

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা লতিফ সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
নিহত দুই শিশু হলেন; ফাতেমা ইয়াসমিন (৯), তৃতীয় শ্রেণির ছাত্রী এবং জান্নাতুল ফেরদৌস (১০), চতুর্থ শ্রেণির ছাত্রী। তারা উভয়েই চিওড়া ইউনিয়নের নগর শরীফ গ্রামের বাসিন্দা।
লতিফ সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে দুই শিক্ষার্থী বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময়েও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এটি একটি হৃদয়বিদারক দুর্ঘটনা। পরিবার চাইলে প্রয়োজনে আইনগত সহায়তা দেওয়া হবে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় পথচারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটার দিকে কুমিল্লা রেলস্টেশনের উত্তর পাশে শাসনগাছা রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা স্টেশন অতিক্রম করে শাসনগাছা এলাকায় প্রবেশ করলে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় এক ব্যক্তি অসতর্কভাবে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে প্রচুর ভিড় জমে যায়। অনেকে মরদেহটি দেখে হতভম্ব হয়ে পড়েন।
খবর পেয়ে কুমিল্লা রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে কুমিল্লা জিআরপি ফাঁড়ির ইনচার্জকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। ফলে তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে কিছু জানা যায়নি।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের হত্যা মামলার এক আসামি সন্তান প্রসব করেছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি এক কন্যাসন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছেন এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কারাবন্দি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
কুমিল্লা জেলা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন এ ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই নারী আসামি কুমিল্লার তিতাস উপজেলার বাসিন্দা। গত ১১ আগস্ট তাকে হত্যা মামলায় আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।
জেল সুপার আরও বলেন, মঙ্গলবার দুপুরে প্রসববেদনা শুরু হলে তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাৎক্ষণিক অস্ত্রোপচারের সিদ্ধান্ত দেন। তখন পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা না গেলেও জরুরি পরিস্থিতিতে জেলা কারাগার কর্তৃপক্ষ অপারেশনের অনুমতি দেয়। বিকালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম হয়।
তিনি আরও জানান, মা ও নবজাতকের চিকিৎসাসেবা ও যত্ন নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং কারা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। শিশুর জন্য পোশাক থেকে শুরু করে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকেও তারা সুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোলভিত্তিক স্টাফদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এসব আর্থিক সহায়তা বিতরণ করা হয়। এ উপলক্ষে ৪১ লাখ ৬০ হাজার টাকার অনুদান কর্মীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে নগরীর ধর্মসাগর এলাকা সংলগ্ন শিশু পার্ক প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কুসিকের নবনিযুক্ত প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তা বিতরণ করেন।
অনুষ্ঠানে কুসিকের ৮৩৩ জন পরিচ্ছন্নতা কর্মীর প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়। ঈদকে সামনে রেখে এ সহায়তা পেয়ে কর্মীদের মধ্যে স্বস্তি ও সন্তোষের ভাব লক্ষ্য করা গেছে।
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি কুমিল্লাকে একটি ‘গ্রিন ও ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে নগরবাসীর প্রতি নিজ নিজ বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানান। একই সঙ্গে নগরের সার্বিক উন্নয়নে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভ’ঁইয়া, মো. মাঈন-উদ্দিন চিশতীসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
মন্তব্য করুন


কুমিল্লায়
পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতাসহ তিনজনের।
গতকাল
মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা থেকে বুধবার (২০ আগস্ট) সকাল পর্যন্ত জেলার আদর্শ সদর,দেবিদ্বার
ও বুড়িচং উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
দলীয়
কাজ শেষে বাড়ি ফেরার পথে গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় আদর্শ সদর উপজেলার রত্নবতী
এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন কুমিল্লা সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক
মো. কবীর হোসেন (৪৮)। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। পরে আশঙ্কাজনক অবস্থায়
ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা
যান।
তার
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল
ইসলাম।
অপরদিকে,
মোটরবাইকে স্বামীর সঙ্গে বাড়ি ফেরার পথে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বুড়িচং উপজেলার
শংকুচাইল এলাকায় ছিটকে পড়ে নিহত হন হ্যাপি ভৌমিক (৪৫) নামে এক নারী।
স্বজনরা জানান, ডাক্তার দেখিয়ে ফেরার পথে কালভার্টে উঠতে গিয়ে তিনি মোটরবাইক থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে নগরীর একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে,
বুধবার (২০ আগস্ট) সকালে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক
মহাসড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হন সিএনজিচালক মনির
হোসেন (৩৯)।মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা তিনি।
বিষয়টি
নিশ্চিত করে মীরপুর হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক আনিসুর রহমান জানান, ঘাতক ট্রাকটি জব্দ
করা হয়, চালক পালিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন


রপ্তানি বন্ধের নিষেধাজ্ঞার আগে সরকার ভারত থেকে আমদানির জন্য খোলা ঋণপত্রের (এলসি) ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ দ্রুত দেশে আনার উদ্যোগ নিয়েছে।
দ্রুত পেঁয়াজ আনতে ভারতে বাংলাদেশ দূতবাসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রোববার চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
এ ছাড়া দেশে যৌক্তিক মূল্যে পেঁয়াজ বিক্রি নিশ্চিত করতে কঠোর মনিটারিং করার জন্য সব জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার ভারত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়। তবে এ নিষেধাজ্ঞা আরোপের আগে সেখান থেকে বাংলাদেশে ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খোলা হয়। এখন এ পেঁয়াজ দ্রুত দেশে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, ভারত রপ্তানি নিষেধাজ্ঞা আরোপের আগেই সেখান থেকে আমদানির জন্য ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজের এলসি খোলা হয়। এ পেঁয়াজ দ্রুত দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। কীভাবে বিকল্প দেশ থেকে পেঁয়াজের আমদানি বাড়ানো যায়, সে চেষ্টা চলছে। একইসঙ্গে টিসিবির মাধ্যমে স্বল্প আয়ের মানুষের মধ্যে পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকবে।
দেশের সর্বত্র যৌক্তিক মূল্যে পেঁয়াজ বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বাণিজ্য সচিব।
দেশের মানুষ কষ্ট পায় এমন কিছু করা ঠিক হবে না উল্লেখ করে ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সরকারের এ জ্যেষ্ঠ সচিব ।
তিনি বলেন, ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করলো আর দেশে একদিনের ব্যবধানে পণ্যটির দাম হঠাৎ বেড়ে গেল, এটা ব্যবসায়ীদের দায়িত্বশীল আচরণ নয়।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পরিবারের চারজন নিহত হয়েছেন।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী বাস ইউটার্ন নিয়ে উল্টো পথে ঢাকামুখী লেনে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই লরি বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। লরিটি তখন পাশেই থাকা একটি প্রাইভেটকার ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ চার যাত্রী নিহত হন। নিহতরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মো. ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) এবং আরেক ছেলে আবুল কাশেম (৪৫)। নিহত আবুল হাশেমই প্রাইভেটকারটি চালাচ্ছিলেন।
এছাড়াও সিএনজিতে থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিহতদের সবাই একই পরিবারের সদস্য। দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লার দাউদকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনা ঘটেছে। অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান চলছিল।
অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় দাউদকান্দি উপজেলার ইলিয়াটগঞ্জ দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে সহকারী ভূমি কর্মকর্তা ও পুলিশের এক সদস্য আহত হয়েছেন।
হামলার বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলাম।
আহতরা হলেন: দাউদকান্দির সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন ও দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মহসীন হোসেন।
সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম বলেন, দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এ সময় কয়েকজন এসে আমাদের বাধা দেয়। একপর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে হামলা করে। এতে সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন ও দাউদকান্দি থানার একজন উপপরিদর্শক মহসীন হোসেন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলামসহ সঙ্গে থাকা পুলিশ সদস্যদের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলামকে বাঁচাতে গিয়ে দাউদকান্দি থানার উপপরিদর্শক মহসীন হোসেন ও সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন আহত হন। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলাম বলেন, দুর্বৃত্তরা সরকারি কাজে বাধা প্রদান করেছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন


কুমিল্লার আদর্শ সদরে সীমান্ত রক্ষী
বাহিনী বিজিবি (১০ ব্যাটালিয়ন) অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুইজন মাদক চোরাকারবারিকে
আটক করেছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায়,
কুমিল্লা সদরের পালপাড়া এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
আটককৃতরা হলেন, কালীকৃষ্ণনগর গ্রামের
বাসিন্দা আবু ইউসুফের ছেলে মো. রাসেল (২২) এবং একই এলাকার বাবুল মিয়ার ছেলে মো. বাহার
মিয়া (২০)।
বুধবার (২০ নভেম্বর) বিজিবি কুমিল্লা
১০ ব্যাটালিয়নের অধিনায়ক ইফতেখার হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘটনার সত্যতা নিশ্চিত
করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের
ভিত্তিতে পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে ব্যবহৃত
একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং সিএনজির মোট
বাজারমূল্য প্রায় ৬ লাখ ৫ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের
প্রক্রিয়া চলছে। এছাড়া সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালান দমনে বিজিবির এমন অভিযান
নিয়মিত চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করুন


কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকসহ লিটন মিয়া (৪৫) নামের একজনকে আটক করা হয়েছে।
আজ শনিবার (১৯ জুলাই) সকাল ৯ টায় চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত লিটন মিয়া (৪৫) চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের সিতুলিয়া এলাকার মো: আবদুল হাকিমের ছেলে।
অভিযান পরিচালনাকালে ৫২.৫ কেজি গাজা, ২০০ পিস ফেনসিডিল বোতল জব্দ করা হয়েছে।
আসামি এবং মাদকদ্রব্যসমূহ উক্ত ব্যক্তিকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলার মোহনপুর ফেরিঘাট এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর ফেরিঘাট সংলগ্ন ব্রিজের পাশে অস্ত্রের একটি চালান হাতবদলের সময় অভিযান চালায় যৌথবাহিনী।অভিযানকালে ঘটনাস্থল থেকে ৫টি ইস্টানগান, ৪টি থানায় ব্যবহৃত লোডার/কার্তুজ, ৩টি তাজা পিস্তলের অ্যামুনিশন, ৮টি পিস্তলের খালি অ্যামুনিশন এবং ১টি পিস্তলের ফায়ারিং পিন উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের চালানটি মেঘনা নদীপথ হয়ে তিতাস নদীতে প্রবেশ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় অস্থিরতা সৃষ্টি করার উদ্দেশ্যে এসব অস্ত্র সরবরাহ করা হচ্ছিল বলেও ধারণা করা হচ্ছে।
অভিযানটি তিতাস আর্মি ক্যাম্পের একটি বিশেষ অভিযানি দল পরিচালনা করে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন