

দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না কেন, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারির গাড়ি ভাঙচুরের ঘটনার জেরে সামদানীর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি দলের নাম, পদবি বা প্রতীক ব্যবহার করে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। একই সঙ্গে দলের পক্ষে কোনো বক্তব্য বা বিবৃতিও দিতে পারবেন না। এ সময়ে তার ব্যক্তিগত বক্তব্য ও কর্মকাণ্ডের দায়ভার দল বহন করবে না।
এদিকে, কুমিল্লা মহানগর শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য দলের গঠনতন্ত্র অনুযায়ী দ্রুত একজন ভারপ্রাপ্ত আহ্বায়ক নির্ধারণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্তব্য করুন