

মজিবুর রহমান পাবেল, কুমিল্লা :
কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কাউছার স্থানীয় নেতা কবিরের ছোট ভাই। শুক্রবার ছত্রখিল এলাকায় অবস্থানকালে তাঁর ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, হামলার পর কাউছার গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে পড়ে ছিলেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ছত্রখিল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাউছারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি এ ঘটনায় এলাকায় উত্তেজনাও সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন