

চাঁদপুরের
ফরিদগঞ্জে দাঁতের চিকিৎসা নিতে গিয়ে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক চিকিৎসকের
বিরুদ্ধে। অভিযুক্ত চিকিৎসকের নাম এইচ.এম.এ. আলী আকবর রনি। তিনি উপজেলার রূপসা বাজারের
ডিজিটাল ডেন্টাল কেয়ারের ডিপ্লোমা চিকিৎসক এবং জামায়াতে ইসলামীর রূপসা (উত্তর) ইউনিয়ন
শাখার সেক্রেটারি জেনারেল বলে জানা গেছে।
রোববার
(১৫ নভেম্বর) দুপুরে রূপসা বাজারের ওই চিকিৎসাকেন্দ্রে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন
ভুক্তভোগী নারী। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী
ও স্থানীয়দের বক্তব্য শুনেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ
বা মামলা হয়নি।নতুন ভাষা শিখুন
ভুক্তভোগী
নারীর অভিযোগ, দাঁতে ক্যাপ লাগানোর জন্য তিনি চিকিৎসক আলী আকবর রনির কাছে যান। চিকিৎসার
একপর্যায়ে তাকে একা পেয়ে চিকিৎসক তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। তিনি
প্রতিবাদ করলে চিকিৎসক তার হাত চেপে ধরেন। পরে তাকে ধাক্কা দিয়ে চেম্বার থেকে বের করে
দেন। এরপর তিনি পরিবারের সদস্য ও স্থানীয়দের বিষয়টি জানান।
ভুক্তভোগী
আরও অভিযোগ করেন, অভিযুক্ত চিকিৎসক জামায়াতের রূপসা (উত্তর) ইউনিয়ন শাখার সেক্রেটারি
জেনারেল হওয়ায় বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা বলে তার পক্ষে দলীয় কয়েকজন ব্যক্তি তার
বাবার সঙ্গে যোগাযোগ করেছেন।
ফরিদগঞ্জ
থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে
স্থানীয়দের উপস্থিতিতে ওই নারী চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে ঘটনার
বর্ণনা দেন। তবে চেম্বারে গিয়ে অভিযুক্ত আলী আকবর রনিকে পাওয়া যায়নি। ভুক্তভোগী নারীকে
থানায় লিখিত অভিযোগ দিতে বলা হলেও তাৎক্ষণিকভাবে তিনি অভিযোগ করেননি।
রূপসা
বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজিম জানান, ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে
তাকে ফোন করে চিকিৎসকের চেম্বারে যেতে বলা হয়। সেখানে চিকিৎসকের উপস্থিতিতেই ওই নারী
তার বিরুদ্ধে অভিযোগ করেন এবং ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। এ সময় তার ভাইও উপস্থিত
ছিলেন।
আজিম
বলেন, অভিযোগের জবাবে চিকিৎসক দাবি করেন, চিকিৎসার সময় হাত লাগতে পারে। পরে ওই নারীকে
থানায় অভিযোগ করার পরামর্শ দিয়ে তিনি সেখান থেকে চলে যান। এরপর ওই নারী ৯৯৯-এ ফোন করলে
পুলিশ ঘটনাস্থলে আসে। এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আলী আকবর রনির
সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। সোমবার (১৬ নভেম্বর)
বিকেল ৪টা পর্যন্ত তার চেম্বার বন্ধ দেখা গেছে।
নাম
প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন
অভিযোগ উঠেছিল। তবে সেসব ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত
ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।নতুন ভাষা শিখুন
ফরিদগঞ্জ
থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। ভুক্তভোগী
নারী পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন। তবে কী কারণে তিনি লিখিত অভিযোগ দিতে চাননি,
তা তাদের জানা নেই। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন