

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ,
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় প্রথম ধাপে ৪১৮ প্লাটুন
বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (৭ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা
মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল
ইসলাম জানান, বুধবার (৮ মে) অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে স্থানীয় বেসামরিক
প্রশাসনকে সহায়তায় দায়িত্ব পালন করবে বিজিবি। ‘ইন এইড টু দ্য পাওয়ার’ এর আওতায় ৬ মে
থেকে ১০ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে
তারা।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হোমনা উপজেলার ওই শিশুটি গত ২১ এপ্রিল ঢাকার উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
পরবর্তী সময়ে হাসপাতাল থেকে সংগৃহীত নমুনা পরীক্ষায় তার শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পিয়াস আহমেদ বলেন, “শিশুটি গত মাসে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তবে তার হাম পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় তাকে কুমিল্লা জেলার মৃত্যুর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।”
এদিকে কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে; যার মধ্যে তিনজনের জনের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৬ জন।
এছাড়া চলতি বছরে এ পর্যন্ত জেলায় ১ হাজার ৫৬০ জন রোগীর মধ্যে ১০৫ জনের হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
তিনি জানান, “জেলায় এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু নথিভুক্ত করা হয়েছে। এছাড়া ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ায় একজনকে নিশ্চিত হামজনিত মৃত্যু হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তারা সবাই শিশু।
মন্তব্য করুন


কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে তাড়াহুড়ার
করছেন, তাড়াহুড়ার প্রয়োজন নেই, সংস্কার শেষ হলেই নির্ধারিত সময়ে নির্বাচন হবে।
নির্বাচন নিয়ে অধৈর্য হওয়ায় সরকারের সংস্কার কাজ ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও
ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে দিনাজপুরের
কাহারোল উপজেলা মিলনায়তনে শীত বস্ত্র বিতরণ এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে
মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদী
ব্যবস্থার বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠান যেভাবে সংস্কার করা দরকার সেই সংস্কারের
এজেন্ডা নিয়ে কাজ করছে। সংস্কার কমিশন রিপোর্ট দিলে আমরা সে অনুযায়ী কাজ করব। প্রধান
উপদেষ্টা নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করেছেন। তবে আগামী নির্বাচন নির্ভর করছে
সংস্কার কার্যক্রমের ওপর। সংস্কার কমিশনগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারের প্রস্তাব
দেবে। সে রিপোর্টগুলো নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টিদের সঙ্গে আলোচনা
করা হবে। সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
মতবিনিময় শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ
দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড
অব অনার প্রধান করা হয়।
এ সময় জেলা প্রশাসক রফিকুল ইসলামের
সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার
বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক আবু জাফর, উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান, পুলিশ
সুপার নাজমুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোকলেছুর রহমানসহ বিভিন্ন
কর্মকর্তারা।
মন্তব্য করুন


দেশের
১০টি জেলায় রাতের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া
অধিদফতর। একই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার
(২০ জুন) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য জারি করা আবহাওয়ার সতর্কবার্তায়
এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায়
বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,
কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে
৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টি হওয়ারও
আশঙ্কা রয়েছে।
ঝুঁকিপূর্ণ
পরিস্থিতির কারণে উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে
নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়ার
আরেক পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম
বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়
এবং উত্তর বঙ্গোপসাগরের অন্য এলাকায় এটি দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
এই
পরিস্থিতিতে রোববার (২১ জুন) সকাল ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট
বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে
অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ
বৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া
অধিদফতর আরও জানিয়েছে, এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে
পারে।
মন্তব্য করুন


দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না বলেও তিনি উল্লেখ করেছেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন উপদেষ্টা। সেখানে এসব নির্দেশনা দেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে তার বক্তব্য তুলে ধরা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত,তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে। বিজিবিকে আইন অনুযায়ী কাজ করতে হবে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব। এ সময় তিনি বিজিবিকে পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না। সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন।
উক্ত অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকীসহ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও টেলি কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে বিজিবির সব রিজিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


শনিবার
(২৪ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির
সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন,প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মূল তিনটি বিষয়ে
আলোচনা হয়েছে। সেগুলো হলো সংস্কার, বিচার ও নির্বাচন।
এর
আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার
বাসভবন যমুনায় প্রবেশ করে। প্রতিনিধি দলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন
খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।
দলের
স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা বলেছি, এই তিনটি বিষয়ের একটার
সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই। কেননা সংস্কার চলমান বিষয়। এটা চলতে থাকবে। আমরা আশা
করেছি এই সরকার একটা ঐকমত্যের ভিত্তিতে একটা সংস্কার প্রস্তাব দেবে। সেটা চলমান থাকবে।
ভবিষ্যতে যদি জনগণ আমাদের ক্ষমতায় বসায়, আমরা সেই সংস্কার চলমান রাখব এবং বাস্তবায়নের
প্রচেষ্টা নেব।
বিএনপির
নেতাদের মামলার বিষয়ে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ বলেন, আমরা বলেছি, দেশনেত্রী
বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে আমরা এবং তৃণমূলের
নেতাকর্মীরা সবচেয়ে বেশি বিক্ষুব্ধ। আমরা সেই স্বৈরাচারী সরকারের কর্তাব্যক্তিদের,
যারা দায়ী, তাদের বিচার চাই।
বিচারব্যবস্থা
নিয়ে তিনি বলেন, এ জন্য আমরা স্বাধীন বিচারব্যবস্থা চাই, যারা এই বিচার সম্পন্ন করবে।
আমরা বলেছি, যেসব বিচার সম্পন্ন না হবে, যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে তাদের বিচারের
আওতায় এনে স্বাধীন বিচারব্যস্থার মাধ্যমে সম্পন্ন করা হবে।
বিএনপি
নির্বাচন-সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে শেষ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনে
রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বলেও জানান খন্দকার মোশাররফ হোসেন।
তিনি
বলেন, আমাদের আলোচনা বিষয়ে আগে থেকে কিছু জানানো হয়নি। আমরা যা অনুমান করেছিলাম তার
ওপর ভিত্তি করে একটা লিখিত বক্তব্য নিয়ে এসেছিলাম। সেটা প্রধান উপদেষ্টাকে দিয়েছি।
সেই ভিত্তিতে আলোচনা করেছি।
মন্তব্য করুন


দেশে তীব্র তাপপ্রবাহের কারণে ‘হিটস্ট্রোকে’
গত এক সপ্তাহে ১০ জন মারা গেছেন। এর মধ্যে গতকাল সোমবার (২৯ এপ্রিল) তিনজনের মৃত্যু
হয়েছে হিটস্ট্রোকে।
এছাড়াও হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে দেশের
বিভিন্ন হাসপাতালে আরও পাঁচজন রোগী চিকিৎসা নিচ্ছেন।
মঙ্গলবার (৩০এপ্রিল) সকাল ৯টায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি
অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানায়।
কন্ট্রোল রুম জানায়, এ পর্যন্ত সারা
দেশে হিটস্ট্রোকে মারা যাওয়া ১০ জনের মধ্যে আটজন পুরুষ ও দুজন নারী। হিটস্ট্রোকে নতুন
করে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে মাদারীপুর জেলায়। আরেকজনের মৃত্যু
হয়েছে চট্টগ্রাম জেলায়। মারা যাওয়া ১০ জনের মধ্যে দুজন মাদারীপুরের। এ ছাড়া চুয়াডাঙ্গা,
খুলনা, হবিগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদহ, লালমনিরহাট, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় একজন করে
মারা গেছেন।
উষ্ণতাজনিত অসুস্থতার চিকিৎসায় একটি
গাইডলাইন তৈরি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
মন্তব্য করুন


রাজধানীর
পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনার বিচার খুব
সম্ভবত ৫-৭ দিনের মধ্যেই সমাপ্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
একই সঙ্গে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কথাও জানান তিনি।
আজ
রবিবার (২৪ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত
বিএসআরএফ সংলাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এসময়
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী
বলেন, নির্যাতন এবং ধর্ষণের ঘটনা সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে। এসব ক্ষেত্রে দ্রুত আসামিদের
যাতে গ্রেপ্তার করা যায়, সেই চেষ্টা করে যাচ্ছে সরকার। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া
হবে না।
রামিসার
ঘটনায় অপরাধীকে সাত ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন,
‘আজই চার্জশিট দাখিল হবে। ৫ থেকে ৭ সাত দিনের মধ্যেই বিচার সম্পন্ন হবে এবং সর্বোচ্চ
শাস্তি নিশ্চিত করা হবে আসামির।’
ঢাকায়
প্রায় ৮০ হাজার মাদকের মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, অফলাইন
ও অনলাইনসহ সব ধরনের জুয়া, বেটিং রোধে আইন করছে সরকার। এ সংক্রান্ত ১৮৬৭ সালের আইনের
সংস্কার করা হবে। আগামী সংসদেই আইনটি উত্থাপিত হবে।
তিনি
আরও বলেন, ‘আমরা চাই শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোন। ভারত বন্দী বিনিময় চুক্তির
আওতায় তাকে ফেরত দেবে, এটাই সরকারের প্রত্যাশা।’
সংলাপে
সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ
বাদল।
মন্তব্য করুন


স্বামী
ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনে দীপু মনির মেয়ে
তানি দিপাবলি প্যারোলে মুক্তির আবেদন করলে, ১২ঘন্টার জন্য আবেদন মঞ্জুর করা হয়।
দিপু
মনির আইনজীবী গাজী ফয়সাল জানান, আমরা চার দিনের জন্য আবেদন করি, জেলা প্রশাসনের ক্ষমতা
বলে ১২ ঘণ্টার জন্য মুক্তি মঞ্জুর করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল
৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা তিনি মুক্তি পাচ্ছেন।
তিনি
আরো জানান, মুক্তির পর রাজধানী ঢাকার কলাবাগানে দীপু মনি যাবেন, সেখানে মরহুমের মরদেহ
থাকবে। সে বাড়িতেই দীপু মনির সাথে মরহুম তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। পরবর্তীতে
মরদেহ বননিষ্ঠ কবরস্থানে দাফনের প্রস্তুতি রয়েছে ।
এর
আগে, দুপুর ১২টার দিকে তার মেয়ে তানী দীপাবলি কারাগারে তার মায়ের সাথে দেখে করতে ভিতরে
প্রবেশ করেন। পরে জেলা প্রশাসনে আবেদন করেন।
মন্তব্য করুন


নওগাঁর
পত্নীতলা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শ্যামল তিগ্গা (৪০) নামে এক মোটরসাইকেল
আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার
(১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের বিজিবি ক্যাম্প সংলগ্ন
এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্যামল তিগ্গা উপজেলার আকবরপুর ইউনিয়নের রায়তারা গ্রামের
বিরশা তিগ্গার ছেলে।
স্থানীয়রা
জানান, বেলা সাড়ে ১১টার দিকে শ্যামল তিগ্গা মোটরসাইকেল নিয়ে রাস্তা থেকে সড়কে উঠছিলেন।
এসময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী সড়কে
ছিটকে পড়ে গুরুতর হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো
হয়েছিল। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের
সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন


যুক্তরাষ্ট্রের উপসহকারী
পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ. চুলিক এবং অ্যান্ড্রু হেরাপের নেতৃত্বে বাংলাদেশ সফররত সে
দেশের একটি প্রতিনিধিদল অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে।
আজ বৃহস্পতিবার
(১৭ এপ্রিল) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই সমর্থনের কথা জানান।
এ সময় তারা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করেন প্রতিনিধি
দলটি।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা
বাংলাদেশে ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন
এবং এ ইস্যুতে অগ্রগতির জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বকে ধন্যবাদ
জানান।
মিয়ানমার সরকার ১
লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে রাখাইনে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করাকে
একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
যুক্তরাষ্ট্রের উপসহকারী
পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ. চুলিক বলেন, আপনার দৃষ্টিভঙ্গি প্রশংসনীয় যে আপনি রোহিঙ্গা
সংকটকে আলাদাভাবে না দেখে মিয়ানমারকে একটি সামগ্রিক প্রেক্ষাপটে বিবেচনা করছেন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা
আঞ্চলিক সহযোগিতা, সংযুক্ততা ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে প্রধান
উপদেষ্টার দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন।
প্রধান উপদেষ্টা বাংলাদেশ
ও যুক্তরাষ্ট্রের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন এবং পুরো দ্বিপাক্ষিক
ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি
পুনর্ব্যক্ত করেন। তিনি রোহিঙ্গাদের জন্য সাহায্য পুনরায় চালু করায় এবং পাল্টা শুল্ক
আরোপের ক্ষেত্রে ৯০ দিনের বিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ
জানান। তিনি বলেন, আমরা তার বাণিজ্য কর্মসূচিকে সমর্থন করার কাজ অব্যাহত রেখেছি।
বৈঠকে জাতীয় নিরাপত্তা
উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র মিশনের প্রধান ট্রেসি অ্যান
জ্যাকবসন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন