

নারীদের কাছে সবচেয়ে বেশি ব্যবহৃত ও জনপ্রিয় প্রসাধনী হচ্ছে লিপস্টিক। ঠোঁট রাঙাতে এই প্রসাধনীর জুড়ি মেলা ভার। অনেকের কাছে এটি শুধু ঠোঁট রাঙানোর উপকরণ নয়, বরং ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও ফ্যাশনেরও প্রতীক। এমন অসংখ্য মানুষ আছেন, যারা লিপস্টিক ছাড়া ঘর থেকেই বের হতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তবে এই লিপস্টিকের জন্যই যে একটি বিশেষ দিন রয়েছে, তা অনেক লিপস্টিকপ্রেমীই জানেন না। এই জনপ্রিয় প্রসাধনীকে ঘিরেই প্রতি বছর ২৯ জুলাই পালিত হয় লিপস্টিক দিবস। আজ বুধবার (২৯ জুলাই) বিশ্বজুড়ে লিপস্টিকপ্রেমীরা দিনটি উদযাপন করছেন।
লিপস্টিকের
ইতিহাসও বেশ সমৃদ্ধ। ইতিহাসবিদদের মতে, প্রায় পাঁচ হাজার বছর আগে প্রাচীন মেসোপটেমিয়ায়
নারীরা গুঁড়ো করা মূল্যবান পাথর দিয়ে ঠোঁট রাঙাতেন। প্রাচীন মিসরে লাল ঠোঁট ছিল সৌন্দর্য
ও সামাজিক মর্যাদার প্রতীক। সে সময় নারী-পুরুষ উভয়েই ঠোঁটে রং ব্যবহার করতেন। ইতিহাসে
উল্লেখ রয়েছে, মিশরের বিখ্যাত রানি ক্লিওপেট্রাও প্রাকৃতিক উপাদানে তৈরি লাল রঙের ঠোঁটের
প্রসাধনী ব্যবহার করতেন।
প্রাচীন
গ্রিস ও রোমেও ঠোঁট রাঙানোর প্রচলন ছিল। সময়ের পরিবর্তনে বিভিন্ন সমাজে এর জনপ্রিয়তায়
ওঠানামা হলেও শেষ পর্যন্ত এটি বিশ্বজুড়ে সৌন্দর্যচর্চার অন্যতম অপরিহার্য অনুষঙ্গ হিসেবে
প্রতিষ্ঠা পায়।
আধুনিক
লিপস্টিকের বাণিজ্যিক যাত্রা শুরু হয় ১৮৮৪ সালে। তখন এটি কাগজে মোড়ানো অবস্থায় বিক্রি
হতো। পরে ধাতব আবরণে লিপস্টিক তৈরি হলে ব্যবহার আরও সহজ হয়ে যায়।
বিশ
শতকে চলচ্চিত্র, ফ্যাশন ইন্ডাস্ট্রি এবং বিজ্ঞাপনের প্রসারের সঙ্গে লিপস্টিকের জনপ্রিয়তা
নতুন উচ্চতায় পৌঁছে যায়। হলিউড তারকা থেকে শুরু করে আন্তর্জাতিক ফ্যাশন আইকনদের হাত
ধরে এটি হয়ে ওঠে সৌন্দর্য ও স্টাইলের অন্যতম প্রতীক।
বর্তমানে
ম্যাট, গ্লসি, সাটিন, লিকুইড কিংবা টিন্ট—বিভিন্ন ধরনের লিপস্টিক বাজারে পাওয়া
যায়। রঙের বৈচিত্র্যও এখন অসীম। তাই সৌন্দর্যচর্চার পাশাপাশি ব্যক্তিত্ব প্রকাশের মাধ্যম
হিসেবেও লিপস্টিকের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে।
শুধু
একটি প্রসাধনী নয়, হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি ও ফ্যাশনের বিবর্তনের সাক্ষী এই লিপস্টিক।
আর সেই দীর্ঘ পথচলাকেই স্মরণ করে প্রতিবছর ২৯ জুলাই বিশ্বজুড়ে পালিত হয় জাতীয় লিপস্টিক
দিবস।
মন্তব্য করুন


ঢাকা–টাঙ্গাইল–যমুনা
সেতু মহাসড়কে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে
অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা
আশঙ্কাজনক।
শনিবার
সকাল ১০টার দিকে মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ।
প্রত্যক্ষদর্শীরা
জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উত্তরাঞ্চলের দিকে
যাচ্ছিল।
বাসটি
এলেঙ্গা অতিক্রম করে যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এ সময় বাসের ছাদ, দরজা ও জানালার অংশ আলাদা হয়ে যায়। এ
সময় অন্তত ১৫ জন আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহতদের
মধ্যে ১২ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন—গাইবান্ধার গোবিন্দগঞ্জের বগলাবাড়ী
গ্রামের মোতালেব হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৪৩) ও তার ছেলে রেজা (১০), কিশোরগঞ্জ
সদর উপজেলার মাগরা গ্রামের ধকমলের ছেলে সিরাজুল ইসলাম (৩৮), রংপুরের ছাড়াইগাছ গ্রামের
নুর জামাল ইসলামের ছেলে আরিফ (২২), লালমনিরহাটের নবী হোসেনের ছেলে মামুন (২৫), গাজীপুর
কোনাবাড়ীর আ. বারেকের ছেলে তারাজুল (৩৮), একই জেলার আমপুর এলাকার তানজে আলীর ছেলে নয়ন
(৪০), শুদ্ধিগঞ্জ গ্রামের চানতারার ছেলে মেহেদী হাসান (২৬), বাখিয়া এলাকার নওশের আলীর
ছেলে শাহাদাত (৩৮), কাশিমপুর এলাকার আহমদ দেওয়ানের ছেলে কামরুল (৩২), টাঙ্গাইলের কালিহাতী
উপজেলার রতনগঞ্জের রুবেল মিয়ার ছেলে রিয়াদ (২) এবং বাসাইল উপজেলার তিরঞ্জনের জালাল
উদ্দিনের ছেলে মো. মোসলেম (৫৫)।
এলেঙ্গা
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, দুর্ঘটনার পর এলেঙ্গা ফায়ার সার্ভিসের
সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। আহতদের
মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
মন্তব্য করুন


যুবদল
নেতা রবিউল ইসলাম নয়ন বলেছেন, বিদ্যুৎ না থাকার কারণে আগে আমরা ফোনে চার্জ দিতে পারতাম
না। তবে এখন আমার দুইটা ফোনেই চার্জ আছে। আপনি ধরে নিতে পারেন যে বিদ্যুতের ঘাটতি কম
আছে।
বৃহস্পতিবার
(২৭ আগস্ট) মাগুরা জেলায় নিজ গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে এসব কথা বলেন তিনি।
রবিউল
ইসলাম নয়ন বলেন, আমি গ্রামে আসার পরে বেশি বিদ্যুতের সমস্যা পাইনি। যতটুকু পেয়েছি সেটা
সব ইউনিয়নেই সারাজীবন জন্মের পর থেকে দেখছি- এক ঘণ্টা করে লোডশেডিং। সেই এক ঘণ্টা ধরে
লোডশেডিং পেয়েছি।
এছাড়া
বিদ্যুতের যে আহামরি সমস্যা ওই সমস্যাটা পাই নাই বলেও দাবি করেন এই যুবদল নেতা।
মন্তব্য করুন


দেশের
দক্ষিণাঞ্চলের ৫ জেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ১০ জন নিহত ও কমপক্ষে ৩৩ জন আহত হয়েছেন
এবং ২ জন নিখোঁজ রয়েছেন। ঝড়ে বিধ্বস্ত হয়েছে কয়েক শতাধিক ঘরবাড়ি।
রোববার
(৭ এপ্রিল) দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত হওয়া ঘূর্ণিঝড়ে এ
তাণ্ডবলীলা ঘটে। ভোলার মনপুরা ও লালমোহন, পিরোজপুর, বাউফল, বাগেরহাট ও ঝালকাঠিতে এ
ঘূর্ণিঝড় বয়ে যায়।
পিরোজপুর:
পিরোজপুরে
সকাল পৌনে ১০টার দিকে ঝড় শুরু হয়। এ ঝড়ে গাছচাপায় এক নারী ও ঝড়ে উড়ে গিয়ে এক বৃদ্ধের
মৃত্যু হয়েছে। এতে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন।
জেলার
ওপর দিয়ে ১৫ মিনিট ঝড়ো গতিতে বাতাস বয়ে যায়। পুরো জেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে
গেছে। শত শত গাছ উপরে পড়ে কয়েকশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং পৌরসভার প্রায় সব সড়কের
যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
পিরোজপুর
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, হঠাৎ ঘূর্ণিঝড়ে গাছপালা উপড়ে পড়ে পিরোজপুরের
সদর উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা
হাসপাতালের চিকিৎসক ডাক্তার রমজান আলী জানান, এ ঝড়ে ২ জন নিহত হয়েছেন। আহত ১২ থেকে
১৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভোলা:
ভোলার
মনপুরা ও লালমোহনে দুপুরের দিকে আকস্মিক ঝড় শুরু হয়। এতে দুই শতাধিক ঘরবাড়ি ও গাছপালা
ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় নিজ ঘরে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতেও একজন
মারা গেছেন।
মনপুরার
দুপুর ১২টা দিকে হওয় ঝড়ের তাণ্ডবে দাসের এলাকায় ছয় জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে
গেছে। যাত্রীদের সবাইকে জীবিত উদ্ধার করা গেলেও ট্রলারটির খোঁজ পাওয়া যায়নি।
ভোলার
জেলা প্রশাসক আরিফুজ্জামান জানিয়েছেন, নিহতের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা করে ৫০ হাজার
টাকা দেওয়া হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত তিন উপজেলায় ১৬ টন চাল তাৎক্ষণিক বরাদ্দ দেওয়া হয়েছে।
বাউফল:
বাউফলে
সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া ৩৫ মিনিট স্থায়ী ঝড়ে ২জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এদিকে
বাউফলে ব্যাপক শিলাবৃষ্টি ও বজ্রপাতসহ ঝড় হয়েছে। এতে তেতুলিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে
দুই জেলে নিখোঁজ রয়েছেন।
বাউফল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোণিত কুমার গাইন হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে
বলেন, নিখোঁজদের উদ্ধার ও অনুসন্ধানে কাজ চলছে।
বাগেরহাট:
বাগেরহাটে
ঝড়ের তাণ্ডবে গাছ ও বিলবোর্ড পড়ে ১ জন নিহত ও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সকাল
৯টা ৪০ থেকে ১০ টা ১৫ মিনিট পর্যন্ত চলা ঝড়ে অন্তত দেড় শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত
হয়েছে।
এদিকে
বাগেরহাটের জেলা প্রশাসক মো. খালিদ হোসেন জানিয়েছেন, কচুয়া উপজেলায় বজ্রপাতে এক ব্যক্তি
নিহত হয়েছেন। আকস্মিক ঝড়ে বেশকিছু ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা উপড়ে পড়েছে।
ক্ষতিপূরণ নিরূপণের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
ঝালকাঠি:
ঝালকাঠির
২ উপজেলায় ঝড়ের সময় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে ২ নারী ও এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ বেলা ১১টার দিকে সদর উপজেলার শেখেরহাট, পোনাবালিয়া
ইউনিয়ন এবং কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মন্তব্য করুন


দেশের
বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের চারটির মধ্যে তিনটিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি
শনাক্ত হয়েছে। বাজার থেকে সংগ্রহ করা ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনার মধ্যে
২৬টিতে, অর্থাৎ ৭৬.৫% নমুনায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। পরিবেশ ও সামাজিক উন্নয়ন
সংস্থার (ইএসডিও) গবেষণায় এ ফলাফল পাওয়া যায়।
রবিবার
(২৬ জুলাই) রাজধানীতে ইএসডিও কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে 'মাইক্রোপ্লাস্টিক
ইন টুথপেস্ট' শীর্ষক গবেষণার ফল প্রকাশ করে সংস্থাটি।
ইএসডিও
জানায়, বাংলাদেশে উৎপাদিত ২৫টি নমুনার ২২টিতে, ভিয়েতনামের দুই নমুনার দুটিতেই, থাইল্যান্ডের
দুটির একটিতে ও ভারতের পাঁচটির একটিতে এই ক্ষুদ্র প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে।
২০২৫
সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পরিচালিত এ গবেষণার অংশ হিসেবে দেশের বিভিন্ন
সুপারশপ, খুচরা দোকান ও পাইকারি বাজার থেকে স্থানীয় ও আমদানি করা ১৯ ব্র্যান্ডের ৩৪টি
টুথপেস্টের নমুনা সংগ্রহ করা হয়। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশবিজ্ঞান
বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি (ইএইচই) ল্যাবরেটরিতে নমুনাগুলোর
পরীক্ষাগার বিশ্লেষণ করা হয়। একইসঙ্গে দেশব্যাপী ২,৭৬০ জনের ওপর একটি ভোক্তা জরিপ
পরিচালনা করা হয়।
মন্তব্য করুন


নিজের হাতে থাকা ২৫ মন্ত্রণালয় ও বিভাগের
জ্যেষ্ঠ সচিব ও সচিবদের সঙ্গে বৈঠক করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা
ড. মুহাম্মদ মুহাম্মদ ইউনূস।
সোমবার (১২) সচিবালয়ে বৈঠক শেষে ব্রিফ
করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী।
জনপ্রশাসন সচিব জানান, সব মন্ত্রণালয়ের
কাজ দ্রুত চালু করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ জন্য সাত দিন সময় দিয়ে এখন
থেকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার নির্দেশনা দিয়েছেন। গত কয়েক বছর যারা পদোন্নতি থেকে
বঞ্চিত হয়েছেন, তাদের দাবিগুলো শুনে শিগগিরই সিদ্ধান্ত হবে। মন্ত্রণালয় এবং দপ্তরগুলোকে
দ্রুত ফাংশনাল করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।
জনপ্রশাসন সচিব বলেন, যেসব মন্ত্রণালয়ে
আগে মন্ত্রী ছিলেন সেসব মন্ত্রণালয়ের কাজ যাতে স্থবির হয়ে না যায়, সচিবরা সেসব কাজ
নিজ উদ্যোগে যাতে শুরু করেন তা নিয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, সার, বিদ্যুৎ, কৃষি, জ্বালানি,
বন্দর, খাদ্যসহ জরুরি বিষয়ে অগ্রাধিকার দিয়ে সাত দিনের মধ্যে তালিকা করে কাজ শুরু করতে
হবে এবং তালিকাগুলো প্রধান উপদেষ্টাকে দিতে হবে।
মন্তব্য করুন


প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মাইক্রোক্রেডিটই
ব্যাংকিংয়ের ভবিষ্যৎ।
তিনি মাইক্রোক্রেডিট’র জন্য আলাদা আইন করার
আহ্বান জানিয়ে বলেছেন, এনজিও ভাবনা থেকে বেরিয়ে এসে মাইক্রোক্রেডিটকে ব্যাংকিংয়ের ধারণা
গ্রহণ করতে হবে। আর এ ধারণা গ্রহণ করেই ঋণগ্রহিতাকে সেবা দিতে হবে।
তিনি আরো বলেন, ‘মাইক্রোক্রেডিট এখনো এনজিও। এই এনজিও থেকে উত্তরণ
ঘটাতে হবে। এনজিও পর্যায়ে থেকে গেলে ব্যাংকিং মেজাজ আসবে না। মেজাজে আসতে হলে এটাকে
ব্যাংক হতে হবে। মাইক্রোক্রেডিট’র জন্য আলাদা আইন করতে
হবে।’
আজ শনিবার (১৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি
অথরিটির (এমআরএ) নতুন ভবন উদ্বোধনকালে এ কথা বলেন।
গ্রামীণ ব্যাংকের শুরুর সময়কার স্মৃতিচারণ করে প্রফেসর ইউনূস
বলেন, আমরা যখন গ্রামীণ ব্যাংক করলাম তখন আপত্তি উঠলো এটাকে ব্যাংক বলা যাবে কি না।
আমরা বললাম, আমাদেরটাই প্রকৃত ব্যাংক, তোমাদেরটা লোক দেখানো। ব্যাংক যে শব্দ থেকে উৎপন্ন
হয়েছে সেটা হলো ট্রাস্ট, তোমরা যেটা করছো সেটা ডিসট্রাস্ট। আমাদের ব্যাংকিং মানুষের
বিশ্বাসের ভিত্তিতে হয়েছে। জামানতবিহীন ব্যাংক, বিশ্বাসের ভিত্তিতে আমরা টাকা দেই।
আজ এমন সময় আমরা আলাপ করছি যখন জামানতওয়ালা ব্যাংক, যারা নিজেদের প্রকৃত ব্যাংক বলে
দাবি করত তাদের অনেকে আজ হাওয়া। টাকা নিয়ে লোপাট। ব্যাংক শেষ। আর মাইক্রোক্রেডিটের
পরিসংখ্যান দেখেন। কেউ পয়সা নিয়ে পালায় নাই। এই হলো পরিহাস।’
মাইক্রোক্রেডিটই ব্যাংকিংয়ের ভবিষ্যৎ উল্লেখ করে প্রধান উপদেষ্টা
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘এটাই প্রকৃত ব্যাংকিং, আগামী দিনের ব্যাংকিং যেটাতে মানুষ
নিজের পরিচয়ে কাজ করবে, নিজের বিশ্বাসের ওপরে ব্যাংকিং চলবে, টাকার উপরে না।’
মাইক্রোক্রেডিটের জন্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রয়োজনীয়তার বিষয়ে
প্রধান উপদেষ্টা নিজের অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, ‘গ্রামীণ ব্যাংকের সাফল্যের
পর প্রত্যেক এনজিও চেষ্টা করলো একইরকম কিছু করতে। ক্রমে ক্রমে প্রসার হতে আরম্ভ করল।
নানারকমের নতুন নতুন জিনিস, নানা আইডিয়া নিজেদের সুবিধার জন্য ঢোকাতে আরম্ভ করল। এটা
ভবিষ্যতের জন্য খারাপ হবে মনে করে একটি রেগুলেটরি অথরিটির প্রয়োজন হলো। বাংলাদেশ ব্যাংকের
সঙ্গে যোগাযোগ করলাম, তারা বলল ‘আমাদের কাজ না’। অর্থ মন্ত্রণালয় শুরুতে
গুরত্ব দিল না, পরে বলল ‘আচ্ছা কী করতে হবে জানাও’। তখন আমরা বললাম, ‘রেগুলেটরি অথরিটি
হওয়া দরকার, কারণ যে হারে বাড়ছে বড় রকমের সমস্যা হতে পারে।
‘তৎকালীন গভর্নর ফখরুদ্দীন সাহেব আমাদের সমর্থন করলেন। কিন্তু
বাংলাদেশ ব্যাংকের অধীনে এটা হতে পারবে না। তারা ব্যাখ্যা চাইল। আমি বললাম, এটা বহু
দেশে বলেছি, এখনো বলি, গ্রামীণ ব্যাংকও ব্যাংক, অন্যান্য ব্যাংকও ব্যাংক। কিন্তু তফাত
অনেক। উদাহরণ দেই, আমেরিকান ফুটবলও ফুটবল। ইউরোপিয়ান ফুটবলও ফুটবল। কিন্তু খেলা ভিন্ন।
আপনি যদি ইউরোপিয়ান ফুটবলের রেফারিকে দিয়ে আমেরিকান ফুটবল খেলা চালাতে চান ইট উইল বি
অ্য ডিজাস্টার। কেন্দ্রীয় ব্যাংককে দিয়ে ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ করবেন, সে তো ক্ষুদ্রঋণ
জানেই না। সে তো ইউরোপীয় ফুটবলের রেফারি,’ প্রধান উপদেষ্টা বলেন।
তিনি আরোও বলেন, ‘অবশেষে ফখরুদ্দীন সাহেব রাজি হলেন। গভর্নরকে
দিয়ে এটা পরিচালনা করানোর ব্যাপারেও তাঁকে রাজি করাতে হলো। বাংলাদেশ ব্যাংকের ভেতরে
এর অফিস করার আলোচনা ছিল। আমরা বললাম, আলাদা জায়গায় অফিস হতে হবে... আজকে নতুন ভবন
হলো। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা এটিকে বোঝার চেষ্টা করেছেন, নিয়মকানুন করেছেন। তারা
যদি অন্যান্য ব্যাংকের রেগুলেটরি নিয়মের ওপর এটা স্থাপন করত তাহলে মাইক্রোক্রেডিট সেদিনই
শেষ হয়ে যেত, আর খুঁজে পাওয়া যেত না। আমি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অভিনন্দন
জানাচ্ছি।’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ
কে হবে এ নিয়ে শুধু বাংলাদেশ না, যে দেশেই মাইক্রোক্রেডিট হয়েছে সে দেশই সমস্যায় পড়েছে।
তিনি বলেন, ‘আমি তাদেরকে বারে বারে বলে এসেছি তোমাদের এত কিছু
চিন্তা করতে হবে না। কারণ বাংলাদেশ এর সমাধান দিয়ে দিয়েছে। মাইক্রোক্রেডিট রেগুলেটরি
অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের জন্যে
সহায়ক হয়েছে।’
অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘রেগুলেটরের ওপর কড়া
না হয়ে ইউজার ফ্রেন্ডলি রেগুলেশন যেন হয় সেভাবে আইন করা, যেন কোনোকিছু চাপিয়ে না দেয়া
হয়। এমআরএ’কে এখন রেগুলশনের পাশাপাশি প্রমোশনাল অ্যাক্টিভিটিও দেখতে হবে।
সেভিংসের রিটার্ন, সার্ভিস চার্জ যেন সহজ হয় সেদিকে নজর দিন। উপকারভোগীদের জন্য যেন
সহজ হয়।’
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তাঁর বক্তব্যে বলেন,
‘মাইক্রোক্রেডিট আজ অনেক দূর এগিয়েছে। বর্তমানে ব্যাংকিং খাতের ১০ শতাংশ সমপরিমাণ সম্পদ
আছে মাইক্রোক্রেডিট সেক্টরে। সবচেয়ে বড় কথা, ব্যাংকিং খাতে যে জায়গাগুলোতে দুর্বলতা
আছে, মাইক্রোক্রেডিট সে জায়গায় শক্তিশালী অবস্থানে রয়েছে। সদস্যদের সঞ্চয় বেড়ে ৬৮ হাজার
কোটি টাকার ওপর, পুঞ্জীভূত উদ্বৃত্ত বেড়ে ৬১ হাজার কোটি টাকার উপরে হয়েছে। এটা বড় অর্জন।
তারা নিজেদের সঞ্চয় ও উদ্বৃত্ত দিয়ে নিজেদের গড়ে তুলছে। বিদেশি সহায়তা, অনুদান নাই
বললেই চলে। দাতা তহবিল তিন হাজার কোটি টাকার মতো। এটা খুবই নগণ্য।’
‘বাংলাদেশে গ্রামীণ অর্থনীতি বাড়ছে। এজেন্ট ব্যাংকিং ছড়িয়ে পড়ছে।
মাইক্রোক্রেডিটের শাখা আছে ২৬ হাজারের মতো। এজেন্ট ব্যাংকিংয়ের শাখা ২০ হাজার ছাড়িয়েছে।
এখানে একটা সুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। গ্রামীণ অর্থনীতিতে ফরমাল সেক্টরের পদচারণা
বাড়ছে, বাড়বে। মাইক্রোফাইন্যান্স ইন্সটিটিউটটে এ চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থাকতে
হবে। মাইক্রোক্রেডিট আরও ফাংশনাল করতে রেগুলেটরি অথরিটি ও বাংলাদেশ ব্যাংক একসঙ্গে
কাজ করবে,’ বলেন তিনি।
মাইক্রোক্রেডিট রেগুলেটরি নিয়ে নতুন আইনের খসড়া করা হয়েছে। সরকারের
কাছে শিগগিরই নিয়ে আসা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার
বিশেষ সহকারী ড. এম আনিসুজ্জামান চৌধুরী।
মন্তব্য করুন


চাঁদপুরের
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় হাজেরা বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু
হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনেরা।
শনিবার
(১২ সেপ্টেম্বর) অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে গণমাধ্যমকে জানান শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল।
এর
আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিনগত
রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের মহিলা ওয়ার্ডে হাজেরা বেগমের মৃত্যু হয়।
স্বজনদের
দাবি, মৃত্যুর প্রায় এক ঘণ্টা আগে
হাজেরা বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে তারা বারবার কর্তব্যরত চিকিৎসককে রোগীকে দেখতে আসার অনুরোধ করেন। তবে চিকিৎসক রোগীর কাছে না গিয়ে নিজের
কক্ষে স্মার্টফোন ব্যবহার করছিলেন।
জানা
গেছে, হাজেরা বেগম লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা বাজার ইউনিয়নের জামালপুর গ্রামের শেখের বাড়ির আক্তার হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত
সাড়ে ৮টার দিকে তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হাজেরা বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে তারা কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়াঙ্কাকে রোগীকে দেখতে আসার অনুরোধ করেন। এ সময় চিকিৎসক
রোগীর কাছে না গিয়ে নিজের
কক্ষে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। পরে স্বজনদের অনুরোধের পর চিকিৎসক রোগীকে
বেড থেকে কাঁধে করে তার কক্ষে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। এ সময় রোগীর
স্বামী আক্তার হোসেন একার পক্ষে স্ত্রীকে কাঁধে করে চিকিৎসকের কক্ষে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানান।
পরে চিকিৎসক রোগীকে অক্সিজেন দেওয়ার পরামর্শ দেন। এর কিছুক্ষণ পর
রাত সাড়ে ১১টার দিকে হাজেরা বেগমের মৃত্যু হয়।
হাজেরা
বেগমের স্বামী আক্তার হোসেন বলেন, আমার স্ত্রী দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। ডাক্তারকে বারবার অনুরোধ করার পরও তিনি রোগীকে দেখতে আসেননি। তিনি সময়মতো চিকিৎসা দিলে হয়ত এ ঘটনা ঘটতো
না।
এদিকে
অভিযুক্ত চিকিৎসক ডা. প্রিয়াঙ্কার বক্তব্য জানতে গেলে সাংবাদিকদের বক্তব্য নিতে বাধা দেন হাসপাতালের কার্ডিওলজি কনসালট্যান্ট ডা. জয়ন্ত মালাকার। তিনি নিজেকে ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা এবং স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে রয়েছেন দাবি করে জানান, চিকিৎসকের কর্তব্যে অবহেলা সংক্রান্ত রোগীর স্বজনদের অভিযোগের বিষয়ে অভিযুক্ত চিকিৎসকের সব বিষয়ের দায়
তিনি নেবেন। চিকিৎসকের পক্ষ থেকে সব ধরনের বক্তব্যও
তিনিই দেবেন।
কথোপকথনের
একপর্যায়ে ডা. জয়ন্ত মালাকার বলেন, ওই রোগীর আইসিইউ
সাপোর্ট প্রয়োজন ছিল। লিভারের জটিল চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া সম্ভব নয়।
এ
বিষয়ে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল মুঠোফোনে বলেন, কর্তব্যে অবহেলার বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কোনো
অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


শক্তি-সামর্থ্যে
ধারে কাছে ছিল না কেপ ভার্দে। র্যাংকিংয়ের ৬৭ নম্বর দলের বিপক্ষে খেলা চূড়ায় থাকা
আর্জেন্টিনার।
আবার
আলবিসেলেস্তাদের নামের পাশে তিন বিশ্বকাপের বিপরীতে প্রথমবার ফুটবলের সর্বোচ্চ আসরে
অভিষেক কেপ ভার্দের।
অতীত
ইতিহাস আর পরিসংখ্যানের হিসেবে লড়াইটা তাই একপেশেই হওয়ার কথা ছিল। কিন্তু মায়ামিতে
আজ যা হলো তাতে হাফ ছেড়ে বেঁচেছে আর্জেন্টিনা। স্কোরলাইন ৩-২ হলেও আলবিসেলেস্তাদের
কঠিন পরীক্ষা নিয়েছে প্রতিপক্ষরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের একদম চমকে দিয়েছে তারা।
জয়
কতটা কঠিন ছিল তার প্রমাণ পাওয়া যায় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কণ্ঠে। তার
মতে, ম্যাচটা অবিশ্বাস্য রকমের কঠিন ছিল। বিশ্বকাপে কোনো ম্যাচ যে সহজ নয় তা ম্যাচ
শেষে স্বীকার করেছেন তিনি।
অতিরিক্ত
সময়ে জয় পাওয়ার পর স্কালোনি বলেছেন, ‘ম্যাচটি অবিশ্বাস্য রকমের কঠিন ছিল। লোকে যখন
বলে বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, কথাটা আসলেই শতভাগ সত্যি। আজ তা আবারও প্রমাণিত
হলো।ম্যাচে দুইবার পিছিয়ে পড়েছিল কেপ ভার্দে। তবে প্রতিবারই সমতায় ফিরে আর্জেন্টিনার
নাভিশ্বাস তুলেছিল তারা।
দুর্দান্ত
পারফম্যান্সের জন্য তাই প্রশংসা পাচ্ছে স্কালোনির কাছে থেকেও। আর্জেন্টিনার কোচ বলেছেন,
‘প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে চাই। আজ তারা মাঠে দেখিয়েছে কতটা দুর্দান্ত দল।’
শিষ্যদের
হাল না ছাড়ার মানসিকতার প্রশংসাও করেছেন স্কালোনি। তিনি বলেছেন, ‘সবকিছুর মাঝেও আপনাকে
সবসময় ইতিবাচক দিক খুঁজে নিতে হবে। আমাদের সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো—দলটি
কখনো হাল ছেড়ে দিতে জানে না।’
মন্তব্য করুন


বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন
মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো: মাহবুবুল আলম।
রোববার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের
চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন
২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মাহবুবুল আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক
পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ টেলিভিশনের
(বিটিভি) মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত
চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে
প্রজ্ঞাপনে।
অন্যদিকে, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী
পরিচালক পদে মো. লতিফুল ইসলামকে নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, কবি নজরুল ইনস্টিটিউট আইন
অনুযায়ী তাকে পরবর্তী ২ বছর মেয়াদে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে নিয়োগ
করা হলো।
মন্তব্য করুন


চুয়াডাঙ্গার
আলমডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে দুই ব্যক্তির কাছ থেকে দুটি মোটরসাইকেল, নগদ টাকা ও মিলাদের খিচুড়ি
ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এসময় ভুক্তভোগী ও তার দুই
সন্তানসহ কয়েকজনকে মেহগনি বাগানে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে দুর্বৃত্তরা।
সোমবার
(৩১ আগস্ট) রাত ৮টা থেকে ১০টার মধ্যে উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের ঘোড়ামারা মাঠে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা
হলেন ফরিদপুর গ্রামের হারাম মণ্ডলের ছেলে বিপ্লব হোসেন এবং জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের মাঠপাড়ার বদরুদ্দিনের ছেলে শুকুর আলী।
ভুক্তভোগীদের
ভাষ্য, পৃথক মোটরসাইকেলে করে তারা গড়চাপড়া গ্রামের দিকে যাচ্ছিলেন। ঘোড়ামারা মাঠে পৌঁছালে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করেন। পরে তাদের অস্ত্রের মুখে মাঠের একটি মেহগনি বাগানে নিয়ে গিয়ে হাত-মুখ বেঁধে গাছের সঙ্গে আটকে রাখা হয়।
বিপ্লব
হোসেন জানান, জমি বন্ধক রাখার বিষয়ে কথা বলতে তিনি গড়চাপড়ায় যাচ্ছিলেন। মাঠের একটি ছোট পুলের কাছে পৌঁছালে মুখোশধারী কয়েকজন তার মোটরসাইকেলের গতিরোধ করেন। পরে অস্ত্রের মুখে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে তার কাছ থেকে দুই হাজার টাকা নেওয়া হয়।
আরেক
ভুক্তভোগী শুকুর আলী জানান, দুই সন্তানকে সঙ্গে নিয়ে আত্মীয়ের বাড়িতে মিলাদ শেষে তিনি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় তাকে ও সন্তানদের ভয়
দেখিয়ে মোটরসাইকেলটি নিয়ে যায় তারা। পরে তাদেরও মেহগনি বাগানে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। তার কাছ থেকে ৫০ টাকা ও
মিলাদের তিন প্যাকেট খিচুড়িও নিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে
সুযোগ পেয়ে শুকুর আলী হাতের বাঁধন খুলে দুই সন্তানকে নিয়ে প্রায় দেড় কিলোমিটার মাঠ পেরিয়ে গ্রামের লোকজনকে বিষয়টি জানান। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তদের কাউকে পাননি। ছিনতাই হওয়া মোটরসাইকেল দুটিরও সন্ধান মেলেনি।
আলমডাঙ্গা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের
শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা
চলছে।
মন্তব্য করুন