

কুমিল্লা প্রতিনিধি:
বিরিয়ানি, তেহেরি, মোরগপোলাও ও কাচ্চিতে আকর্ষণীয় রং আনতে ক্ষতিকর
কাপড়ের রং এবং নিষিদ্ধ গোলাপজল ও কেওড়া জল ব্যবহারের অভিযোগে নিউ হাজী বিরিয়ানি হাউজকে
৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত
কুমিল্লার কাটাবিল ও তেলিলোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিউ হাজী বিরিয়ানি হাউজে খাদ্য তৈরিতে ক্ষতিকর কাপড়ের রং,
নিষিদ্ধ গোলাপজল ও কেওড়া জল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুতের
প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ধারায় ৫০ হাজার টাকা
জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী
পরিচালক মো. কাউছার মিয়া।
এ সময় জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবুল কালাম আজাদ এবং সিটি
করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর মেজবাহ উদ্দিন সহযোগিতা করেন। এছাড়া জেলা পুলিশের
একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযানে মোট একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
খাদ্যে ক্ষতিকর উপাদান ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি
রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন