

টানা
বর্ষণ ও জলাবদ্ধতায় চট্টগ্রামের বাঁশখালীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। অনেক স্থানে
হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকায় পানিবন্দি হয়ে পড়েছেন শত শত মানুষ। এমন পরিস্থিতিতে
আট মাস বয়সী এক শিশুকে বড় একটি পাতিলে বসিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দৃশ্য সামাজিক
যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২১
সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, গলাসমান পানির মধ্যে টানানো একটি রশি ধরে এগিয়ে যাচ্ছেন
ফায়ার সার্ভিসের এক সদস্য। তার এক হাতে রশি, অন্য হাতে শিশুকে বসানো একটি বড় পাতিল।
পাশে থাকা আরেক সদস্য শিশুটির গায়ে বৃষ্টির পানি না লাগার জন্য পাতিলের ওপর ছাতা ধরে
হাঁটছেন। ব্যতিক্রমী এ উদ্ধার অভিযান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।
বাঁশখালী
ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চেচুরিয়া
ব্রিজসংলগ্ন এলাকায় কয়েকজন মানুষ পানিবন্দি হয়ে পড়ার খবর পায় ফায়ার সার্ভিস। পরে আট
সদস্যের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে।
অভিযানে
আট মাস বয়সী ওই শিশুসহ পাঁচ শিশু ও আট নারীকে নিরাপদে উদ্ধার করে স্থানীয় একটি আশ্রয়কেন্দ্রে
নেওয়া হয়। পানির তীব্র স্রোত ও গভীরতার কারণে শিশুটিকে নিরাপদে বহনের জন্য বড় একটি
পাতিল ব্যবহার করা হয়।
বাঁশখালী
ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পানিবন্দি থাকার খবর পেয়ে উদ্ধারকারী
দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পানির গভীরতা ও স্রোতের কথা বিবেচনায় নিয়ে
শিশুটিকে বড় পাতিলে বসিয়ে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়। পরে অন্যদেরও উদ্ধার করে
আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।
টানা
বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারের প্রভাবে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতা ও আকস্মিক
বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাঁশখালীও এর বাইরে নয়। উপজেলার বেশ কয়েকটি নিম্নাঞ্চল
প্লাবিত হওয়ায় স্থানীয়দের দুর্ভোগ বেড়েছে। পানি কমে না যাওয়া পর্যন্ত পরিস্থিতির আরও
অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
মন্তব্য করুন


পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রেলের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি বুধবার ৪ এপ্রিল শুরু হবে।
টিকিট বিক্রি চলবে ১০ এপ্রিল পর্যন্ত।
৪ এপ্রিল,বুধবার সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ রেলওয়ের ঈদুল ফিতর উপলক্ষে নেওয়া কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা যায়।
আগের ঈদগুলোতে ৫ দিনের টিকিট বিক্রি করলেও এবারই প্রথম ৭ দিনের টিকিট বিক্রি করবে রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের এই ট্রেন যাত্রার টিকিট ভোগান্তিবিহীন কিনতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
আন্তঃনগর ট্রেনের ১৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩ এপ্রিল; ১৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৪ এপ্রিল; ১৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৫ এপ্রিল; ১৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৬ এপ্রিল; ১৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৭ এপ্রিল; ১৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৮ এপ্রিল এবং ১৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৯ এপ্রিল। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।
মন্তব্য করুন


রাজধানীর
পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলার প্রধান আসামি সোহেল
রানা বলেছেন, ‘আমি ধর্ষণ করি নাই, শুধু লাশ কেটেছি। ধর্ষণ করেছে ডলার নামে একজন। আমি
পাপ করেছি, আমাকে সেই পাপের শাস্তি দিন।’
সোমবার
(১ জুন) এ মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর কাঠগড়ায় দাঁড়িয়ে চিৎকার করে
এসব কথা বলেন প্রধান আসামি সোহেল রানা।
এ
সময় তিনি দাবি করে, মেয়েটাকে এনে দিতে পারলে ‘ডলার’ নামে একজন তাকে দুই লাখ টাকা দেওয়ার
কথা বলেছিল। এ কথা বলার পরপরই উপস্থিত পুলিশ সদস্যরা তাকে থামিয়ে দেন এবং কাঠগড়া থেকে
নামিয়ে প্রিজন ভ্যানে নিয়ে যান।
সোমবার
এ মামলায় ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন তাদের বিরুদ্ধে
অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। একইসঙ্গে এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য
আগামীকাল মঙ্গলবার (২ জুন) দিন ধার্য করেন আদালত।
এর
আগে গত ২৫ মে আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট
(অভিযোগপত্র) দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান।
ওইদিনই মামলাটি পরবর্তী বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়। এরপর চার্জশুনানির জন্য
আজকের দিন ধার্য করা হয়।
মামলার
অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে রামিসাকে ধর্ষণের পর হত্যা এবং স্বপ্নার বিরুদ্ধে
ওই অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়েছে। জানা
যায়, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার সময় ঘর থেকে বের হলে আসামি কৌশলে ভিক্টিমকে তার ফ্ল্যাটের
রুমে নিয়ে যায়। সকাল সাড়ে ১০টায় বাদী মেয়েকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন।
একপর্যায়ে
আসামির রুমের সামনে বাদী তার মেয়ের জুতা দেখতে পেয়ে ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ না
পেয়ে বাদী তার স্ত্রী ও অন্য ফ্লাটের লোকজন নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় আসামির শয়ন কক্ষের মেঝেতে ভিকটিম রামিসার
মাথাবিহীন লাশ দেখতে পান। আর মাথা রুমের ভেতর বার্জার রংয়ের বড় বালতির ভেতর দেখতে পান।
এ
সময় আসামি স্বপ্নাকে সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে তারা জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে সে জানায় যে, তার স্বামী সোহেল রানা
তার হীন কামনা চরিতার্থ করার লক্ষে বাদীর শিশু কন্যাকে বাথরুমের আটকে রেখে ধর্ষণের
পর গলা কেটে হত্যা করে। লাশ গুম করার উদ্দেশে স্বপ্নার সহায়তায় সোহেল ভিকটিমের মাথা,
ধারালো ছুরি দিয়ে কেটে গলা থেকে আলাদা করে ও যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করে এবং দুইহাত কাঁধ
থেকে অর্ধবিচ্ছিন্ন করে লাশ বাথরুম থেকে আসামিদের শয়ন কক্ষে এনে খাটের নিচে রাখে।
ওই
রুমের জানালার গ্রিল কেটে আসামি সোহেল রানা পালিয়ে যায়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে
সংবাদ পেয়ে আসামি স্বপ্নাকে হেফাজতে নেয়। আর নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে
থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
এ
ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা করেন। গত ২১ মে সেই মামলায় সোহেল
রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তাদের
কারাগারে পাঠানো হয়।
রামিসার
বাবা তার পরিবারের লোকজন নিয়ে পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-বি এলাকায় ফ্ল্যাটে ভাড়া
বাসায় থেকে বনানীতে একটি বেসরকারি অফিসে চাকরি করেন। আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারও
একই বাসার অন্য ফ্ল্যাটে থাকতেন। রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণিতে
লেখাপড়া করতো।
মন্তব্য করুন


রোববার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন বিভাগ থেকে একটি সার্কুলার জারি করে সকল বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।
আগামী শুক্র, শনি ও রোববার (৫, ৬ ও ৭ এপ্রিল) ৩দিন ব্যাংক খোলা থাকবে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কারখানার কর্মীদের বেতন-বোনাস দেওয়ার সুবিধার্থে পোশাকশিল্প এলাকায় । তবে পূর্ণ দিবসের বদলে ওই তিনদিন সংশ্লিষ্ট শাখাগুলোতে নির্ধারিত সময়ে লেনদেন চলবে।
সার্কুলারে উল্লেখ করা হয়েছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক কর্মচারী/কর্মকর্তাদের বেতন-ভাতা ও রপ্তানি বিল ক্রয়ের জন্য বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ঈদের আগের সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ৫, ৬ ও ৭ এপ্রিল সীমিত পরিসরে খোলা থাকবে।
এলাকাগুলো হলো—ঢাকা মহানগরী, সাভার, ভালুকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম। এসব এলাকার তফসিলি ব্যাংকের তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ছুটির দিন সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত শাখার অফিস সময়সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এর মধ্যে ৫ এপ্রিল (শুক্রবার) লেনদেন হবে সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং অফিস চলবে ৩টা পর্যন্ত।
মন্তব্য করুন


জাপানের
প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দৈনিক মাত্র তিন ঘণ্টা ঘুমান। তার এই দাবি দেশজুড়ে ব্যাপক
আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, বহুদিন পর
এবারই প্রথম তিনি টানা পাঁচ ঘণ্টা ঘুমাতে পেরেছেন।
গত
বুধবার (২২ জুলাই) দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সোমবার
জাপানে ‘সমুদ্র দিবস’ উপলক্ষে সরকারি ছুটি থাকলেও তিনি বিশ্রাম
নেননি। নীতিমালা সংক্রান্ত নথিপত্র পড়েছেন আর জমে থাকা হাজার হাজার ই-মেইলের জবাব দিয়েছেন।
অবসরের সামান্য সময়ে নিজের অন্তর্বাস ইস্ত্রি করেছেন, ছেঁড়া স্কার্ট সেলাই করেছেন এবং
জ্যাকেটের ঢিলা বোতাম ঠিক করেছেন বলেও জানান তিনি।
তাকাইচির
এই পোস্ট ইতোমধ্যে তিন কোটিরও বেশিবার দেখা হয়েছে। তবে নিজেকে পরিশ্রমী ও সাধারণ মানুষ
হিসেবে তুলে ধরার চেষ্টা উল্টো ফল দিয়েছে। কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য, পর্যাপ্ত
ঘুমের প্রয়োজনীয়তা এবং অতিরিক্ত কাজের ঝুঁকি নিয়ে এখন জাতীয় পর্যায়ে বিতর্ক শুরু হয়েছে।
বিরোধী দলের আইনপ্রণেতা তোরু কুনিশিগে সতর্ক করে বলেছেন, দীর্ঘদিন ঘুমের অভাবে মানুষের
বিচার-বিবেচনার ক্ষমতা নষ্ট হতে পারে। এতে জাতীয় সংকট মোকাবিলায় ঝুঁকি তৈরির আশঙ্কা
রয়েছে।
আরেক
বিরোধী নেতা হিরোইউকি কোনিশি বলেন, প্রধানমন্ত্রীর কাজ প্রতিটি নথির খুঁটিনাটি পড়া
নয়। বরং নীতির দিকনির্দেশনা ঠিক করাই তার প্রধান দায়িত্ব। জনতাবাদী রক্ষণশীল দলের নেতা
ইউইচিরো তামাকি মন্তব্য করেছেন, তাকাইচি নিঃসন্দেহে পরিশ্রমী। তবে বিশ্রাম নেওয়াও একটি
গুরুত্বপূর্ণ দায়িত্ব।
টোকিওর
ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজের অধ্যাপক ইয়োকো ইওয়ামা বলেন, আগের
অনেক প্রধানমন্ত্রী গৃহস্থালির কাজে স্ত্রীর ওপর নির্ভর করতেন। কিন্তু তাকাইচিকে নিজেই
এসব দায়িত্ব সামলাতে হচ্ছে।
নিক্কেই
পত্রিকায় প্রকাশিত এক লেখায় ইওয়ামা বলেন, প্রধানমন্ত্রীর জন্য এমন একটি সহায়ক ব্যবস্থা
থাকা উচিত, যাতে তিনি ব্যক্তিগত গৃহস্থালির কাজের চাপে না পড়ে রাষ্ট্রীয় দায়িত্বে পুরোপুরি
মনোযোগ দিতে পারেন। এতে সমাজে নারীর অগ্রগতিও ত্বরান্বিত হবে।
তাকাইচি
বর্তমানে সংসদের গ্রীষ্মকালীন বিরতির আগে নিজের আইনগত অগ্রাধিকারগুলো পাস করাতে ব্যস্ত।
একই সঙ্গে দুর্বল হয়ে পড়া ইয়েন, অর্থনৈতিক চাপ এবং সাম্প্রতিক জনপ্রিয়তা হ্রাসের মতো
চ্যালেঞ্জও মোকাবিলা করছেন তিনি।
জাপান
দীর্ঘ কর্মঘণ্টার সংস্কৃতির জন্য পরিচিত। অনেক কর্মী দিনে ১২ ঘণ্টার বেশি কাজ করেন।
অতিরিক্ত সময় অফিসে থাকা অনেক ক্ষেত্রে আনুগত্যের প্রতীক হিসেবেই দেখা হয়। সাম্প্রতিক
বছরগুলোতে অতিরিক্ত কাজের কারণে মৃত্যুর ঘটনা, যা ‘কারোশি’
নামে পরিচিত, বেশ কয়েকবার আলোচনায় এসেছে। ২০১৬ সালে বিজ্ঞাপন সংস্থা ডেনৎসুর এক তরুণ
কর্মীর মাসে ১০০ ঘণ্টার বেশি অতিরিক্ত কাজের পর আত্মহত্যা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল।
এরপর সরকার অতিরিক্ত কাজের সর্বোচ্চ সীমা মাসে ৪৫ ঘণ্টা নির্ধারণ করে। নব্বইয়ের দশক
থেকে রাজনীতিতে সক্রিয় তাকাইচি কঠোর কর্মনিষ্ঠাকেই নিজের রাজনৈতিক পরিচয়ের অন্যতম ভিত্তি
হিসেবে গড়ে তুলেছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি বলেছিলেন, আমি কাজ করব, কাজ করব,
কাজ করব, কাজ করব এবং কাজ করব।
মন্তব্য করুন


রাজধানী ঢাকাসহ দেশের অনেক এলাকায় আজ সোমবার ছিল কুয়াশায় ঢাকা। রাজধানীতে এ শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ সকালে। রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় সব জেলাসহ মোট ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ।
বেলা বাড়ার সাথে সাথে সূর্য উঁকি দিলেও কুয়াশার কাটাতে পারেনি সেভাবে। ফলে শীত জেঁকে ধরেছে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেছেন, আজ ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। এটি ঢাকায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে দুই ডিগ্রি সেলসিয়াম কমেছে।
আবহাওয়া অধিদফতর জনিয়েছে, গতকাল রবিবার দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হয়েছে। আগামী পরশু বুধবার দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে, আট দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল একযোগে তিন স্থানে। সেই স্থানগুলো হলো রাজশাহী, ঈশ্বরদী ও বদলগাছী। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
মন্তব্য করুন


সোমবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রথম পর্যায়ে ৪৭ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এদিকে বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা সময় সংবাদকে জানান, চল্লিশের বেশি পঞ্চাশের কম সংখ্যক ইউএনওকে আজ বদলি করা হতে পারে।যারা এক বছরের বেশি ইউএনও হিসেবে কর্মস্থলে ছিলেন তাদেরই বদল করা হবে বলে জানান ওই কর্মকর্তা।
এর আগে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সব ইউএনওকে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন।সে নির্দেশনার আলোকেই ৪৭ ইউএনওর বদলির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করে। এরপর নির্বাচন কমিশন বদলির অনুমোদন দেয়।
জেলা প্রশাসকদের (ডিসি) বিষয়ে কোনো নির্দেশনা পেয়েছেন কিনা- এমন প্রশ্নে তিনি বলেন,এ ব্যাপারে আমরা এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাইনি। নির্বাচন কমিশন আমাদের যা করতে বলবেন, আমরা তা-ই করব বলে জানিয়েছেন তিনি। ২০০ জনের মতো ইউএনও বদলি হতে পারেন। ৫ ডিসেম্বরের মধ্যে বদলির বিষয়ে প্রস্তাবনা তৈরি করা হবে।
গত ৩০ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠায়। এতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যে সব ইউএনওর বর্তমান কর্মস্থল এক বছরের বেশি চাকরিস্থল সম্পন্ন হয়েছে তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব আগামী মঙ্গলবারের (৫ নভেম্বরের) মধ্যে নির্বাচন কমিশনে পাঠাতে হবে।
গত ১৫ নভেম্বর নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। ১ ডিসেম্বর থেকে বাছাই শুরু হয়েছে, বাছাই চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর। এবং আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন


সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন ও নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকার কাকরাইলে অবস্থিত আর্চ বিশপের হাউজ পরিদর্শন করেন।
এ সময় তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী সকলকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানান।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব। সকল সম্প্রদায়ের ব্যক্তিবর্গ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করতে পারে, সে বিষয়ে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছে।
তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, অন্যান্য সকল সম্প্রদায়ের জনগণ খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন ও নববর্ষ উদযাপনে আন্তরিকতার সাথে সহযোগিতা করবে এবং সকলেই শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সুখী, সমৃদ্ধশালী ও উন্নত দেশ গঠনে এগিয়ে আসবে।
মন্তব্য করুন


অবৈধ
মাদকদ্রব্য ধ্বংস করার উদ্দেশ্যে নেওয়া উদ্যোগেই ঘটে গেল অনাকাঙ্ক্ষিত এক বিপত্তি।
উন্মুক্ত স্থানে বিশাল পরিমাণ গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করতে গিয়ে সেই ধোঁয়ার প্রভাবেই
পুরো এলাকার পথচারী ও অধিবাসীরা নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। বিচিত্র ও অবিশ্বাস্য মনে
হলেও এমন এক ঐতিহাসিক ঘটনা ঘটেছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়।
মূলত
২০১৫ সালের মার্চ মাসে ইন্দোনেশিয়ার পশ্চিম জাকার্তার পালমেরাহ পুলিশ স্টেশন এলাকায়
বিপুল পরিমাণ বাজেয়াপ্ত করা অবৈধ গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংসের সিদ্ধান্ত নেয় স্থানীয়
আইন প্রয়োগকারী সংস্থা। কিন্তু সতর্কতার ঘাটতি ও উন্মুক্ত স্থানে একবারে বিশাল পরিমাণ
মাদক পোড়ানোর কারণে সেখান থেকে প্রচণ্ড ঘন ধোঁয়া সৃষ্টি হয়, যা বাতাস ও বাতাসের প্রবাহের
মাধ্যমে আশপাশের বসতবাড়ি এবং প্রধান সড়কে দ্রুত ছড়িয়ে পড়ে।
“মাদকের ধোঁয়া বাতাসে মিশে ছড়িয়ে পড়তেই
স্থানীয় পথচারী, বাসিন্দা এবং সংবাদ সংগ্রহ করতে আসা বহু সাংবাদিক হঠাৎ তীব্র মাথা
ঘোরা, ঝিমুনি ও হাল্কা নেশাগ্রস্ত অনুভূতির অভিযোগ তোলেন।”
আইন প্রয়োগকারী সংস্থা যে বিষাক্ত উপাদান সমাজ থেকে নির্মূল করতে চেয়েছিল, অপরিকল্পিতভাবে
পোড়ানোর ফলে তা-ই পুরো এলাকার বাতাসে ছড়িয়ে পড়ে মানুষকে সরাসরি প্রভাবিত করে। বিশ্বের
বহু বড় বড় গণমাধ্যমে এ খবর প্রকাশিত হলে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয় এবং উন্মুক্ত স্থানে
মাদক পোড়ানোর নিরাপত্তা ও বৈজ্ঞানিক নিয়ম নিয়ে তীব্র প্রশ্ন ওঠে।
মাদক
ধ্বংসের প্রক্রিয়ায় অসাবধানতার কারণে সৃষ্ট এই বিচিত্র ঘটনাটি আজও বিশ্বজুড়ে আন্তর্জাতিক
সংবাদ মাধ্যম ও মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনায় অন্যতম এক কৌতূহলোদ্দীপক উদাহরণ হিসেবে
স্মরণ করা হয়।
মন্তব্য করুন


ইউএনডিপি
বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ
সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার
(২৫ আগস্ট) মন্ত্রীর সঙ্গে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে জাতিসংঘ
উন্নয়ন কর্মসূচি’র (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন
রড্রিক্স সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতার কথা জানান।
মঙ্গলবার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে
জানানো হয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে সাংবিধানিক সংস্কার, রোহিঙ্গা
শরণার্থীদের সহায়তা, পুলিশের সামর্থ্য বৃদ্ধি, গুজব ও অপতথ্য রোধে প্রাতিষ্ঠানিক ও
প্রযুক্তিগত সহায়তা, প্রস্তাবিত জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার
আইনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এতে
বলা হয়, বৈঠকে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, আমরা বর্তমান সরকারের লক্ষ্য, অগ্রাধিকার
ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করতে চাই। তিনি মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন,
‘আপনি সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি মনোনীত হয়েছেন জেনে আমরা আনন্দিত।
আপনি চাইলে আমরা এ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে আগ্রহী।’
স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ইউএনডিপির ধারাবাহিক সহায়তার ভূয়সী
প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই সহযোগিতা আরও বৃদ্ধি করার আহ্বান জানান। বাস্তুচ্যুত
মিয়ানমার নাগরিকদের (রোহিঙ্গা) জন্য ইউএনডিপি'র সহায়তার কথা উল্লেখ করে আবাসিক প্রতিনিধি
জানান, ক্যাম্প এলাকায় পরিবেশ সুরক্ষা (যেমন- পাহাড় ধস প্রতিরোধ) এবং সামাজিক উন্নয়নমূলক
বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পের অভ্যন্তরীণ জীবনযাত্রার মান উন্নয়নে ইউএনডিপি
কাজ করে যাচ্ছে। এ সময় মন্ত্রী বলেন, ‘আমরা রোহিঙ্গা ক্যাম্পের বর্তমান অবকাঠামোর যথোপযুক্ত
উন্নয়ন ও আধুনিকায়ন চাই, তবে বৃহত্তর স্বার্থে সেখানে নতুন করে কোনো অবকাঠামো নির্মাণ
করতে চাই না।’
আবাসিক
প্রতিনিধি জানান, ইউএনডিপি বাংলাদেশ পুলিশের পেশাগত দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে নাগরিক
অধিকার সংরক্ষণ, সংঘাত ও বিরোধ নিষ্পত্তি-সহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছে। মন্ত্রীও
এ সময় পুলিশের দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে ইউএনডিপি'র সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
তথ্যপ্রযুক্তির
অপব্যবহার প্রতিরোধ প্রসঙ্গে আবাসিক প্রতিনিধি বলেন, ‘বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে
বিভিন্ন গুজব, অপতথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে পড়ছে। এগুলো কার্যকরভাবে রোধে আমরা
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে
কাজ করছি। এ ক্ষেত্রে আমরা প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে চাই, যাতে কোনো
লঙ্ঘন ঘটলে দ্রুত প্রতিকার নিশ্চিত করা যায়।’
মন্ত্রী
এ বিষয়ে বলেন, ‘সাইবার সুরক্ষা আইন ইতোমধ্যে পাশ হয়েছে। আপনারা এ আইনের সফল বাস্তবায়নে
লজিস্টিক সহায়তা প্রদান করতে পারেন।
বিজ্ঞপ্তিতে
আরও বলা হয়, প্রস্তাবিত মানবাধিকার কমিশন আইন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী
জানান, 'জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬'-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে
এবং জাতীয় সংসদের আগামী অধিবেশনে এটি পাশ হবে বলে আশা করা যাচ্ছে।
তিনি
বলেন, আইনটি প্রণয়নে ইউএনডিপি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিদেশি মিশন, উন্নয়ন অংশীদার,
পত্রিকার সম্পাদক ও আইনজীবী-সহ বিভিন্ন অংশীজনের মতামত নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের
সামাজিক মনস্তত্ত্ব ও ধর্মীয় অনুভূতিকে বিবেচনায় রাখা হয়েছে। আশা করা যায়, এটি একটি
যুগোপযোগী ও গ্রহণযোগ্য আইন হিসেবে স্বীকৃতি পাবে।
বৈঠকে
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে কোনো গুম বা বিচারবহির্ভূত
হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।
এ
সময় নিজের গুম হওয়ার অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, 'গুম প্রতিরোধ ও প্রতিকার আইন
২০২৬'-এর খসড়াও মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন লাভ করেছে।
আন্তর্জাতিক
গণমাধ্যমে বাংলাদেশের সঠিক ভাবমূর্তি তুলে ধরার বিষয়ে গুরুত্ব আরোপ করে আবাসিক প্রতিনিধি
বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম সবসময় বাংলাদেশের প্রকৃত চিত্র তুলে ধরে না। তিনি বলেন,
বাংলাদেশ একটি উদার ও ধর্মীয় সহনশীল দেশ এবং ইউএনডিপি এ ইতিবাচক ভাবমূর্তি বাস্তবায়নেও
কাজ করতে আগ্রহী।
সাক্ষাৎকালে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন
আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান এবং ইউএনডিপি বাংলাদেশের প্রোগ্রাম
ম্যানেজমেন্ট অ্যান্ড পার্টনারশিপ সাপোর্ট স্পেশালিস্ট সাইফ ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


জুলাই
গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করাসহ দুজনকে
হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে
মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে গ্রেফতার রামপুরা পুলিশ
ফাঁড়ির তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড
দেওয়া হয়েছে।
রোববার
(২৮ জুন) দুপুর ১২টা ২৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি
মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা
করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো.
মোহিতুল হক এনাম চৌধুরী।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা
হলেন—ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক
এডিসি মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান।
যাবজ্জীবনপ্রাপ্তরা
হলেন—রামপুরা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়া।
এদিন
বেলা ১১টা ৪৮ মিনিট থেকে রায় পড়া শুরু হয়। প্রথমেই রায়ের কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে
(বিটিভি) সরাসরি সম্প্রচারের জন্য অনুমতি চান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এরপর অনুমতি
সাপেক্ষে এ কার্যক্রম বিটিভিতে সরাসরি দেখানো হয়।
শুরুতেই
এ মামলার আসামিদের দায় পড়ে শোনান ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা।
এরপর চার্জ পড়েন বিচারক মোহিতুল হক এনাম। আর রায় ঘোষণা করেন বিচারপতি শফিউল আলম মাহমুদ।
এদিকে,
বেলা ১১টা ৩৫ মিনিটে একমাত্র গ্রেফতার আসামি রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল
চন্দ্র সরকারকে এজলাসে তোলা হয়। মামলার অপর চার আসামি পলাতক রয়েছেন।
প্রসিকিউশনের
তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে চালানো পুলিশের গুলি থেকে
প্রাণ বাঁচাতে রামপুরার বনশ্রী-মেরাদিয়া সড়কের পাশে থাকা একটি নির্মাণাধীন ভবনে ওঠেন
আমির হোসেন। ওই সময় পুলিশও তার পিছু পিছু যায়। একপর্যায়ে ছাদের কার্নিশের রড ধরে ঝুলে
থাকলেও তার ওপর ছয় রাউন্ড গুলি ছোড়েন এক পুলিশ সদস্য। এতে জীবন বাঁচলেও গুরুতর আহত
হন তিনি। একই দিন বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নিহত হন।
মন্তব্য করুন