

পাকিস্তানের
ইসলামাবাদে জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সার সানা জাভেদকে তার স্বামী মোহাম্মদ সাদিক গুলি
করে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের ইসলামাবাদের ডিএইচএ
ফেজ-২ এলাকার একটি মার্কেটের পার্কিংয়ে। এই এলাকা হুমাক পুলিশ স্টেশনের আওতাভুক্ত।
ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে
বলা হয়, নিহত সানা জাভেদ মূলত আটকের বাসিন্দা। টিকটকে তিনি আউট লোফারা নামে বেশ জনপ্রিয়
ছিলেন। ঘাতক স্বামী মোহাম্মদ সাদিকও আটকের বাসিন্দা। তিনি আটক পুলিশের একজন সাবেক কনস্টেবল
ছিলেন, যাকে আগেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।
মার্কেটে
দায়িত্বরত একজন নিরাপত্তারক্ষী পুলিশকে জানান, তিনি হঠাৎ গুলির শব্দ শুনতে পান এবং
দেখেন লাল পোশাক পরা এক নারী মাটিতে পড়ে আছেন। পাশেই প্রায় ২৪ বছর বয়সি এক যুবক পিস্তল
হাতে দাঁড়িয়ে ছিলেন। রক্ষীর চোখের সামনেই ওই যুবক নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।
পুলিশ
ঘটনাস্থল থেকে একটি ৯ এমএম পিস্তল এবং তিনটি বুলেটের খোসা উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে
পারিবারিক কলহকেই এই ঘটনার মূল কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য,
এর আগে গত বছরের জুনে ১৭ বছর বয়সী টিকটকার সানা ইউসুফ তার নিজের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে
নিহত হন। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে হত্যা করা হয়েছিল।
মন্তব্য করুন


মাগুরা শহরের ইসলামপুর পাড়ায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও সরকারি সাব রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুষ্কৃতকারীরা। শনিবার (৬ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে পৃথক দুই কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে দুটি অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র, নথি এবং আসবাবপত্র পুড়ে যায়।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আলিম মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটো জায়গাতেই পেট্রোল বোমার কারণে অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) আসমা আক্তার জানান, রাতে দুষ্কৃতকারীরা ভূমি অফিসের পেছনের জানালা ভেঙে ভেতরে পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এতে নিচতলায় থাকা কম্পিউটার, আসবাবপত্র এবং জমি–জমা সংক্রান্ত দলিল ও নথিপত্র সম্পূর্ণ পুড়ে নষ্ট হয়ে যায়।
এদিকে একই সময়ে সাব রেজিস্ট্রার অফিসেও একই ধরনের হামলা হয়। সাব রেজিস্ট্রার শুভ্রা রানী দাস বলেন, পেট্রোল বোমার আগুনে সাব রেজিস্ট্রার কার্যালয়ের নিচতলা এবং সামনে থাকা দলিল লেখকদের অফিস পুড়ে ছাই হয়ে গেছে। জমিজমার দলিল, নথিপত্রসহ লেখকদের প্রয়োজনীয় কাগজপত্রও নষ্ট হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, আগুনে দুটি প্রতিষ্ঠানের কম্পিউটার, বৈদ্যুতিক লাইন, আসবাবপত্রসহ বহু গুরুত্বপূর্ণ সরকারি নথি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সদর থানার ওসি আয়ুব আলী জানান, ঘটনার তদন্ত চলছে। দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


আজ সচিবালয়ে সাংবাদিকদের বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, আজ রাতেই ট্রেনে ভারত থেকে পেঁয়াজ আসবে বাংলাদেশে ।
প্রথম চালানে এক হাজার ৬৫০ টন পেঁয়াজ আসবে এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামে এই পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।
২০২৩ সালের আগস্টে ভারতের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ রপ্তানিতে সরকার ৪০ শতাংশ শুল্কারোপ করে। এরপর গত অক্টোবরে পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানিমূল্য নির্ধারণ করা হয় টনপ্রতি ৮০০ মার্কিন ডলার। কিন্তু অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে এসব পদক্ষেপ খুব বেশি কার্যকর না হওয়ায় গত ৭ ডিসেম্বর পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয় ভারত সরকার।
চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড বা বৈদেশিক বাণিজ্যবিষয়ক মহাপরিচালকের কার্যালয়। ভারতের এ নিষেধাজ্ঞার পর বাংলাদেশের বাজারে হু হু করে বাড়ে পেঁয়াজের দাম।
মন্তব্য করুন


গায়ের
রং ‘অতি ফর্সা’ হওয়ায় যে বাবাও স্বীকার করে নেয়নি নিজের সন্তান ছোট্ট
আফিয়াকে। সেই আফিয়ার জীবন যেন বদলে গেল। অ্যালবেনিজম রোগে আক্রান্ত অতি ফর্সা রঙের
কারণে অধিকার বঞ্চিত যশোরের সেই শিশু আফিয়াকে প্রতিশ্রুত নতুন ঘর উপহার দিয়েছেন বিএনপির
চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার
(১৯ জানুয়ারি) ছোট্ট আফিয়া ও তার মায়ের জন্য নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি
যুক্ত ছিলেন তারেক রহমান।
এসময়
তিনি বলেন, দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। রাজনীতিকে
শুধু স্লোগান, মিছিল মিটিং আর দোষারোপের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। এজন্য আগামীর
রাজনীতি হবে মানুষের কল্যাণে।
অনুষ্ঠানে
তারেক রহমান আরো বলেন, ফ্যামিলি, কৃষক কার্ডের মাধ্যমে গ্রামীন মানুষকে শক্তিশালী করা
হবে। আগামীতে ফের খাল কাটা কর্মসূচি চালু হবে, পানির কষ্ট দূর করা হবে।
তিনি
বলেন, গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানষ যাতে
ঘরে বসে মৌলিক চিকিৎসা সেবা নিতে পারে সেজন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ
করা হবে।
তারেক
রহমান বলেন, বিএনপি জনগনের রায় নিয়ে সরকার গঠন করতে পারলে, দেশকে এগিয়ে নিতে শিক্ষিত
নারী সমাজকে অর্থনৈতিকভাবে সাবলম্বী হিসেবে গড়ে তুলতে কাজ করবে। পাশাপাশি একেবারে
অবহেলিত মসজিদের ইমাম খতিব সহ ধর্মীয় গুরুদের সম্মানী ভাতার আওতায় আনা হবে।
যশোর
সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য
ইসলাম অমিত, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক
দেলোয়ার হোসেন খোকনসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে
নতুন ঘর পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শিশু আফিয়ার মা মনিরা খাতুন। তিনি বিএনপির চেয়ারপার্সনসহ
সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। একইভাবে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও তৃণমূল
বিএনপি নেতৃবৃন্দ।
মন্তব্য করুন


সরকারি সফরে তুরস্ক গেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান। আজ বুধবার (১ অক্টোবর) তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করেন।
তুরস্কের বিমান বাহিনী প্রধানের আমন্ত্রণে এ সফরে অংশ নিচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান। ১ থেকে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে এই সফর।
সফরকালে তিনি তুরস্কের বিমান বাহিনী প্রধান, প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় অংশ নেবেন।
আলোচনায় পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি বিনিময় ও প্রশিক্ষণ বিষয়ক বিষয়াদি গুরুত্ব পাবে।
এছাড়া, এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান সফরকালে Turkish Aerospace Industriesসহ তুরস্কের বিভিন্ন সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।
এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা খাতে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
বিমান বাহিনী প্রধান আগামী ৬ অক্টোবর দেশে ফিরে আসবেন।
মন্তব্য করুন


২০২৫ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
সোমবার এই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক চিঠিতে এইচএসসি পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান অধ্যক্ষদের এই নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, গত ২৮ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুষ্ঠিত সভায় ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস বিষয়ক সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস ২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন


প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ
ইউনূস বলেছেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে পাওয়া সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে
যে সব এখনই বাস্তবায়নযোগ্য, সেগুলো অন্তর্বর্তী সরকার অতিদ্রুত কার্যকরের উদ্যোগ নেবে।
আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
বলেন, সংস্কার প্রস্তাবের মধ্যে যে সব এখনই বাস্তবায়ন করা সম্ভব সেগুলো আমরা দ্রুত
বাস্তবায়ন করে ফেলতে চাই। সে জন্য আমি চাইবো সংস্কার কমিশন আশু করণীয় বা দ্রুত বাস্তবায়ন
করা যায় এমন সুপারিশগুলো তাড়াতাড়ি আলাদাভাবে আমাদের কাছে পেশ করুক।
সিনিয়র সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বাধীন
গণমাধ্যম সংস্কার কমিশনের কাজকে অমূল্য উল্লেখ করে প্রধান উপদেষ্টা এ প্রতিবেদন যেন
বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীসহ অন্যান্য মানুষ পড়তে পারে সে লক্ষ্যে
কাজ করার পরামর্শ দেন।
দেশীয় টেলিভিশন চ্যানেলগুলো একটি নির্দিষ্ট
স্যাটেলাইট ব্যবহারে বাধ্য বলে বিদেশ থেকে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো দেখা যায়
না, কমিশনের পক্ষ থেকে এমন তথ্য পাওয়ার পর প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের টেলিভিশন
চ্যানেলগুলো যাতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা এবং আগ্রহী বিদেশিরা দেখতে পারেন সেজন্য
প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।
কমিশন প্রধান কামাল আহমেদসহ অন্যান্য
সদস্য প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করেন।
কমিশনের অন্য সদস্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরীন, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের
সম্পাদক ও সম্পাদক পরিষদের প্রতিনিধি শামসুল হক জাহিদ, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স
(অ্যাটকো) প্রতিনিধি মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, নিউজ পেপার
ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সচিব আখতার হোসেন খান, জাতীয় প্রেস ক্লাবের
সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা
ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি ফাহিম আহমেদ, মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের
আহ্বায়ক সাংবাদিক জিমি আমির, ডেইলি স্টারের বগুড়া জেলা প্রতিনিধি মোস্তফা সবুজ, বিজনেস
স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর টিটু দত্ত গুপ্ত এবং শিক্ষার্থী প্রতিনিধি আব্দুল্লাহ
আল মামুন।
মন্তব্য করুন


জুলাই
শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস
আলম বলেছেন, দুর্নীতিগ্রস্ত সিস্টেমগুলোর জন্য বিগত ১৬ বছরে মানুষ বিরক্ত হতে হতে দেয়ালে
পিঠ ঠেকে গিয়েছিল। আওয়ামী লীগ সরকারের আমলের ১৬ বছরে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত ছিল
নির্বাচন কমিশন। এ নির্বাচন কমিশন সংস্কার না করলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন আশা করা
যাবে না। শুধুমাত্র নির্বাচনের জন্য ২ হাজার মানুষ জীবন দেয়নি আর এ অভ্যুত্থানও হয়নি।
আজ
শনিবার (৯ নভেম্বর) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের
হাতে আর্থিক অনুদানের চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সমন্বয়ক
সারজিস আলম বলেন, আমরা বলছি না রাষ্ট্রের সবকিছু সংস্কার করে নির্বাচনে যান। আমরা এটাও
বলছি না আগামী ৫-৬ বছর সংস্কার করেন। কিন্তু সংস্কারের জন্য ন্যূনতম একটা যৌক্তিক সময়
লাগবে। কোনো বিবেকবান মানুষ তার জায়গা থেকে চিন্তা করতে পারবে না যে এক বছরের মধ্যে
সবকিছু সংস্কার হয়ে যাবে। ১৬ বছর ধরে যে সিস্টেমগুলোকে ধীরে ধীরে ধ্বংস করা হয়েছে,
সেই সিস্টেমগুলোকে সংস্কার করতে একটা যৌক্তিক সময় প্রয়োজন। বিগত ১৬ বছর এমনকি ৫৩ বছর
ধরে বাংলাদেশের সংবিধান পাঁচ বছরের জন্য দেশের মানুষকে একটি ‘জনতার সরকার’উপহার দিতে পারেনি।
আমাদের সাংবিধানিক অধিকার রক্ষা করতে পারেনি। সেই সাংবিধানিক সংস্কারও প্রয়োজন। প্রত্যেক পাঁচ বছরের জন্য বড় বড় ইশতেহার দিয়ে
প্রতিটি সরকার ক্ষমতায় আসে। কিন্তু ক্ষমতায় আসার পরপরই তারা ইশতেহার ভুলে যায়। তারা
ভুলে যায় তারা যে জনতার সরকার। শুধু একটা নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন দিতে পারে
না। এর পাশাপাশি অনেকগুলো প্রতিষ্ঠান জড়িত। এর মধ্যে অন্যতম হলো আইনশৃঙ্খলা বাহিনীকে
একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। তা না হলে নির্বাচন দিলে আবার জবরদখলের ঘটনা ঘটতে পারে।
ক্ষমতার অপব্যবহার হতে পারে। আবার এ নির্বাচন ঘিরে কোনো সমস্যা দেখা দিলে সেজন্য একটা
বিচারিক প্রক্রিয়া প্রয়োজন। তাই বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন।
শহীদ
পরিবারের সদস্যদের মধ্যে চেক বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, সারা দেশ থেকে প্রায় ১ হাজার
৬০০ জনের বেশি শহীদ পরিবারের তালিকা আমাদের কাছে এসেছে। আপাতত যাচাই-বাছাই করে নির্বাচিতদের
পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক দেওয়া হচ্ছে। আমরা প্রতিটি বিভাগীয় পর্যায়ে গিয়ে
শহীদের পরিবারের হাতে অনুদানের চেক তুলে দিচ্ছি। এটা আমাদের দায়িত্ব। বাকি যারা রয়েছেন
তাদের কাগজপত্র সংগ্রহের কাজ চলছে। সেগুলো হাতে পেলে অনুদানের চেক তুলে দেওয়া হবে।
চেক
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।
মন্তব্য করুন


১৯৭১
সালের ১৪ ডিসেম্বর, বিজয়ের আগ মুহূর্তে, জাতি হারায় তার শ্রেষ্ঠ সন্তানদের। পরিকল্পিতভাবে
রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার নৃশংস
চেষ্টা চালায়। সেই শোকাবহ স্মৃতি স্মরণে প্রতি বছর ১৪ ডিসেম্বর পালিত হয় শহীদ বুদ্ধিজীবী
দিবস। দিবসটি উপলক্ষ্যে আজ রোববার সকাল ৭টার পর রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে
পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি
সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তাঁদের শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি
শ্রদ্ধা জানায়।
বাংলাদেশ
জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা মহানগর নেতৃবৃন্দের পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল
ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির
আহ্বায়ক আমিনুল হক পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা
বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতি
যখন নতুন করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, ঠিক তখনই দেশের শত্রুরা
হত্যাকাণ্ড ও সহিংসতায় লিপ্ত হয়েছে।’
সাম্প্রতিক
কয়েকটি ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘এ ধরনের ষড়যন্ত্রমূলক অপতৎপরতা দেশের
গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার অপচেষ্টা।’তিনি আরও বলেন, এই দিনে বিএনপির পক্ষ
থেকে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ
থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি স্বাধীনতা, সার্বভৌমত্ব
ও গণতন্ত্র রক্ষার শপথ গ্রহণ করা হয় এবং গণতন্ত্র ও দেশের জন্য আত্মত্যাগকারী সকল শহীদের
প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।’
দিবসটিতে
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, মৎস্যজীবী দল (ঢাকা মহানগর উত্তর), ডক্টরস অ্যাসোসিয়েশন
অব বাংলাদেশ (ড্যাব), বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা মহানগর যুবদল, জাতীয়তাবাদী তাঁতী
দল, জাতীয় যুবশক্তি, জাতীয় ছাত্রশক্তি, গণফোরাম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, গণতান্ত্রিক
বিপ্লবী পার্টি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ভাসানী জনশক্তি পার্টি ও নাগরিক ঐক্যসহ
বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ
ইসলামের নেতৃত্বে দলের নেতৃবৃন্দও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।
নাহিদ
ইসলাম বলেন, ‘১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধপন্থী লেখক, সাহিত্যিক, সাংবাদিকসহ চিন্তাশীল
মানুষদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়, যাতে বাংলাদেশ স্বনির্ভরভাবে দাঁড়াতে না পারে।’
তিনি বলেন, আজও নির্বাচন ও গণতান্ত্রিক অভ্যুত্থান নস্যাৎ করতে পরিকল্পিত টার্গেট কিলিংয়ের
ঘটনা ঘটছে। এসময় জড়িতদের চিহ্নিত করে বিচারের
আওতায় আনার দাবি জানান তিনি। পাশাপাশি ১৯৭১, ১৯৪৭ ও ২০২৪ সালের আকাঙ্ক্ষা ধারণ করে
জাতীয় ঐক্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার আহ্বানও জানান।এছাড়া জাতীয় পার্টি, বাংলাদেশের
কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী কৃষক দল, বাংলাদেশের
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, বাসদ (মার্কসবাদী), সমাজতান্ত্রিক ছাত্র
ফ্রন্ট, জাতীয় জনতা পার্টি, বিপ্লবী ছাত্র মৈত্রী, বিপ্লবী কমিউনিস্ট লীগ, আমার বাংলাদেশ
(এবি পার্টি), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম শহীদ বুদ্ধিজীবীদের প্রতি
শ্রদ্ধা নিবেদন করে।শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শহীদ বুদ্ধিজীবীদের
স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন।
মন্তব্য করুন


প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন,
বাংলাদেশকে এখনই পরিচ্ছন্ন, নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের দিকে অগ্রসর হতে হবে,
যাতে দেশ টেকসই অর্থনৈতিক উন্নয়নের নতুন পথে এগিয়ে যেতে পারে।
বৃহস্পতিবার রাতে অ্যানথ্রোপোসিন ইনস্টিটিউটের চেয়ারম্যান
কার্ল পেজ ও তার সহকর্মীদের সঙ্গে এক ভার্চুয়াল সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা
বলেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, বিশ্বের ঘনবসতিপূর্ণ ও জলবায়ু
ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশ দীর্ঘদিন জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল
থাকার সামর্থ্য রাখে না। এখন সময় এসেছে বাংলাদেশকে গুরুত্ব সহকারে বিকল্প পরিচ্ছন্ন
জ্বালানি বিবেচনা করার, যার মধ্যে বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ স্থাপন অন্যতম।
গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজের ভাই কার্ল পেজ
পরবর্তী প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি এবং হাইব্রিড সিস্টেমে অগ্রগতির কথা উল্লেখ
করেন, যা নির্ভরযোগ্য, শূন্য-কার্বন বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম।
তিনি জোর দিয়ে বলেন, বার্জ-ভিত্তিক পারমাণবিক রিঅ্যাক্টরগুলো
সাশ্রয়ী, কম রক্ষণাবেক্ষণ প্রয়োজন এবং বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্প খাতকে কয়েক দশক
ধরে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম।
পেজ বলেন, পারমাণবিক শক্তি আজ আর বিশ্বব্যাংকের মতো
বড় উন্নয়ন অর্থায়ন সংস্থাগুলোর কাছে নিষিদ্ধ বিষয় নয়। ইন্দোনেশিয়ার মতো দেশ ইতোমধ্যেই
তাদের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে এ প্রযুক্তি গ্রহণ করছে।
তিনি উল্লেখ করেন, উদ্ভাবনে বাংলাদেশের শক্তিশালী
রেকর্ড রয়েছে। তাই দেশটি পরিচ্ছন্ন জ্বালানির রূপান্তরে নেতৃত্ব দিতে পারে। এর সুফল
হবে কর্মসংস্থান সৃষ্টি, জ্বালানির দাম স্থিতিশীল রাখা এবং শিল্প খাতের প্রতিযোগিতা
বৃদ্ধি।
পেজ আরও বলেন, বাংলাদেশ উদীয়মান প্রযুক্তির জন্য
একটি কৌশলগত কেন্দ্র এবং পারমাণবিক উদ্ভাবনে শান্তিপূর্ণ নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ
হতে পারে।
ড. মুহাম্মদ ইউনূস জানান, অন্তর্বর্তী সরকার সম্প্রতি
একটি নতুন জাতীয় বিদ্যুৎ নীতি প্রণয়ন করেছে। এতে সৌর জ্বালানির গ্রহণযোগ্যতা বাড়ানোকে
অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তবে তিনি উল্লেখ করেন, পারমাণবিক বিকল্প নিয়ে যেকোনো
সিদ্ধান্ত নেওয়ার আগে কঠোর গবেষণা ও সম্ভাব্যতা যাচাই অপরিহার্য।
তিনি বলেন, আমরা অবশ্যই এসব সুযোগ অনুসন্ধান করব।
তবে প্রতিশ্রুতিশীল এসব প্রযুক্তি নিয়ে গভীর গবেষণা দরকার। কোনো সন্দেহ নেই—বাংলাদেশকে
জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা দ্রুত হ্রাস করতেই হবে।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন
কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং সরকারের
সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।
মন্তব্য করুন


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী শুক্রবার কক্সবাজারে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন।
আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়ে বলেন, প্রধান উপদেষ্টার সৌজন্যে রোহিঙ্গা শরণার্থী শিবিরে এই ইফতার পার্টির আয়োজন করা হবে।
চার দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ আসবেন।
মন্তব্য করুন