

নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। দুই দিনের সাঁড়াশি অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, নাশকতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশের পক্ষ থেকে একযোগে বিশেষ অভিযান শুরু করা হয়। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে কোনো ধরনের নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশ নিতে না পারে এবং জননিরাপত্তা ও জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ১০ নভেম্বর রাতে পরিচালিত অভিযানে ৪২ জনকে গ্রেফতার করা হয়। পরদিন ১১ নভেম্বর রাতে দ্বিতীয় দফার অভিযানে গ্রেফতার করা হয় আরও ৫৬ জনকে। সব মিলিয়ে দুই দিনের অভিযানে মোট ৯৮ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন