

স্বামীর
মুখে দুর্গন্ধের কারণে পারিবারিক অশান্তির অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ করেছেন চাঁদপুরের
এক গৃহবধূ। জেলার শাহরাস্তি উপজেলার বাসিন্দা ওই নারী শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে এ
অভিযোগ করেন। পরে পুলিশি হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়।
উপজেলার
রায়েশ (সুদূরবাড়ী) এলাকার পারভীন আক্তার (৫০) তার স্বামী হেলাল আলীর বিরুদ্ধে শাহরাস্তি
থানায় অভিযোগ করেন। এতে বলা হয়, তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে অশান্তি চলছে। স্বামীর
মুখে দুর্গন্ধের কারণে একই ঘরে বসবাস করাও কঠিন হয়ে পড়েছে।
অভিযোগে
আরো বলা হয়, মুখের তীব্র দুর্গন্ধ দূর করতে স্বামীকে নিয়মিত মুখ পরিষ্কার রাখার অনুরোধ
করেও ফল পাননি পারভীন আক্তার। উল্টো এ কারণে প্রায়ই তাকে গালাগাল ও মারধর করা হয়।
শাহরাস্তি
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর দুই
পক্ষকে থানায় ডেকে আলোচনা করা হয়। স্বামী-স্ত্রী দুজনই বয়স্ক হওয়ায় বিষয়টি পারিবারিকভাবে
মীমাংসা করা হয়েছে। চিকিৎসাবিজ্ঞানে মুখের দুর্গন্ধের সমস্যাকে বলা হয় ‘হ্যালিটোসিস’।
এটি অনেকের ক্ষেত্রেই জটিল সমস্যা তৈরি করে, এমনকি ঘনিষ্ঠরাও অস্বস্তিতে ভোগেন।
ক্লিভল্যান্ড
ক্লিনিকের ওয়েবসাইটের তথ্য বলছে, অনেকে মুখে দুর্গন্ধের বিষয়টিকে সাময়িক সমস্যা ভেবে
অবহেলা করেন। তবে দীর্ঘদিন ধরে জটিলতা চললে তা মুখগহ্বরের রোগ কিংবা অন্য কোনো শারীরিক
জটিলতার ইঙ্গিত হতে পারে।
মুখে
দুর্গন্ধের সবচেয়ে বড় কারণ দাঁতের ক্ষয়, মাড়ির রোগ এবং জিভে জমে থাকা ব্যাকটেরিয়া।
দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার পচে দুর্গন্ধ তৈরি করে, যা সময়ের সঙ্গে আরো তীব্র হয়।
বিশেষজ্ঞরা বলছেন, লালা মুখ পরিষ্কার রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু পানি
কম পান করা বা দীর্ঘ সময় মুখ শুকনা থাকলে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায়। এ কারণে সকালে
ঘুম থেকে ওঠার পর অনেকের মুখে দুর্গন্ধ বেশি থাকে।
আবার
খাদ্যাভ্যাস ও জীবনযাপনও মুখে দুর্গন্ধের পেছনে ভূমিকা রাখতে পারে। পেঁয়াজ, রসুন, কফি
ও মসলাযুক্ত খাবার সাময়িকভাবে মুখে গন্ধ বাড়ায়। পাশাপাশি ধূমপান ও অ্যালকোহল সেবন এ
সমস্যাকে দীর্ঘস্থায়ী করে তুলতে পারে।
অনেক
ক্ষেত্রে সাইনাস ইনফেকশন, টনসিল স্টোন, গ্যাসট্রিক, ডায়াবেটিস, এমনকি কিডনি ও যকৃতে
সমস্যার কারণেও মুখে দুর্গন্ধ হতে পারে। অনেকের ক্ষেত্রে মাথা ও ঘাড়ের ক্যান্সারের
কারণেও মুখে দুর্গন্ধ পাওয়া যেতে পারে। তাই দীর্ঘদিন সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ
নেওয়া উচিত।
দন্তচিকিৎসকদের
পরামর্শ হলো, দিনে অন্তত দুইবার দাঁত ব্রাশ করা, নিয়মিত জিভ পরিষ্কার করা এবং ডেন্টাল
ফ্লস ব্যবহার করলে মুখের দুর্গন্ধ অনেকাংশে কমানো সম্ভব। এ ছাড়া পর্যাপ্ত পানি পান,
ধূমপান পরিহার এবং প্রয়োজন হলে মাউথওয়াশ ব্যবহার করা।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা:
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, সবাই মিলে কুমিল্লার উন্নয়নে পাশে দাঁড়ালে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব হবে। উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে এই প্রত্যয় নিয়েই কাজ করা হবে।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কুমিল্লা সমিতি ঢাকার উদ্যোগে শনিবার বিকালে রাজধানীর রাওয়া কনভেনশন হলে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সবার আন্তরিক সহযোগিতা ও সমর্থন পেলে কুমিল্লা এগিয়ে যাবে, ইনশাআল্লাহ—এমন বিশ্বাস তাঁর রয়েছে। তিনি উল্লেখ করেন, কুমিল্লাকে বিভাগ করার দাবিতে একসময় আন্দোলন করা হয়েছে এবং সেই স্বপ্ন এখনও তাঁর অন্তরে লালিত রয়েছে।
মন্ত্রী আরও বলেন, আজকের অনুষ্ঠানে শুধু তিনি নন—সচিব পর্যায়ের বহু কর্মকর্তা, অবসরপ্রাপ্ত যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিবর্গ এবং অসংখ্য গুণীজন উপস্থিত রয়েছেন। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, কখনও ভাবেননি তাঁকে মন্ত্রিত্ব দেওয়া হবে। যখন জানতে পারেন যে তাঁকে শপথ নিতে হবে, তখন তিনি বলেছিলেন—"মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে তিনি নিশ্চিত হতে চান, যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে সেখানে যেন জনগণের কল্যাণে বাস্তব ভূমিকা রাখার সুযোগ থাকে। জনগণের কল্যাণে কাজ করার সুযোগ থাকলেই কেবল তিনি সেই দায়িত্ব গ্রহণ করবেন।" তিনি আরও বলেন, সবার দোয়া ও সমর্থনে আজ অত্যন্ত পছন্দের একটি সেক্টরে তাঁকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। তিনি যেন সৎ ও হক-হালাল পথে দায়িত্ব পালন করতে পারেন এবং তাঁর বাবার সম্মান, নিজের সম্মান ও সর্বোপরি কুমিল্লাবাসীর সম্মান অক্ষুণ্ণ রাখতে সক্ষম হন—সেজন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কুমিল্লার উন্নয়ন ও বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। সভাপতিত্ব করেন কুমিল্লা সমিতির সভাপতি সিনিয়র সচিব এ বি এম শাহজাহান।
দোয়া ও ইফতার মাহফিলে কুমিল্লা সমিতি ঢাকার সদস্যবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


বুধবার (১০ ডিসেম্বর) সকালে যাদুরচর ইউনিয়নের দিগলা পাড়া গ্রামে ঘটে এক মর্মান্তিক ঘটনা। স্থানীয় দুই শিশু পুকুরে পড়ে ডুবে মারা যান।
নিহত শিশুগুলো হলেন শাহাজাহান মন্ডলের ছেলে সাভার (২) এবং আবু তালেবের ছেলে আবু তোহা (২)। তারা মামা-ভাগনের সম্পর্কের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তারা পরিবারের অজান্তে বাড়ির পাশে পুকুরের ধারে খেলছিল। পা পিছলে দুজনেই পুকুরে পড়ে যান। কিছুক্ষণ পরে পরিবার তাদের অচেতন অবস্থায় পানিতে ভাসতে দেখতে পায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সরবেশ আলী ঘটনাটি মর্মাহত মনে প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহনেওয়াজ জানিয়েছেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
মন্তব্য করুন


শিক্ষাব্যবস্থাকে
আনন্দমুখর ও কর্মমুখী করে গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং ক্রীড়া অবকাঠামো
ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণের বিষয়ে আজ শনিবার ( ২১ ফেব্রুয়ারি ) রাজধানীর তেজগাঁওয়ে
প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে
সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ
এম ছালেহ বাসসকে এ তথ্য জানিয়েছেন। সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন
কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


সরকার দেশের বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজের আট হাজার ৮০৭ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়,৮৮০৭ শিক্ষক-কর্মচারীর মধ্যে স্কুলের সাত হাজার ৭১৪ জন এবং কলেজের এক হাজার ৯৩ জন।
মাউশি সূত্র আরো জানায়, প্রতি দুই মাস পর পর মাউশিতে এ সভা অনুষ্ঠিত হয়। এবার যারা হচ্ছেন তাদের বেশিরভাগই গত বছর নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী।
সভা সূত্রে বিস্তারিত জানা গেছে, স্কুল পর্যায়ের সাত হাজার ৭১৪ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ঢাকার ৭২৭ জন, বরিশালের ৫৭৫ জন, ময়মনসিংহের এক হাজার ৩০৪ জন, খুলনার এক হাজার ৪৪৫ জন, চট্টগ্রামের ৭২৯ জন, কুমিল্লার ৬৬২ জন, রাজশাহীর ৭০২ জন, রংপুরের এক হাজার ১২৭ জন এবং সিলেটের ৪৪৩ জন রয়েছেন।
মন্তব্য করুন


তীব্র তাপপ্রবাহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ ছাড়াও এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখাসহ গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে।
গতকাল সোমবার (২৯ এপ্রিল) রাতে বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত ১৫ বছরে বিদ্যুৎ খাতে অভূতপূর্ব সাফল্য অর্জন সত্ত্বেও চলমান দাবদাহে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। তা সত্ত্বেও গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা প্রদানে বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে কাজ করছে এবং একইসঙ্গে গ্রাহকদের আরো পরিমিত ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে আহ্বান জানাচ্ছে।
তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। বাড়তি উৎপাদনের পরও লোডশেডিং এড়াতে পারছে না বিদ্যুৎ বিভাগ। শহরে স্বস্তি থাকলেও, গ্রামে ভোগান্তিতে গ্রাহকরা।
বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নিম্নহারে বিদ্যুৎ বিল পেতে দোকান, শপিংমল, পেট্রল পাম্প ও সিএনজি স্টেশনে অতিরিক্ত বাতি ব্যবহারে বিরত থাকতে বলা হয়েছে।
এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি বা এর ওপরে রাখতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে হুকিং বা অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে বিরত থাকতেও আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বেআইনিভাবে ইজিবাইক ও মোটরচালিত রিকশার ব্যাটারি চার্জিং থেকেও বিরত থাকতে গ্রাহকদের আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন


দেশের
গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
প্রফেসর মুহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেছেন, খালেদা জিয়ার মৃত্যুতে
জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে।
আজ
মঙ্গলবার ( ৩০ ডিসেম্বর ) দুপুর ১২টায় জাতির
উদ্দেশে দেওয়া ভাষণের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ আমাদের পুরো জাতি গভীর শোক
ও বেদনায় নিস্তব্ধ। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী
ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন।’
তিনি
বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
এই
গভীর শোকের মুহূর্তে খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী-সমর্থকের
প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি
মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন সবাই এই শোক কাটিয়ে ওঠার শক্তি লাভ করেন।
ভাষণে
প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত
ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে
তাঁর অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে
তাঁর আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে
এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে।
তিনি
বলেন, দেশ ও জাতির প্রতি খালেদা জিয়ার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে
স্মরণ করবে। তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা
ও সার্বভৌমত্ব রক্ষায় অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান, দূরদর্শী
ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয় বলে উল্লেখ করেন তিনি।
শোকাবহ
এই সময়ে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সবাই যেন যার যার অবস্থান
থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই
সঙ্গে তিনি বলেন, জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। ভাষণে তিনি সতর্ক করে
বলেন, শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে
বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এই সময়ে সবার দায়িত্বশীল ভূমিকা পালন অত্যন্ত জরুরি।
সাবেক
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা তিন দিনের রাষ্ট্রীয় শোক
ঘোষণা করেন। একই সঙ্গে তাঁর নামাজে জানাজার দিনে এক দিনের (আগামীকাল বুধবার) সাধারণ
ছুটিও ঘোষণা করেন।
নামাজে
জানাজাসহ সব ধরনের শোক পালন শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন করার জন্য দেশবাসীর প্রতি বিনীত
আহ্বান জানান তিনি। ভাষণের শেষাংশে প্রধান উপদেষ্টা বলেন, তিনি জানেন, এই সময়ে মানুষ
আবেগাপ্লুত। তবে তিনি আশা প্রকাশ করেন, সবাই ধৈর্যের পরিচয় দেবেন এবং জানাজাসহ সব আনুষ্ঠানিকতা
পালনে সংশ্লিষ্টদের সহযোগিতা করবেন। শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশবাসীর জন্য ধৈর্য,
শক্তি ও ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা কামনা করেন।
মন্তব্য করুন


বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্বসহকারে প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশের
গণতন্ত্রের জন্য আপসহীন নেত্রী হিসেবে পরিচিত খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, নেতৃত্ব
এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট গঠনে তাঁর ভূমিকা বিশ্ব গণমাধ্যমে বিশেষভাবে তুলে ধরা
হয়।
বিশ্বের
প্রভাবশালী সংবাদ সংস্থা ও গণমাধ্যমগুলো তাঁর রাজনৈতিক উত্থান, সংগ্রাম ও অবদানের ওপর
আলোকপাত করে প্রতিবেদন প্রকাশ করেছে।
বার্তা
সংস্থা এএফপি বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, যাঁকে অনেকেই আগামী
নির্বাচনে পুনরায় ক্ষমতায় ফিরতে পারেন বলে মনে করছিলেন, মঙ্গলবার সকালে ৮০ বছর বয়সে
মৃত্যুবরণ করেছেন।
সরকার
তাঁর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। বুধবার
তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বার্তা
সংস্থা এএফপি আরো বলেছে, দীর্ঘদিন অসুস্থতা ও কারাবাস সত্ত্বেও খালেদা জিয়া গত নভেম্বর
মাসে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে প্রচারণায় অংশ নেওয়ার অঙ্গীকার করেছিলেন। গত
বছর গণ-অভ্যুত্থানে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের
পর এটিই ছিল দেশের প্রথম জাতীয় নির্বাচন।
বিবিসি
‘খালেদা জিয়া: নিহত নেতার বিধবা স্ত্রী থেকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী’
শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে
বলা হয়, ৮০ বছর বয়সে মৃত্যুবরণকারী খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।
একসময় তাঁকে তাঁর স্বামী, ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা ও ১৯৭৭ সালে
রাষ্ট্রপতি হওয়া জিয়াউর রহমানের ‘লাজুক গৃহিণী’ হিসেবে বর্ণনা করা হতো। তবে ১৯৮১ সালে
স্বামীর হত্যাকাণ্ডের পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃত্বে উঠে আসেন
এবং নব্বইয়ের দশক ও ২০০০-এর দশকের শুরুর দিকে দুই দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব
পালন করেন।
অ্যাসোসিয়েটেড
প্রেস (এপি) জানায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন বলে মঙ্গলবার
এক বিবৃতিতে জানিয়েছে বিএনপি। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি যেসব দুর্নীতি মামলার মুখোমুখি
হয়েছিলেন, সেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছিলেন খালেদা জিয়া। চলতি
বছরের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট তাঁর বিরুদ্ধে থাকা শেষ দুর্নীতি মামলাতেও তাঁকে খালাস
দেন, যার ফলে তিনি ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেতেন। এপি আরও জানায়,
২০২০ সালে অসুস্থতার কারণে কারামুক্তির পর তাঁর পরিবার অন্তত ১৮ বার তৎকালীন প্রধানমন্ত্রী
শেখ হাসিনার সরকারের কাছে তাঁকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার আবেদন জানালেও তা প্রত্যাখ্যান
করা হয়।
২০২৪ সালে শেখ হাসিনার পতনের পর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অবশেষে তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়। তিনি জানুয়ারিতে লন্ডন যান এবং মে মাসে দেশে ফেরেন।
রয়টার্স
শিরোনাম দেয়- ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেলেন’
রয়টার্স
জানায়, ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়া খালেদা জিয়া দীর্ঘদিনের
অসুস্থতার পর মঙ্গলবার মৃত্যুবরণ করেন।
চিকিৎসকদের
বরাতে বলা হয়, তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বুক ও হৃদ্রোগে ভুগছিলেন।
আল
জাজিরা জানায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও দেশের অস্থির রাজনীতির এক প্রভাবশালী
ব্যক্তিত্ব খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পর ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।
কাতারভিত্তিক
এই গণমাধ্যমটি আরও একটি প্রতিবেদন প্রকাশ করে- ‘খালেদা জিয়া: বাংলাদেশের প্রথম নারী
প্রধানমন্ত্রী - ক্ষমতা ও প্রতিরোধের এক জীবন’ শিরোনামে।
ব্রিটিশ
দৈনিক দ্য গার্ডিয়ান তাদের অনলাইন সংস্করণে লিখেছে- ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী
খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেলেন’।
ভারতীয়
সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে লিখেছে- ‘খালেদা জিয়া: কয়েক দশক ধরে বাংলাদেশের
রাজনীতিতে প্রভাব বিস্তারকারী এক প্রভাবশালী ব্যক্তিত্ব’।
প্রতিবেদনে
বলা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী
হিসেবে খালেদা জিয়া কয়েক দশক ধরে দেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করেন।
দীর্ঘদিন
বিএনপির নেতৃত্ব দেওয়া তিনবারের প্রধানমন্ত্রী মঙ্গলবার ভোরে ঢাকায় দীর্ঘ অসুস্থতার
পর মৃত্যুবরণ করেন।
পিটিআই
জানায়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর ভূমিকার জন্য সমর্থকদের কাছে তিনি ব্যাপকভাবে
সমাদৃত। নব্বইয়ের দশক এবং ২০০০-এর দশকের শুরুর দিকে বাংলাদেশের রাজনীতিতে তিনি ছিলেন
এক প্রভাবশালী নাম।
ভারতের
বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, ‘একদা রাজনীতিতে ঘোর অনিচ্ছুক ‘ফার্স্ট লেডি’
থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী!’ জলপাইগুড়ির ‘পুতুল’ হয়ে উঠেছিলেন ‘বেগম জিয়া’-শীর্ষক
প্রতিবেদনসহ বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছে।
উল্লেখ্য,
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সূচনা হয় তাঁর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের
মৃত্যুর পর। ১৯৮২ সালে তিনি রাজনীতিতে সক্রিয় হন এবং ৯০-এর দশকে সামরিক স্বৈরশাসনের
বিরুদ্ধে গণআন্দোলনে নেতৃত্ব দেন। ১৯৯০ সালে স্বৈরাচার পতনের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারী
অনুষ্ঠিত জাতীয় সাংসদ নির্বাচনে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, ১৯৯৬ সালের
১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার এবং ২০০১ সালে তৃতীয়বার তিনি
প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
আন্তর্জাতিক
গণমাধ্যমগুলোতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটি অধ্যায়ের অবসান
হয়েছে বলে উল্লেখ করা হয়। তিনি শুধু একটি দলের প্রধানই ছিলেন না, বরং সংসদীয় গণতন্ত্রের
ইতিহাসে অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন বলে উল্লেখ
করা হয়েছে।
দীর্ঘ
চার দশকের রাজনৈতিক জীবনে আপসহীন নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার
মৃত্যুতে দেশ-বিদেশে অসংখ্য মানুষ শোক প্রকাশ করছেন।
বেগম জিয়ার ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গনসহ সারাদেশে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল, গুলশানে তাঁর বাসভবন ও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোকাহত নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় দেখা গেছে। সেখানে অসংখ্য মানুষকে অশ্রুসিক্ত দেখা যায়। সারাদেশে সব জায়গায় দলীয় নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে শোকের মাতম।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
কুমিল্লা সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কার্যক্রম পরিচালনা কমিটির ৭ম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শাহআলম।
এতে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন, প্রকৌশলী আবু সাঈদসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।সভায় নগর উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবা আরও জোরদারকরণ এবং চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।পাশাপাশি সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে প্রয়োজনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মন্তব্য করুন


ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে
আজ রোববার বিকাল ৪টায় আলোচনায় বেসেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ
রোববার ( ১৪ ডিসেম্বর ) ইসি সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ
মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে
বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা
করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে অবহিত হওয়া এবং গৃহীতব্য কার্যক্রম
সম্পর্কে আলোচনা সভা আজ ১৪ ডিসেম্বর বিকাল ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাকক্ষে
অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে উক্ত সভায় নির্বাচন কমিশনারগণ
উপস্থিত থাকবেন।’
সভায়
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার,
বাংলাদেশ পুলিশের মহা-পুলিশ পরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার ও ভিডিপি’র
মহা-পরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো
হয়েছে।
মন্তব্য করুন


মোবাইল ফোন আমদানির ওপর আরোপিত শুল্ক উল্লেখযোগ্য হারে কমিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আমদানিকৃত মোবাইল ফোনে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ওপর করহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
প্রেস সচিব বলেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের মোবাইল ফোন শিল্প আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে। এতে স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোনের বাজার শক্তিশালী হবে এবং ভোক্তারাও উপকৃত হবেন।
তিনি আরও জানান, বর্তমানে বিপুল পরিমাণ ব্যবহৃত মোবাইল ফোন বিদেশ থেকে দেশে আনা হচ্ছে, যা সামান্য সংস্কার করে পুনরায় বাজারে বিক্রি করা হয়। এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছেন এবং সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। কর কমানোর ফলে দেশে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং বাজারে ফোনের দামও তুলনামূলকভাবে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক বিতরণ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, আগামী ১৫ জানুয়ারির মধ্যেই সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে। শিক্ষকদের সঙ্গে আলোচনা করে ইতোমধ্যে ১২৩টি পাঠ্যবইয়ের ভুল সংশোধন করা হয়েছে বলেও জানান তিনি।
ব্রিফিংয়ে উপস্থিত প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, এ পর্যন্ত মোট পাঠ্যপুস্তকের প্রায় ৮৩ শতাংশ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বাকি বইগুলো পৌঁছে দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন