

নারায়ণগঞ্জের
রূপগঞ্জের কাঞ্চনে দলীয় কর্মসূচিতে নাম আগে-পরে দেয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে
যুবদল কর্মীর ঘুষিতে আজাহার (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন।
শুক্রবার
(৩০ জানুয়ারি) সন্ধ্যায় রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এই ঘটনা ঘটে।
এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
নিহত
আজাহার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক
দলের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
স্থানীয়
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবারের দলীয় কর্মসূচি উপলক্ষে
শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা
আলোচনায় বসেন। আলোচনার একপর্যায়ে তালিকায় নাম আগে-পরে দেয়া নিয়ে স্বেচ্ছাসেবক দলের
সভাপতি সবুজের সাথে যুবদল কর্মী রাজিবের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রাজিবের সহযোগী
হাসানসহ বেশ কয়েকজন উত্তেজিত হয়ে সবুজ, আজাহার, রিপন ও এমরাতকে মারধর শুরু করেন। এ
সময় আজাহার ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে
নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজাহারের
মৃত্যুর সংবাদ পেয়ে কাঞ্চন পৌর বিএনপির নেতারা তার বাড়িতে যান।
রূপগঞ্জ
থানার ওসি সবজেল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং এই ঘটনায় আইনগত
ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন


ভূমিকম্পে
কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা।
বুধবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
রাজধানী ঢাকার অনেক বাসিন্দা ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।
জানা গেছে,
ঢাকা, রাজশাহী, সিলেট,
যশোর ও চট্টগ্রাম অঞ্চলেও ভূমিকম্প হয়েছে।
তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
মন্তব্য করুন


একুশ
শতকের সবচেয়ে দীর্ঘ পূর্ণ সূর্যগ্রহণ ঘটবে ২ আগস্ট ২০২৭। ওই দিন, দিনের বেলায় পৃথিবীর
বিস্তীর্ণ অঞ্চল কিছু সময়ের জন্য অস্বাভাবিক অন্ধকারে ঢেকে যাবে। সূর্য পুরোপুরি চাঁদের
আড়ালে চলে যাওয়ায় কয়েক মিনিটের জন্য দিন ও রাতের পার্থক্য বোঝা যাবে না।
সূর্যগ্রহণের
সময় ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চল ৬ মিনিট পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন
থাকবে বলে ধারণা করা হচ্ছে, যা শতাব্দীর ইতিহাসে দীর্ঘতম সূর্যগ্রহণ। ইউরোপের বেশির
ভাগ অংশ, পশ্চিম এশিয়া ও পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে আংশিকভাবে এ সূর্যগ্রহণ দেখা
গেলেও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও এশিয়ার বেশির ভাগ দেশ থেকে দেখা যাবে না।
বহু
বছর ধরেই জ্যোতির্বিজ্ঞানীরা এই গ্রহণের পূর্বাভাস দিয়ে আসছিলেন। আধুনিক প্রযুক্তির
সহায়তায় এখন গ্রহণের সময়, গতিপথ এবং কোন কোন অঞ্চল থেকে এটি দেখা যাবে, সবকিছু নির্ভুলভাবে
নির্ধারণ করা হয়েছে।
পূর্ণ
সূর্যগ্রহণের সরু পথটি শুরু হবে মরক্কো ও দক্ষিণ স্পেন থেকে। এরপর তা অতিক্রম করবে
আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর ও সৌদি আরব, শেষে ইয়েমেন ও সোমালিয়ার উপকূলে গিয়ে
শেষ হবে। এর আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। অনেক জায়গায় দুপুরের
সময় আকাশ এমন অন্ধকার হয়ে যাবে, যেন মনে হবে হঠাৎ সন্ধ্যা নেমে এসেছে।
চাঁদের
ছায়া ঘণ্টায় প্রায় দুই হাজার কিলোমিটার বেগে পৃথিবীর ওপর দিয়ে অগ্রসর হবে। মরুভূমি,
নদীতীর, খোলা মাঠ কিংবা শহরের ছাদ-সব জায়গা থেকেই মানুষ এই বিরল প্রাকৃতিক দৃশ্য দেখার
সুযোগ পাবে।
মন্তব্য করুন


অন্তর্বর্তীকালীন
সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক ঘর-বাড়ি পুড়ে
যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
এ
ঘটনায় অসংখ্য পরিবারের নিঃস্ব হয়ে যাওয়াকে ‘সকলের জন্য বেদনাদায়ক’ বলেও মন্তব্য করেন তিনি।
এক
বিবৃতিতে প্রধান উপদেষ্টা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি
বলেন, ‘কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে যেসব পরিবার গৃহহীন হয়েছেন, তাদের দুঃখ-কষ্ট আমাদের সকলের জন্য বেদনার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা
নিশ্চিত করবে।’
তিনি
জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম
জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।
মন্তব্য করুন


মেহেরপুর
সদর উপজেলায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে একটি টেলিকম ও মোবাইল ব্যাংকিং দোকানে ডাকাতির ঘটনা
ঘটেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে দোকান মালিক গুরুতর আহত হয়েছেন। ডাকাতরা নগদ টাকা
ও মোবাইল ব্যাংকিং লেনদেনে ব্যবহৃত একাধিক মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।
শুক্রবার
(২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে সদর উপজেলার ১ নম্বর কুতুবপুর ইউনিয়নের তেরঘরিয়া
গ্রামের টাওয়ারপাড়া এলাকায় অবস্থিত এন এস টেলিকমে এ ঘটনা ঘটে।
আহত
ব্যবসায়ীর নাহিদ হোসেন (৩৪) তেরঘরিয়া উত্তরপাড়া এলাকার বেগা মোল্লার ছেলে। ঘটনার পর
তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়
ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে করে তিনজন মুখোশধারী ডাকাত দোকানে প্রবেশ
করে। তারা দেশীয় অস্ত্রের মুখে নাহিদকে জিম্মি করে ক্যাশ বাক্সে থাকা প্রায় তিন লাখ
টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি বিকাশ, নগদ, রকেট ও উপায় এই চারটি মোবাইল ব্যাংকিং সেবার
লেনদেনে ব্যবহৃত চারটি মোবাইল ফোনও নিয়ে যায়। একপর্যায়ে ডাকাতরা নাহিদকে রামদা দিয়ে
কুপিয়ে আহত করে। পালিয়ে যাওয়ার সময় দোকানের সামনে একটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটায় তারা।
বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত
নাহিদ হোসেন বলেন, 'তিনজন মুখোশধারী ব্যক্তি অস্ত্র দেখিয়ে আমাকে জিম্মি করে টাকা ও
মোবাইল ব্যাংকিংয়ের ফোনগুলো নিয়ে যায়। ফোনগুলোতে প্রায় সাত লাখ টাকার লেনদেন ছিল। যাওয়ার
সময় বোমা ফাটিয়ে পালিয়ে যায়, এতে আমি ও আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ি।' এদিকে পুলিশ
সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে তেরঘরিয়া টাওয়ারের পাশে বিকাশের দোকান
বন্ধ করার মুহূর্তে অজ্ঞাত তিন ব্যক্তি রামদা ও বাঁশের লাঠি নিয়ে নাহিদ হোসেনকে ভয়ভীতি
দেখিয়ে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে আনুমানিক দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। বাধা দিলে তাকে
বাঁশের লাঠি দিয়ে আঘাত করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
মেহেরপুর
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, 'এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ
পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলা নিয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হবে।
বোমা বিস্ফোরণের বিষয়টিও গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত
পুলিশ টহল জোরদার করা হয়েছে।'
মন্তব্য করুন


মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে টেকনাফের হ্নীলা আলী খালী রাস্তার মাথা এলাকায় হাইওয়ে সড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেন হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি নুরুল আবছার।দুর্ঘটনায় নিহত হয়েছেন হ্নীলা মৌলভী বাজার পূর্ব পাড়ার মো. সেলিমের ছেলে অটোরিকশাচালক মো. ফারুক এবং টেকনাফ নাজির পাড়ার ছৈয়দ নুরের ছেলে যাত্রী ইমান হোসেন।স্থানীয়দের বরাত দিয়ে ওসি নুরুল আবছার জানান, হ্নীলা থেকে টেকনাফের দিকে যাচ্ছিল একটি সিএনজি অটোরিকশা। একই সময় কক্সবাজারগামী মাছ বোঝাই একটি মিনিট্রাক বিপরীত দিক থেকে আসছিল। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করেছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন


ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের
দাম ১ হাজার ৩৭৭ টাকা থেকে ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ এনার্জি
রেগুলেটরি কমিশন নতুন এ দাম ঘোষণা করে। সিলিন্ডারের নতুন দাম সন্ধ্যা থেকেই কার্যকর
হবে।
এর আগে ভোক্তাপর্যায়ে আগস্ট মাসের জন্য
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম জুলাই মাসের তুলনায় ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা
নির্ধারণ করা হয়েছিল। এর আগের মাসে এ দাম বাড়ানো হয়েছিল ৩ টাকা। সে সময় ১২ কেজির সিলিন্ডারের
দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৩৬৬ টাকা।
প্রতি মাসে এলপি গ্যাসের দাম বাজার
অনুযায়ী নির্ধারণ করা হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এ দাম নির্ধারণ করে।
মন্তব্য করুন


নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছেন, ময়মনসিংহ, কুমিল্লা সিটির সঙ্গে ৯ মার্চ পৌরসভা, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের নির্বাচনও আছে। পরিস্থিতি ভালো আছে।
তবে নিয়ন্ত্রণের বাইরে গেলে ভোট বন্ধ করে দেওয়া হবে।
বুধবার (৬ মার্চ) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মো. আলমগীর বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। যে সব জায়গা থেকে চাহিদা এসেছে সেখানে বেশি ফোর্স দিয়েছি। অতিরিক্ত ম্যাজিস্ট্রেটও দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমাদের মূল্যায়ন পরিবেশ ভালো। আশাকরি নির্বাচন ভালোভাবেই হবে। আমাদের প্রস্তুতি সব দিক থেকেই ভালো।
তিনি বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিষয়টা হলো আমাদের প্রকল্পে রক্ষণাবেক্ষণের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। জনবল রাখা হয়নি। এজন্য নিয়মিত কর্মকর্তাদের দিয়েই বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সহায়তায় রক্ষণাবেক্ষণ করে থাকি। আমাদের আর্থিক, জনবলের সীমাবদ্ধতা আছে। এজন্য অনেকগুলো ইভিএমই কাজ করছে না। অচল হয়ে যাচ্ছে। ইভিএম পরীক্ষা-নিরীক্ষা করে যেগুলো সচল পাওয়া যাচ্ছে সেগুলোই ব্যবহারের জন্য পাঠানো হচ্ছে।
সিটি ভোটে অপ্রীতিকর ঘটনা ঘটবে না, সে ধরনের কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেছেন, ভোটের ক্ষেত্রে উত্তেজনা থাকেই। সব প্রার্থীই চায় নির্বাচনে জেতার জন্য। তবে এরকম কোনো ইয়ে নাই ওখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে, এ ধরনের তথ্য আমাদের কাছে নাই। তারপরও সতর্কতা হিসেবে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে তারা যে অতিরিক্ত ফোর্স চেয়েছে সেভাবে দিয়েছি। নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি চলে গেলে কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তারা বন্ধ না করলে আমরা (কমিশন) বন্ধ করে দেবো।
মন্তব্য করুন


সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি
গ্রহণ ও বাস্তবায়নে ‘মার্চিং অর্ডার’ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সচিব সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
এ নির্দেশনা দেন।
উপদেষ্টার
নির্দেশনাগুলো হলো:
১. সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি
গ্রহণ ও বাস্তবায়নে ‘মার্চিং অর্ডার’ দিয়েছেন।
২. সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন
অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণ করতে হবে।
৩. জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা
বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয়, যে ভয়হীন চিত্ত আমাদের উপহার দিয়েছে, তার ওপর
দাঁড়িয়ে বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে আমাদের নিজ নিজ ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা
নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে।
৪. নতুন বাংলাদেশ গড়ার জন্য গৎবাঁধা
চিন্তা-ভাবনা থেকে বেরিয়ে এসে, চিন্তার সংস্কার করে, সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ
গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে।
৫. দুর্নীতির মূলোৎপাটন করে, সেবা সহজীকরণের
মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে।
৬. সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার
নিশ্চিত করতে হবে।
৭. সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতা
নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দুর
করতে হবে।
৮. সৃষ্টিশীল, নাগরিক-বান্ধব মানসিকতা
নিয়ে প্রতিটি মন্ত্রণালয়/বিভাগ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সংস্কার কর্মসূচির সময়াবদ্ধ
কর্মপরিকল্পনা দাখিল করবে, যা নিয়মিত মূল্যায়ন/পরিবীক্ষণ করা হবে।
৯. ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সৃষ্ট
নতুন বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ, ইতিবাচক ধারণা তৈরি হয়েছে, দেশের স্বার্থে
তা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে হবে।
মন্তব্য করুন


অন্তর্বর্তী সরকারের
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে
নিউইয়র্কে যাবেন । এ সফরে তার সঙ্গে থাকবেন ৭ সদস্যের প্রতিনিধি দল।
আগামী ২২-২৭ সেপ্টেম্বর
পর্যন্ত এ সফর করবেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা মো.
তৌহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সাত
সদস্যের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন- ড. ইউনূসের মেয়ে দিনা আফরোজ ইউনূস, এসডিজি
বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অন্তর্বর্তী সরকারের গঠিত বাংলাদেশের
বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য,
দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম,
প্রধান উপদেষ্টার একান্ত সচিব শাব্বীর আহমদ, বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি।
এর আগে গত ১ সেপ্টেম্বর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মো. তৌহিদ হোসেন জানান, প্রধান উপদেষ্টা
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন সেটার সিদ্ধান্ত হয়েছে। জাতিসংঘের সাধারণ
অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.
মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে যাবেন। তবে তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন।
ওয়াশিংটনে গেলে হয়ত আরও
কিছু কাজ হতে পারত কিন্তু তিনি অল্প সময়ে খুব তাড়াতাড়ি নিউইয়র্ক থেকে ফিরে আসবেন।
সেখানে কার সঙ্গে বৈঠক হবে সে বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা তো
গেলে হবেই। কিছু কিছু কথা বার্তা হচ্ছে। কিছু বৈঠক হবে এটুকু বলতে পারি। তবে
স্পেসিফিক বলতে পারি না। সব ক্ষেত্রে সব হেড অব স্টেট যান এমনটা তো নয়। নিউইয়র্কে
যে ফরমেট সেভাবে হবে। ওয়াশিংটনে তো তিনি যাবেন না।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের দাবিতে আয়োজিত মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে নগরীর পূবালী চত্বর। শনিবার বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ সমাবেশে পূবালী চত্বর পূর্ণ হয়ে ছড়িয়ে পড়ে লিবার্টি চত্বর, রানীরবাজার, পুলিশ লাইন, রাজগঞ্জ ও টমছম ব্রিজ সড়কে।
দলমত নির্বিশেষে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে যোগ দেন এ মহাসমাবেশে। প্রত্যেকের হাতে ছিল “কুমিল্লা নামে বিভাগ চাই”লেখা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা। কুমিল্লার নামেই বিভাগ চাই এবং তুমি কে, আমি কে কুমিল্লা” নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সমাবেশস্থল, প্রকম্পিত হয় আশপাশের এলাকাও।
এদিন মহাসমাবেশে অংশ নিতে কুমিল্লা দোকান মালিক ফেডারেশনের উদ্যোগে নেওয়া হয় এক ব্যতিক্রমী কর্মসূচি। মহানগরীর সব ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট ও শপিংমল প্রায় দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। ব্যবসায়ী থেকে শ্রমিকসবাই দল মত নির্বিশেষে সমাবেশে যোগ দিয়ে কুমিল্লা বিভাগের দাবিতে একাত্মতা জানান।
নারী-পুরুষ, শিশু থেকে বৃদ্ধ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পূবালী চত্বর রূপ নেয় জনসমুদ্রে। প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ উপস্থিত ছিলেন এই ঐতিহাসিক সমাবেশে।
এছাড়া সমাবেশে অংশ নেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতি, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর সমিতিসহ কুমিল্লার বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা আশা প্রকাশ করেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়নের মাধ্যমে সরকারের প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় হবে এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
বক্তারা বলেন, কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন কুমিল্লাবাসীর প্রাণের দাবি। এ দাবির পক্ষে জনসমর্থনের এই ঢল ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টি করেছে।
মহাসমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন। এসময় বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা দোকান মালিক ফেডারেশনের সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জামাল আহমেদ, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপি নেতা আমিরুজ্জামান আমির, কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কাজী এনামুল হক ফারুক, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, কুমিল্লা মহানগর হেফাজতে ইসলামের সেক্রেটারি ও জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সেক্রেটারি মাওলানা মুন্নীরুল ইসলাম কাসেমী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া।এছাড়া সমাবেশে অংশ নেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতি, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর সমিতিসহ কুমিল্লার বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন