

যশোরে হঠাৎ করে বেড়ে যাওয়া তীব্র শীতে বিপাকে পড়েছেন বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। সকাল গড়ালেও ঘর থেকে বের হতে কষ্ট হচ্ছে অনেকেরই। কয়েক দিন ধরে কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় কার্যত স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন।গত তিন থেকে চার দিন ধরে যশোরজুড়ে প্রচণ্ড কুয়াশা ও উত্তরের ঠান্ডা বাতাস বইছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। দুপুরে সূর্যের দেখা মিললেও রোদের তাপ ছিল খুবই কম। চারপাশে এমন কুয়াশা নেমেছে, যেন হালকা বৃষ্টির মতো ঝিরঝির করছে। ঠান্ডায় মানুষ ও প্রাণিকুল—দুজনেই কাঁপছে।যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার ভোরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বাড়লেও সকাল থেকে উত্তরের বাতাস বইতে থাকায় শীতের অনুভূতি কমেনি। কুয়াশার কারণে ঠান্ডার প্রকোপ আরও বেড়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া ও স্বল্প আয়ের মানুষ।শহরের ধর্মতলা এলাকার রিকশাচালক শিমুল হোসেন বলেন, প্রচণ্ড শীতে রিকশা চালাতে গিয়ে হাত-পা শক্ত হয়ে যাচ্ছে। ঠিকভাবে ব্রেক ধরা যাচ্ছে না, ফলে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।খড়কি এলাকার আরেক রিকশাচালক নূর হোসেন জানান, গত কয়েক দিনে শীত এতটাই বেড়েছে যে বাইরে রিকশা চালানো কষ্টকর হয়ে উঠেছে। তবে কাজ না করলে সংসার চালানো সম্ভব নয়, তাই বাধ্য হয়েই রাস্তায় নামতে হচ্ছে।শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা আবু সাঈদ বলেন, তীব্র শৈত্যপ্রবাহের কারণে সকালে সন্তানকে স্কুলে পাঠানো নিয়েও দুশ্চিন্তা হচ্ছে। ঠান্ডা লেগে সর্দি-জ্বরসহ নানা অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত রোগের প্রকোপও বাড়ছে। জ্বর, সর্দি-কাশি ও ডায়রিয়াসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত হচ্ছেন অনেকে। চিকিৎসকরা শীতকালীন রোগ থেকে বাঁচতে গরম কাপড় ব্যবহার, উষ্ণ পানি পান এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দিচ্ছেন।আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে ঢাকায় তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে, ফলে শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে।
মন্তব্য করুন


স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, হাদির হত্যাকারীদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে
পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি যেন ভারতকে প্রত্যর্পণ চুক্তি
অনুযায়ী তাদের ফেরত দিতে বলেন। আমরা তাদের ফেরত আনার জন্য জোর প্রচেষ্টা চালাবো।
সোমবার
(৯ মার্চ) কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা
বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী
বলেন, আমরা বাংলাদেশে মব কালচারকে কখনো আর এগোতে দেবো না, এটা বন্ধ করতে হবে এবং এটা
বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে ইনশাআল্লাহ।
তিনি
আরও বলেন, কোনো সন্ত্রাসীকে, অস্ত্রধারীকে, চাঁদাবাজকে, সংঘবদ্ধ ক্রিমিনালকে আইনের
বাইরে থাকতে দেবো না। তাদের আইনের আওতায় নিয়ে আসবো, সেটা আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি।
পাশাপাশি জনপ্রত্যাশাও তাই।
কক্সবাজার
নিয়ে সালাহউদ্দিন আহমদ জানান, বিচ ম্যানেজমেন্ট কমিটি গঠন করে কক্সবাজার সমুদ্রসৈকতকে
শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবেন। শহরজুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি শহরে টমটম
নিয়ন্ত্রণ করার কথাও জানান তিনি।
এছাড়া
উখিয়া-টেকনাফ রুটে মাদক চোরাচালান বন্ধের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্তব্য করুন


জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি:
যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে প্রদীপ বাজার তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্টের আয়োজনে এ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
নজির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেমিফাইনাল খেলার উদ্বোধন করেন,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভাঙ্গামোড় ইউনিয়ন শাখার আহবায়ক অ্যাডভোকেট আজিজুল হক,এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভাঙ্গামোড় ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক আজিজার রহমান , যুগ্ন আহবায়ক মোন্নাফ আলী, যুগ্ন আহবায়ক মুকুল চন্দ্র রায়,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভাঙ্গামোড় ইউনিয়ন শাখার সদস্য সচিব মাসুদ রানা,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফুলবাড়ী ইউনিয়ন শাখার আহ্বায়ক জামাল উদ্দিনসহ আরো অনেকে।
খেলার নির্ধারিত সময়ে লালমনিরহাট ফুটবল দলকে এক গোলে পরাজিত করে গঙ্গারহাট ফুটবল দল জয়লাভ করেন। খেলা দেখতে দূর দূরান্ত থেকে শতশত ফুটবল প্রেমীর ঢল নামে।
মন্তব্য করুন


কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ওরফে
রাফসান দ্য ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ জুন) বিশুদ্ধ খাদ্য
আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন। অনুমোদনহীন ব্লু ড্রিংকস বাজারজাত করার জন্য
এ পরোয়ানা জারি করা হয়েছে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত
খাদ্য পরিদর্শক মো: কামরুল হোসেন জানান, ব্লু ড্রিংয়ের কোনো অনুমোদন নেই। এমনকি ওষুধ
প্রশাসনও জানে না এসব ওষুধ না পানীয়। সেই প্রেক্ষিতে ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি
পরোয়ানা জারি করা হয়েছে।
জানা গেছে, রাফসানের এই প্রতিষ্ঠানটির
নাম মেসার্স ড্রিংকব্লু বেভারেজ। এটি কুমিল্লার বিসিক শিল্প নগরীতে অবস্থিত। প্রতিষ্ঠানটি
মোড়কজাতকরণ নিবন্ধন না নিয়ে তাদের উৎপাদিত ‘ইলেক্ট্রোলাইট ড্রিংক’ পণ্য প্রস্তুত করে আসছিল। কারখানাটিতে
কোনো পরিমাপ যন্ত্রও ছিল না। যার ফলে এখানে হাতে করে ড্রিংকসগুলো বোতলজাতকরণ করা হচ্ছিল।
এ সময় নিবন্ধন ছাড়াই মোড়কজাত ও বাজারজাত করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন -২০১৮’ এর ৪১ ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড
করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানটি পরিচালনা করেন কুমিল্লার নির্বাহী
ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ফারহানা নাসরিন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব
পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি)
এবং সার্বিক সহযোগিতা করেন ইকবাল আহাম্মদ, ফিল্ড অফিসার (সিএম)।
মন্তব্য করুন


ভারতের
বিহারের সীতামার্চি জেলায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রের
মৃত্যু হয়েছে। শুক্রবার(১৬ জানুয়ারি) সকালে
পাপরি থানার জাঝিহাট গ্রামে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক সপ্তম শ্রেণির
ছাত্র রিতেশ কুমার গোলুকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কাটি এতটাই প্রবল ছিল যে ঘটনাস্থলেই
শিশুটির মৃত্যু হয়। তবে এই মর্মান্তিক ঘটনার চেয়েও বড় অমানবিক দৃশ্য দেখা যায় দুর্ঘটনার
পরবর্তী কয়েক মিনিটে যা স্থানীয়দের বিবেক নিয়ে বড় প্রশ্ন তুলেছে। খবর এনডিটিভির।
দুর্ঘটনার
কবলে পড়ে ট্রাকটি উল্টে গেলে সেখান থেকে বিপুল পরিমাণ মাছ রাস্তায় ছড়িয়ে পড়ে। একদিকে
নিহত গোলুর নিথর দেহ পড়ে ছিল এবং তার স্বজনদের আর্তনাদে চারপাশের বাতাস ভারী হয়ে উঠছিল।
কিন্তু সেই শোকাতুর পরিবেশকে তোয়াক্কা না করে স্থানীয় উৎসুক জনতা মৃত শিশুর পাশে থাকা
মাছ লুটে মেতে ওঠে। তারা অ্যাম্বুলেন্স ডাকা বা শোকগ্রস্ত পরিবারকে সাহায্য করার পরিবর্তে
বস্তায় ভরে মাছ নিয়ে চম্পট দিতে ব্যস্ত হয়ে পড়ে।
পুলিশ
ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকটি জব্দ করে। লুটপাটকারীদের সরিয়ে
দিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রকাশ্য
দিবালোকে একটি প্রাণের চেয়ে কয়েক কেজি মাছের গুরুত্ব বড় হয়ে ওঠার এই ঘটনা পুরো এলাকায়
তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অমানবিকতার এই নজির সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক
নিন্দার ঝড় তুলেছে।
মন্তব্য করুন


আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার অন্তর্গত পুরাতন মেঘাই গ্রামে যমুনা নদীতে রাতভর প্রবল বর্ষণ ও স্রোতের কারণে স্থানীয় বাঁধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আনুমানিক সকাল ১০ঘটিকায় শহর রক্ষা বাঁধটির ৭০x৩০ বর্গ মিটার এলাকা ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। শহর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব পড়বে কাজীপুর এলাকাসহ আশপাশের এলাকায়, এমনকি বেশ কয়েকটি গ্রাম পানিতে ডুবে যাওয়ার আশঙ্কাও রয়েছে। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বগুড়া অঞ্চলের সিরাজগঞ্জ জেলায় দায়িত্বরত ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সেনাসদস্যদের একটি দল পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় জনগণের সহায়তায় বাঁধটি প্রাথমিকভাবে মেরামত পূর্বক ভাংগনের হাত থেকে রক্ষা করে।
উল্লেখ্য, যেকোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা
জনগণের পাশে আছে এবং থাকবে।
মন্তব্য করুন


রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে তিনটি বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দিকে জাতীয় জরুরিসেবা নম্বর ৯৯৯-এ এমন সংবাদ পাওয়া যায়। ডিএমপির শেরেবাংলা নগর থানা পুলিশ বোমা পাওয়ার সংবাদে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম বলেন, আনন্দ সিনেমা হলের সামনে বোমাসদৃশ বস্তু আছে। এমন সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। তিনটি বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। ঘটনাস্থলে কাজ করছে বোম্ব ডিসপোজাল ইউনিট।
মন্তব্য করুন


বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি
আজ সন্ধ্যায় ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে।
শনিবার (২৫ মে) রাত ৭টা ১০ মিনিটের
পর এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয় বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
বিডব্লিউওটি জানায়, ঘূর্ণিঝড় রেমাল
সর্বোচ্চ ক্যাটাগরি-১ শক্তিমাত্রার ঝড় হিসেবে ২৬ মে দিবাগত রাত থেকে ২৭ মে সকালের
মধ্যে উপকূল অতিক্রম করতে পারে।
বিডব্লিউওটির প্রধান আবহাওয়া গবেষক
খালিদ হোসেনের সই করা এক বার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গের দিঘা থেকে
বাংলাদেশের পটুয়াখালীর মাঝামাঝি যে কোনো জায়গা দিয়ে উপকূল অতিক্রম করবে। তবে এর সর্বোচ্চ
ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট।
বার্তায় বলা হয়, এ ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ
শক্তিমাত্রা হতে পারে ক্যাটাগরি-১। তবে আশা করা যায় ঘণ্টায় ১৩৫ কিলোমিটারের বেশি
এটি গতিবেগ পাবে না। তবে আশঙ্কার ব্যাপার হচ্ছে এটি তার পূর্ণ শক্তিতে উপকূল অতিক্রম
করতে পারে।
এদিকে আবহাওয়াবিদ মো. আজিজুর রহমান
বলেন, ঘূর্ণিঝড় রেমাল ‘সিভিয়ার সাইক্লোনে’ পরিণত হতে পারে। ১১০ থেকে ১২০ কিলোমিটার
বেগে এটি অতি প্রবল আকার ধারণ করে আঘাত হানতে পারে দেশের উপকূলীয় অঞ্চলে।
মন্তব্য করুন


পবিত্র রমজান মাসে সিন্ডিকেট
করে বাজার অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল
(অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ।
রোববার (২ মার্চ) বিকেলে রাজধানীর
মিরপুর ১৪ পুলিশ লাইনসে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট ঘুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে
তিনি বলেছেন, যারা অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধেই কঠোর হবে সরকার।
পাশাপাশি রমজান মাসে সবাইকে
সংযত থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গেল বছরের তুলনায় বাজার স্থিতিশীল,
অস্থির যাতে না হয় সেদিকে নজর আছে সরকারের।
মন্তব্য করুন


পিরোজপুরের
ইন্দুরকানী উপজেলায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি)
রাত ৯টা নাগাদ উপজেলার পত্তাশী ইউনিয়নের বাজার এলাকায় পঞ্চায়েত বাড়ির ব্রিজ সংলগ্ন
স্থানে হামলায় পাঁচজন আহত হন। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার
বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা
হলেন, মো. নজরুল ইসলাম ফকির (৫৫), বিএনপি নেতা ও পত্তাশী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি,জাহিদ
হোসেন (৩৮), স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি মো. নাহিদ হোসেন (১৮), ২নং ওয়ার্ডের বাসিন্দা
নাছির উদ্দীন ফকির (৫০),নাইম হোসেন (২৮)।
স্থানীয়রা
জানান, রাত সাড়ে ৯টার দিকে ডাকচিৎকার শুনে তারা ঘটনাস্থলে গেলে আহতদের রক্তাক্ত অবস্থায়
দেখতে পান। তাদের মধ্যে দুজন অচেতন ছিলেন। পরে আহতরা স্থানীয়দের সাহায্যে ইন্দুরকানী
স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা পান এবং উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা
হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে সবাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত
জাহিদ হোসেন ও নাছির উদ্দীন ফকির অভিযোগ করেছেন, হামলায় নেতৃত্ব দেন পত্তাশী ইউনিয়ন
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন টুকু এবং তার ছেলে রায়হান, টুকুর ভাই যুবলীগ
নেতা আলাউদ্দিনসহ ৮-১০ জন। তারা জানান, হামলার মূল কারণ তারা বিএনপি করার জন্য প্রতিশোধ
নেওয়া।
অভিযুক্ত
নাসির উদ্দীন টুকু অভিযোগ অস্বীকার করে বলেন, আমি মারামারি থামাতে গিয়েছিলাম, নিজেই
আহত হয়েছি। আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।
ওসি
শামীম হাওলাদার বলেন, আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ
দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, পরিবহন সেক্টরে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কোনো অবস্থাতেই ভাড়া বাড়ানো যাবে না। তিনি বলেন, কেউ ভাড়া বাড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ শহরের মাছঘাট এলাকায় নির্মাণাধীন টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এদিন মন্ত্রী নারায়ণগঞ্জ টার্মিনাল, নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাঙ্ক টার্মিনাল, নারায়ণগঞ্জ ড্রেজার বেইজ এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জ নদী বন্দরের মাছঘাট সংলগ্ন নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের নির্দেশনা দেন।
নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘লাইটার জাহাজে ভোগ্যপণ্য রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা বরদাশত করা হবে না। পরিদর্শনে লাইটার জাহাজে গম পাওয়া গেছে। নির্ধারিত সময়ে পণ্য খালাস না করে জাহাজে রেখে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’ আসন্ন ঈদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এবারের ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও নিরাপদ। যেসব স্থানে ব্যত্যয়ের ঝুঁকি রয়েছে, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অবাধ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থা গতবারের চেয়ে অধিক তৎপর থাকবে।’
মন্ত্রী সংশ্লিষ্ট সকল পরিবহন মালিক-শ্রমিক, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানান এবং জনস্বার্থবিরোধী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অব্যাহত থাকবে বলে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সময় নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, নৌপরিবহন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়াল এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন