।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। এছাড়া, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে গভীর সমবেদনা জানিয়েছে ঢাকা। সংঘাত এড়িয়ে সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।
মন্তব্য করুন


মাইলস্টোন
স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে
হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন,
এরা আমাদের সবারই সন্তান। হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল। আমরা অবশ্যই এই ঘটনার তদন্ত
করব। আর যারা আহত- আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করছি। সবাই তাদের জন্য ঝাঁপিয়ে পড়েছে।
আজ
সোমবার (২১ জুলাই) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা এ কথা
বলেন।
হাসপাতালে
ভিড় না করার অনুরোধ জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস দেশবাসীর উদ্দেশে বলেন,
হাসপাতালে সকলে ছুটে আসছে। আমরা সবার কাছে অনুরোধ করছি হাসপাতালে ভিড় করবেন না। কারণ
যারা আহত তাদের জন্য এটা ভালো না। তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই। আমরা ভিড়
করলে, আমাদের শরীর থেকে কি রোগ তাদের মধ্যে ছড়িয়ে পড়বে এটা বলা মুশকিল। কাজেই দূরে
থেকে দোয়া করেন সবাই।
বিমান
বিধ্বস্তের এই ঘটনাকে ‘অবিশ্বাস্য’
আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, আমার বলার কোনো ভাষা নেই। কিভাবে শুরু করব?
সেটাও বুঝতে পারছি না। আমার মতো সারাদেশের লোক আজকে হতবাক। এ রকম একটা কান্ড ঘটতে পারে।
আমরা কেউ কল্পনা করিনি। কারো ধারণার মধ্যে ছিল না। কিন্তু এই অবিশ্বাস্য ঘটনা আমাদেরকে
হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে।
বহু
শিশুর মৃত্যুতে সারা জাতি বাকরুদ্ধ মন্তব্য করে আবেগঘন ওই ভিডিও বার্তায় তিনি বলেন, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন
স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে কচি শিশুদের উপরে পড়ল। আগুনে পুড়ে শিশুরা মারা গেল। মা-বাপদের
আমরা কি জবাব দেব? কি বলবো তাদেরকে? আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না। অজানা শিশুদের
মুখ বারবার চোখে ভেসে উঠছে। সারা জাতি বাকরুদ্ধ ও শোকাহত বললে খুব কম বলা হবে। এই দুর্ঘটনার
রেশ এখনো কাটেনি। এখনো লাশ আসছে হাসপাতালে। এখনো হাসপাতালে মারা যাচ্ছে। মা-বাপ এখনো
খোঁজ নিচ্ছে আমার সন্তান কোথায়? তাকে আর কোনদিন চেনা যাবে কিনা? যাদের লাশ দেখছি তার
মধ্যে আমার সন্তান আছে কিনা। পৃথক করার তো কোন উপায় নেই।
শিশুদেরকে
স্মরণ করে অধ্যাপক ড. ইউনূস আরও বলেন,আমরা অবশ্যই এই ঘটনার তদন্ত করব। তদন্ত হবে, কিন্তু
এই নিস্পাপ শিশুগুলো আর ফিরে আসবে না।
প্রধান
উপদেষ্টা আরও বলেন, শিশুদের বাবা মা আত্মীয়স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি।
বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান। আপনারা নিজেদের মনকে সান্ত্বনা দেয়ার
চেষ্টা করুন। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। জাতির সমস্ত লোক আপনাদের সঙ্গে আছে।
অধ্যাপক
ইউনূস বলেন, ‘আমরা নিহত শিশুদের জন্য শোক দিবস
ঘোষণা করেছি। আগামীকাল শোক দিবসে আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব। তাদের আত্মার
শান্তি কামনা করব। আজ থেকে সবাই তাদের রুহের মাগফেরাত কামনা করব। আল্লাহ আপনাদেরকে
শান্তি দিন। নিহত শিশুদের জন্য দেশবাসী আমরা
সবাই দোয়া করছি। আল্লাহ এই শিশুদেরকে জান্নাতবাসী করুক।
মন্তব্য করুন


কোটা সংস্কার আন্দোলনে আহত হয়ে রাজধানীর
বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইনজীবীসহ চারজন মারা গেছেন।
শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে মরদেহ চারটির ময়নাতদন্ত সম্পন্ন হয়।
নিহতরা হলেন- কুমিল্লা সদর উপজেলার
আইনজীবী আবুল কালাম (৫৫), চুয়াডাঙ্গার রাজমিস্ত্রী উজ্জ্বল হোসেন (৩০), নোয়াখালীর দোকান
কর্মচারী আসিফ (২৬) ও বরগুনার ওষুধ কোম্পানীর সেলসম্যান আল আমিন হোসেন (২৭)।
নিহত আইনজীবী আবুল কালামের বাড়ির চাঁদপুরের
হাজীগঞ্জে। তবে থাকতেন কুমিল্লা সদর উপজেলার মহিলা কলেজ রোডে।
মন্তব্য করুন


মঙ্গলবার (৭ নভেম্বর) সচিবালয়ে মজুরি ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ ২০১৮ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। সেই অনুযায়ী, আট হাজার টাকা ন্যূনতম মজুরি পাচ্ছিলেন পোশাকশ্রমিকরা। আগের তুলনায় ন্যূনতম মজুরি বেড়েছে সাড়ে ৪ হাজার টাকা।
আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।
মন্নুজান সুফিয়ান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মালিক ও শ্রমিক পক্ষ এবং নিরপক্ষ প্রতিনিধিদের নিয়ে দ্রুত নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিন শ্রমজীবী মানুষ আন্দোলন করে আসছেন মজুরি বাড়ানোর জন্য। মালিক ও শ্রমিকপক্ষকে নিয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে আলাপ-আলোচনার মধ্যদিয়ে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন।মজুরির যদি কোনো তারতম্য হয়ে যায় আমরা শেষ সম্বল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারস্থ হই সবসময়। উনার মৌখিক নির্দেশে আজকে পোশাক কারখানার শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ঘোষণা করছি।
তিনি আরও বলেন, শ্রমিকদের রেশনের দাবি আছে। সেখানে প্রধানমন্ত্রী বলেছেন, একটি পরিবারের জন্য একটি ফ্যামিলি কার্ডের মধ্যেই নির্ধারিত থাকবে যতগুলো সদস্য কার্ডটি ব্যবস্থা করতে পারবে। পরবর্তীতে এ কার্ডের মাধ্যমে রেশনিং ব্যবস্থা চালুর কথা বলেছেন প্রধানমন্ত্রী।এখানে শ্রমজীবী মানুষ ও রাষ্ট্রের স্বার্থ আছে। শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে। শ্রমিকের সঙ্গে শিল্পও ওতপ্রোতভাবে জড়িত। উভয়দিক লক্ষ্য রেখেই মজুরি ঘোষণা করা হচ্ছে।
মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়বে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আট হাজার থেকে সাড়ে ১২ হাজার টাকা করা হয়েছে। ৫ শতাংশ ইনক্রিমেন্ট বহাল আছে।
আন্দোলন-অবরোধের কারণে শিল্পাঞ্চলের বাড়িভাড়া মওকুফের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, ডিসেম্বরের বেতন নতুন বেতনের আলোকে হবে। গেজেট এখনই করতে দেবে, কোনো সংশোধন থাকলে ১৪ দিনের মধ্যে করবে।
মজুরি ঘোষণার সময় নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তৌফিকুল আরিফ, বিকেএমইএ'র সভাপতি সেলিম ওসমান, বিজিএমইএ'র সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


সাতক্ষীরায় সেনাবাহিনীর এক অভিযানে বিপুল মাদক, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানটি বুধবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার পলাশপোল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয়।
গ্রেপ্তাররা হলেন—মো. ইয়াসিন আরাফাত (২৫), মো. রাকিব হোসেন (২০) ও মো. মুরাদ হোসেন (২০)। ইয়াসিন আরাফাত পলাশপোল গ্রামের মো. আমিনুল সরদারের ছেলে। রাকিব হোসেন ও মুরাদ হোসেন কামালনগর গ্রামের বাসিন্দা।
অভিযানে তাদের কাছ থেকে ৪২০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৬টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সেনাবাহিনীর সূত্র জানায়, ইয়াসিন আরাফাত সাতক্ষীরার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে মাদক চোরাচালান ও চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তাররা এসব অস্ত্র ও লাঠি ব্যবহার করে এলাকায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদকদমন অভিযানের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


জাতিসংঘ
সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থীর যোগ্যতার বিষয়টিকে নিজ দপ্তরে তুলে
ধরার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ঢাকার প্রার্থিতাকে
যুক্তরাজ্য যথাযথভাবে বিবেচনা করবে বলেও আজ মঙ্গলবার (৩ মার্চ) আশ্বাস দিয়েছেন তিনি।
পররাষ্ট্র
মন্ত্রণালয়ে পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সারাহ কুক
এ প্রতিশ্রুতি দেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে
পররাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ
অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের পার্লামেন্টারি আন্ডার-সেক্রেটারি অব স্টেট ফর ইন্দো-প্যাসিফিক
সীমা মালহোত্রাকে পাঠানোর জন্য যুক্তরাজ্যকে ধন্যবাদ জানান।
এ
সময় উভয় পক্ষ দুই দেশের গভীর ঐতিহাসিক সম্পর্ক, দৃঢ় জনসম্পর্ক এবং যুক্তরাজ্যে বসবাসরত
বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়কে নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এই প্রবাসীরা দুই দেশের মধ্যে
গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করে যাচ্ছে।
দুই
নেতা শিক্ষা, অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং সামগ্রিক দ্বিপক্ষীয়
সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে নতুন সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধান নিয়ে আলোচনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও অন্যান্য
আন্তর্জাতিক ফোরামে যুক্তরাজ্যের নেতৃত্ব অব্যাহত রাখার আহ্বান জানান।
তিনি
২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের
প্রার্থিতার প্রতি লন্ডনের সমর্থনও কামনা করেন।
ব্রিটিশ
হাইকমিশনার আশ্বাস দেন যে, তিনি বাংলাদেশের প্রার্থীর যোগ্যতার বিষয়টিকে যুক্তরাজ্যের
সদর দপ্তরে তুলে ধরবেন এবং প্রার্থিতাকে যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
বৈঠক
শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে সারাহ কুক বলেন, ‘আমি মাননীয় পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে
অত্যন্ত ভালো একটি বৈঠক করেছি। তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব গ্রহণের জন্য
অভিনন্দন জানিয়েছি।
তিনি
আরো বলেন, ‘আমরা অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করেছি এবং যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারিত্বের
গভীরতা ও দৃঢ়তা পুনর্ব্যক্ত করেছি।’
তিনি
জানান, বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সারাহ
কুক বলেন, ‘আমাদের অভিন্ন অগ্রাধিকারের সমর্থনে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, নিরাপত্তা,
জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা ইস্যুসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা
করেছি।’
দীর্ঘস্থায়ী
সম্পর্কের প্রসঙ্গ উল্লেখ করে সারাহ কুক আরো বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশের সঙ্গে
যুক্তরাজ্যের দীর্ঘদিনের অংশীদারিত্ব রয়েছে এবং দেশটির এই নতুন অধ্যায়ে আমরা ঘনিষ্ঠভাবে
একসঙ্গে কাজ চালিয়ে যেতে আগ্রহী।’
এর
আগে দিনের শুরুতে হাইকমিশনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সাক্ষাৎ
করেন এবং দক্ষতা উন্নয়ন, অভিবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতা
বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।
উভয়
পক্ষ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং
দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত
রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
মন্তব্য করুন


আগামী
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ (ন্যাশনাল
চার্টার) বিষয়ে গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসার
বিষয়টি নিশ্চিত হয়েছে।
আজ
শনিবার ( ৩১ জানুয়ারি ) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ইসলামী সহযোগিতা সংস্থা
(ওআইসি)-সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। এর
পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত ৩২
জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
এ
নিয়ে আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা দাঁড়াল ৩৩০ জন, যা ২০২৪ সালের
৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। ওই নির্বাচনে আন্তর্জাতিক
পর্যবেক্ষকের সংখ্যা ছিল তুলনামূলকভাবে অনেক কম।
এর
আগে ১২তম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৮ জন, ১১তম জাতীয় নির্বাচনে ১২৫ জন এবং ১০ম নির্বাচনে
মাত্র চারজন আন্তর্জাতিক পর্যবেক্ষক ছিলেন।
ওআইসি’র
দুই সদস্যের পর্যবেক্ষক দলটির নেতৃত্ব দেবেন সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষণ ইউনিটের
প্রধান শাকির মাহমুদ বান্দার। এছাড়া এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) থেকে
২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৫ জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান
ইনস্টিটিউট (আইআরআই) থেকে সাতজন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) থেকে
একজন পর্যবেক্ষক আসবেন।
পররাষ্ট্র
মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল,
এসএনএএস আফ্রিকা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল
অ্যাফেয়ার্স-এর মতো সংস্থার প্রতিনিধিত্বকারী ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবেও নির্বাচনী
কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
আন্তর্জাতিক
পর্যবেক্ষকদের সফর সমন্বয়ের দায়িত্বে থাকা সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ
বলেন, আমরা আশা করছি আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা আরো বাড়বে। আমন্ত্রণ জানানো কয়েকটি
দেশ এখনো তাদের প্রতিনিধিদের নাম নিশ্চিত করেনি।
যেসব
দেশ এখনো প্রতিনিধি চূড়ান্ত করেনি— তাদের মধ্যে রয়েছে ভারত, নেপাল, অস্ট্রেলিয়া,
ব্রাজিল, কানাডা, মিসর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া ও রোমানিয়া। এছাড়া দক্ষিণ
এশিয়ার নির্বাচন ব্যবস্থাপনা সংস্থাগুলোর ফোরাম ফেমবোসা শিগগিরই তাদের পর্যবেক্ষকদের
নাম ঘোষণা করতে পারে।
এবারের
নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রায় ২ হাজার প্রার্থী
৩০০টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে
অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট।
মন্তব্য করুন


নোয়াখালীর
কোম্পানীগঞ্জে মাত্র ছয় মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়ে আলোচনায় এসেছে শিশু আবু বকর
সিদ্দিক (১০)। তার এই অসাধারণ সাফল্যে আনন্দিত পরিবার, শিক্ষক ও এলাকাবাসী।
আবু
বকর সিদ্দিক হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব চরচেঙ্গা গ্রামের
হাজী মুখলেছুর রহমানের বাড়ির শিক্ষক মো. বেলাল উদ্দিন ও মোসাম্মৎ আয়েশা ছিদ্দিকা দম্পতির
ছেলে। কোম্পানীগঞ্জের দারুল আরকাম মাদরাসার হিফজ বিভাগ থেকে মাত্র ছয় মাসে সম্পূর্ণ
কুরআন হিফজ সম্পন্ন করে সে।
পরিবার
সূত্রে জানা গেছে, সিদ্দিকের পরিবারে ৬-৭ জন কোরআনের হাফেজ রয়েছেন। ছোটবেলা থেকেই কোরআনের
প্রতি তার গভীর আগ্রহ ছিল। ছেলে জন্মের পর থেকেই তাকে হাফেজ বানানোর সিদ্ধান্ত নেন
তার বাবা-মা। সেই লক্ষ্য নিয়েই ২০২৫ সালের শুরুতে তাকে কোম্পানীগঞ্জের দারুল আরকাম
মাদরাসার হিফজ বিভাগে ভর্তি করানো হয়। পরে পরিবারের উৎসাহ এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে
প্রতিদিন নিয়মিত অনুশীলনের মাধ্যমে মাত্র ছয় মাসে সম্পূর্ণ কুরআন মুখস্থ করতে সক্ষম
হয় সিদ্দিক।
শিশু
হাফেজ আবু বকর সিদ্দিক জানায়, ছোটবেলা থেকেই সে কুরআন তিলাওয়াত করতে ভালোবাসে। মাদরাসার
শিক্ষকদের সহযোগিতা ও পরিবারের অনুপ্রেরণায় সে নিয়মিত পড়াশোনা করেছে। ভবিষ্যতে সে একজন
বড় আলেম ও দেশবরেণ্য হাফেজ হতে চায়।
তার
বাবা মো. বেলাল উদ্দিন বলেন, ছোটবেলা থেকেই ছেলের মধ্যে কোরআনের প্রতি আগ্রহ দেখেছি।
তাই আমরা সিদ্ধান্ত নেই তাকে হিফজে ভর্তি করাব। আল্লাহর রহমতে অল্প সময়ের মধ্যেই সে
পুরো কোরআন মুখস্থ করতে পেরেছে। একজন বাবা হিসেবে এটি আমার জন্য অত্যন্ত আনন্দের ও
গর্বের বিষয়। আমি চাই আমার ছেলে ভবিষ্যতে একজন যোগ্য আলেম হয়ে দ্বীনের খেদমত করুক।
এজন্য সবার কাছে তার জন্য দোয়া চাই।
মাদরাসার
হিফজ বিভাগের প্রধান হাফেজ মুহাম্মদ মুনাওয়ার বলেন, শিক্ষকদের তত্ত্বাবধান ও পরিবারের
সহযোগিতায় সিদ্দিক দ্রুত কুরআন মুখস্থ করতে সক্ষম হয়েছে। আমরা আশা করি সে ভবিষ্যতে
বড় আলেম হয়ে ইসলামের খেদমত করবে। এত অল্প বয়সে তার এমন কৃতিত্ব অন্য শিশুদেরও দ্বীনি
শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে।
মাদরাসার
সহকারী মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম বলেন, সিদ্দিক খুব মনোযোগী ও পরিশ্রমী ছাত্র।
নিয়মিত অধ্যবসায়ের কারণেই সে অল্প সময়ের মধ্যে কুরআনের হিফজ সম্পন্ন করতে পেরেছে। স্থানীয়
বাসিন্দারাও সিদ্দিকের এই সাফল্যে আনন্দিত।
মন্তব্য করুন


সারাদেশের বিভিন্ন জেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা
শান্তিপূর্ণভাবে তাদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব 'শুভ প্রবারণা পূর্ণিমা'
উদযাপন করছে।
গতকাল (১৭ অক্টোবর ২০২৪) পার্বত্য চট্টগ্রামের
বান্দরবান জেলার সার্বজনীন বৌদ্ধ বিহার, মংসুইপ্রুপাড়া বৌদ্ধ বিহার, সেন বৌদ্ধ
বিহার, আমতলী বৌদ্ধ বিহার; খাগড়াছড়ি জেলার শালবন বৌদ্ধ বিহার, বোয়ালখালী ও
দীঘিনালা উপজেলায় এবং রাঙ্গামাটি জেলার শৌধর্ম বৌদ্ধ বিহার, রেস বাজার ও
রাঙ্গামাটি সদরে উৎসাহ উদ্দীপনার সাথে উৎসবটি পালিত হয়। এছাড়া চট্টগ্রাম ও
কক্সবাজার জেলার ১১ টি উপজেলায় বৌদ্ধ ও রাখাইন সম্প্রদায়ের জনগণ ২৯১ টি বৌদ্ধ
বিহারে শান্তিপূর্ণভাবে প্রবারণা উৎসব পালন করে। পাশাপাশি রামু উপজেলার বাকখালী
নদীর তীরে 'কল্প জাহাজ ভাসা উৎসব' সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। এছাড়াও বরিশাল জেলার
১৪ টি বিহারে শান্তিপূর্ণভাবে প্রবারণা উৎসব পালিত হয়।
আজ (১৮ অক্টোবর ২০২৪) কক্সবাজার সদর উপজেলায় আরেকটি 'কল্প জাহাজ ভাসা উৎসব' আয়োজন করা হয়েছে এবং চট্টগ্রাম ইপিজেড-এর সিমেন্সের মাঠে বৌদ্ধ ধর্মাবলম্বীরা একটি সমাবেশের আয়োজন করেছে। উক্ত সমাবেশের নিরাপত্তা নিশ্চিত কল্পে বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। 'শুভ প্রবারণা পূর্ণিমা' উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সহযোগিতার জন্য সেনাবাহিনীর প্রতি বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রফেসর ড. সুকোমল বড়ুয়া বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য করুন