

সড়ক
সম্প্রসারণে অতীতে রাস্তার দুই পাশের গাছ কেটে ফেলা ছিল যেন সাধারণ বিষয়।পরিবেশের
ক্ষতির দিকটি কখনোই বিবেচনা করা হতো না। কিন্তু এবার ব্যতিক্রম উদাহরণ সৃষ্টি হলো প্রধানমন্ত্রী
তারেক রহমানের এক সিদ্ধান্তেই।
পরিবেশের
বিষয়টিকে গুরুত্ব দিয়ে তিনি গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন। তার নির্দেশনায়
মেরিন ড্রাইভের ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের কারণে কেটে ফেলার ঝুঁকিতে থাকা ৩ হাজার
গাছ না কেটেই নির্মাণ করা হচ্ছে কক্সবাজারের মেরিন ড্রাইভের চার লেনের সড়কটি।
২০২৪-২৫
অর্থবছরে কক্সবাজারের কলাতলী থেকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত প্রায়
৮০ কিলোমিটার মেরিন ড্রাইভের ৪ লেনে উন্নীতকরণের বৃহত্তর প্রকল্প হাতে নেওয়া হয়।
এই
প্রকল্পের আওতায় মেরিন ড্রাইভের কলাতলী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার
অংশ ৪ লেনে উন্নীত করা হচ্ছে। কাজ শুরুর পরেই বিভিন্ন সংবাদ মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়নে
তিন হাজার গাছ কাটার আশঙ্কার খবর প্রকাশিত হয়। খবরটি প্রধানমন্ত্রীর নজরে এলে সঙ্গে
সঙ্গেই তিনি সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম রবিকে বিষয়টি খতিয়ে দেখতে এবং
একটি গাছও না কেটে সড়ক সম্প্রসারণের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর
এমন দূরদর্শী ও প্রকৃতি প্রেমের নির্দেশনা পেয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী
গাছ না কাটার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এরপর গত ২১ এপ্রিল সড়ক পরিবহন ও সেতু
মন্ত্রী শেখ রবিউল আলম রবি এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবীব সেখানে গিয়ে গাছ
না কেটে মেরিন ড্রাইভের সড়ক সম্প্রসারণের ব্যবস্থা করেন। এ সময় প্রধানমন্ত্রীর সামরিক
উপদেষ্টা ব্রি. জেনারেল (অব.) সামসসহ প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তারা উপস্থিত
ছিলেন।
সড়ক
পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম রবি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সঙ্গে সঙ্গে
গাছ না কাটার নির্দেশনা দেই। পরে আমরা সরেজমিনে যাই। সেখানে নির্মাণের দায়িত্বে নিয়োজিত
কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করি। নকশায় সামান্য এলায়েন্টমেন্ট পরিবর্তন
করে গাছগুলোকে না কেটে সড়ক সম্প্রসারণের কাজ চলমান রেখেছি।
তিনি
জানান, শুধু বিদ্যমান গাছ সংরক্ষণই নয়, পুরো মেরিন ড্রাইভকে আরও দৃষ্টিনন্দন, আকর্ষণীয়,
পরিবেশবান্ধব ও পর্যটকবান্ধব করতে সড়কের দুই পাশে নতুন সৌন্দর্যবর্ধক বৃক্ষরোপণেরও
উদ্যোগ নেওয়া হয়েছে। এই সম্প্রসারণ প্রকল্পের নির্মাণ কাজ মূলত বাংলাদেশ সেনাবাহিনীর
১৬ ও ১৭ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের তত্ত্বাবধানে করা হচ্ছে।
এই
প্রকল্পে রাস্তা প্রশস্তকরণ, রেজু খালের ওপর ৩০৫ মিটার দীর্ঘ ২ লেনের সেতু নির্মাণ,
আরসিসি রিটেইনিং ওয়াল, সিসি ব্লক স্থাপন এবং ইউটিলিটি স্থানান্তরের কাজ অন্তর্ভুক্ত
রয়েছে। এই প্রকল্পের কাজ ২০২৬ সালের মধ্যে শেষ হওয়ার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টদের
মতে, কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত উন্নয়ন ও পরিবেশ
সংরক্ষণের মধ্যে ভারসাম্য রক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের অবকাঠামো উন্নয়নে
প্রকৃতি রক্ষার এমন দৃষ্টিভঙ্গি ভবিষ্যতের জন্যও নতুন বার্তা দিচ্ছে।
মন্তব্য করুন


ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি ) দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থমন্ত্রীর বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে ট্যাক্স-জিডিপি অনুপাত (রেশিও) অনেক কম, যেখানে প্রতিবেশী দেশগুলোতে তা তুলনামূলক বেশি। দেশের ট্যাক্স-জিডিপি অনুপাত কম হওয়ায় রাজস্ব আদায়ের বড় অংশই সরকারের নিয়মিত ব্যয় মেটাতে চলে যায়, ফলে উন্নয়ন খাতে পর্যাপ্ত ব্যয় করা কঠিন হয়ে পড়ে। তাই অর্থমন্ত্রী ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়ানোর কথা বলেছেন, ব্যক্তিখাতে কর বাড়ানোর নয়।
মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অংশ নেন।
সভা শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানে বাজার পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। রমজানের শুরুতে দু-একদিন লেবুসহ কয়েকটি পণ্যের দাম অযৌক্তিকভাবে বেড়ে গিয়েছিল, তবে এখন তা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তিনি আরও জানান, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ- পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের কাছে মুক্তবাণিজ্য (ফ্রি ট্রেড) চুক্তির বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গেও মুক্তবাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, আসন্ন ঈদের আগেই শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ নিশ্চিত করা হবে। মতবিনিময় সভা শেষে বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান এবং পানিসম্পদ মন্ত্রীগণ নদীভাঙনকবলিত সুরমা ও চেঙ্গেরখাল নদী এলাকা পরিদর্শন করেন।
মন্তব্য করুন


রবিবার (১৪ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন।
দেশের আট বিভাগেই আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা।
বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। এর প্রভাবে সারা দিন থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টায় সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে। এদিন মাঝারি ধরনের বৃষ্টি ঝরেছে রাজধানী ঢাকায়ও।
আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি নামতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের ওপর সক্রিয় থাকবে শক্তিশালী এ বৃষ্টিবলয়। এটি সারা দেশে একসঙ্গে সক্রিয় না হয়ে পর্যায়ক্রমে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ঘটাবে। বৃষ্টিবলয়টির সর্বোচ্চ সক্রিয়তা থাকবে ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এটি অতিক্রম করার পর বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসবে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে জানানো হয়, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
একই ধারা বজায় থাকবে। সারাদেশেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও ভারী বর্ষণও হতে পারে।
(১৫-১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় একই ধারা বজায় থাকবে। সারাদেশেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও ভারী বর্ষণও হতে পারে। তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামেও বৃষ্টির প্রবণতা থাকবে। তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
মন্তব্য করুন


জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করলে ব্যয় কিছুটা বাড়বে, তবে বাজেট নিয়ে কোনো সংকট হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা জানান, তপশিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে। স্পর্শকাতর ভোটকেন্দ্রে বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা রয়েছে, যার বরাদ্দ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তিনি বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে করা একটি চ্যালেঞ্জ হলেও এই চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত। পৃথিবীর অনেক দেশেই একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। এ সময় তিনি আরও জানান, পরিশোধিত তেল আমদানির অনুমোদন দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। চালের দাম স্থিতিশীল থাকলেও সাম্প্রতিক বৃদ্ধি মোকাবিলায় নন-বাসমতি চাল আমদানি করা হবে, সাধারণত যেটির পরিমাণ ৪০ থেকে ৫০ হাজার টনের কম হয় না। দেশের ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্বে এভাবে পণ্যের দাম বাড়ে না; এর সমাধান প্রশাসনের চেয়ে রাজনৈতিক সরকারের হাতে বেশি কার্যকর।
মন্তব্য করুন


জ্বালানি
সরবরাহ আমাদের জন্য চ্যালেঞ্জের, এ নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার
(১৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত
উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
দেশের
জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, দেশজুড়ে এলপি গ্যাস নিয়ে
কাজ চলছে। জ্বালানি সরবরাহ আমাদের জন্য চ্যালেঞ্জের, এ নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা
করা হচ্ছে।
ভেনেজুয়েলা
ও ইরানজুড়ে অস্থিরতা দেখা যাচ্ছে। এতে আশঙ্কা করা হচ্ছে জ্বালানি তেলের মূল্যের ওপর
প্রভাব পড়তে পারে। সেই বিষয়ে সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে- এমন প্রশ্ন করা হলে সালেহউদ্দিন
আহমেদ বলেন, জ্বালানিতে ভেনেজুয়েলা ইন্ডিপেন্ডেন্ট অব ভেনেজুয়েলা। ভেনেজুয়েলাতে হঠাৎ
করে একটা প্রভাব পড়েছে, আমেরিকা কীভাবে ডিল করে...।
তিনি
আরও বলেন, জ্বালানির ব্যাপারে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা হয়েছে। কয়েকদিন আগে একটা
প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, আমিও ছিলাম সেখানে। কারণ জ্বালানি তো আমাদের একটা বড় চ্যালেঞ্জ।
জ্বালানি যদি আমরা এনসিওর না করতে পারি, লোকাল প্রোডাকশন ক্ষতিগ্রস্ত হবে।
জ্বালানির
দুইটা দিক আছে- পাওয়ার এবং এনার্জি। ওই দুইটা দিকে একটা কমপ্রিহেনসিভ করা হয়েছে। আমাদের
নিজস্ব অফশোর ড্রিলিং, তারপরে কয়লার ব্যবহারটা কীভাবে করব। মধ্যপাড়া কয়লাটা আছে সেটা
হার্ড রক। এগুলো একটা কমপ্রিহেনসিভ ব্যবস্থা করা হয়েছে।
গতকাল
টিআইবি একটা রিপোর্ট দিয়েছে, সেখানে বলা হয়েছে সরকারের উপদেষ্টাদের থেকে ব্যুরোক্রেসি
বেশি শক্তিশালী এবং তারা সব সিদ্ধান্ত নেয়। আপনি কী বলবেন- সাংবাদিকদের পক্ষ থেকে এমন
প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, আপনারা দেখছেন না যে কোনো কিছু হয়েছে। দেখতে চাচ্ছেন
না বা যারা দেখেন তারা আবার সাহস করে বলতে পারছে না। আমাদের দেশে কিন্তু এ রকম একটা
জিনিস সব সময় চলে আসে। এক এক সময় বেশি বলেন, এক সময় কম বলেন।
তিনি
আরও বলেন, একেবারে যেসব হয়ে গেছে, আমি বলে ফেললাম ১০০ এর মধ্যে ১০০ পেয়ে গেছি, সেটা
তো না। ডেফিনেটলি কিছু কিছু আমাদের এক্সপেক্টেশন ছিল করতে পারব, লিমিটেশন ছিল করতে
পারিনি। তার মধ্যে অনেক রকম কোঅপারেশন আছে, কোঅর্ডিনেশন আছে, সরকারি কর্মচারী আছে,
দক্ষ লোকের দরকার আছে, নিষ্ঠা এগুলো আছে তো। এগুলো ছাড়া আমরা পরিকল্পনা করলাম বা আমরা
ইচ্ছা করলাম করে ফেলব, এটা সম্ভব না।
বৈঠকে
সয়াবিন তেল, সার, বরিশালের প্রত্যন্ত অঞ্চলে একটি সেতু নির্মাণের পাশাপাশি বিদেশে পাঠানোর
জন্য ৬০ হাজার চালক নির্মাণের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।
মন্তব্য করুন


পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের
উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি দিবস’ উপলক্ষ্যে দেয়া এক বাণীতে তিনি বলেন,
দেশের মোট আয়তনের এক দশমাংশ এলাকায় পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর বসবাস। তাই পার্বত্য
অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়।
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ
ইউনূস বলেন, পার্বত্য জেলাসমূহের নৈসর্গিক সৌন্দর্য সংরক্ষণ ও পর্যটন শিল্পের প্রসারে
স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে নানামুখী সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। এতে বেকারত্ব
হ্রাস পাবে, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জীবনযাত্রার উন্নতি ও সামাজিক বৈষম্য
দূর হবে। পার্বত্য চট্টগ্রামের সকল অধিবাসীর জীবনে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও অগ্রগতির
অভিযাত্রা অব্যাহত রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা আবশ্যক। প্রতি বছরের মতো এবারও
‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি দিবস-২০২৪’
পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষ্যে আমি দেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সকল
জনগোষ্ঠীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ১৯৯৭ সালের এই দিনে বাংলাদেশ সরকার
এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এর মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। এটি একটি
রাজনৈতিক চুক্তি ছিল যা শান্তি চুক্তি নামেও পরিচিত। ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের
মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ঐক্যবদ্ধভাবে
বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ
ইউনূস 'পার্বত্য চট্টগ্রাম চুক্তি দিবস-২০২৪’-এর
সার্বিক সাফল্য কামনা করেন।
মন্তব্য করুন


পাকিস্তানের শীর্ষস্থানীয় ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ট্যাপম্যাড দক্ষিণ এশিয়ায় তাদের সম্প্রসারণ যাত্রা অব্যাহত রেখেছে বাংলাদেশের শীর্ষ টেলিকম অপারেটরগুলোর একটি রবি আজিয়াটা লিমিটেড – এর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে।
পাকিস্তানে অসাধারণ সাফল্যের পর, ট্যাপম্যাড এখন বাংলাদেশের দর্শকদের জন্য নিয়ে আসছে প্রিমিয়াম মানের লাইভ স্পোর্টস এবং বিনোদন অভিজ্ঞতা, যা দক্ষিণ এশিয়ায় তাদের সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নির্দেশ করে।
এই অংশীদারিত্বের ফলে রবি গ্রাহকরা ট্যাপম্যাডের বিশাল লাইভ ও অন-ডিমান্ড কনটেন্ট লাইব্রেরিতে অবিচ্ছিন্ন প্রবেশাধিকার উপভোগ করতে পারবেন। মোবাইল ব্যালেন্স বা সরাসরি বিলিংয়ের মাধ্যমে সহজেই সাবস্ক্রিপশন সক্রিয় করা যাবে, যা রবির শক্তিশালী নেটওয়ার্ক ও ট্যাপম্যাডের উন্নত স্ট্রিমিং প্রযুক্তিকে একত্রিত করে যেকোনো সময়, যেকোনো স্থানে নির্বিঘ্ন এইচডি-মানের স্ট্রিমিং নিশ্চিত করবে।
ট্যাপম্যাডের সিইও ইয়াসির পাশা এ প্রসঙ্গে বলেন, “রবির সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব ট্যাপম্যাডের আঞ্চলিক সম্প্রসারণে আরেকটি মাইলফলক। বাংলাদেশের দর্শকগোষ্ঠী প্রাণবন্ত ও উৎসাহী, এবং আমরা আনন্দিত যে আমরা তাদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম আনতে পারছি যা সুবিধা, সাশ্রয়ী এবং উন্নত মানের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি।”
এই সহযোগিতার মাধ্যমে ট্যাপম্যাড সীমান্ত অতিক্রম করে ডিজিটাল বিনোদনের মান আরও উন্নত করছে।প্ল্যাটফর্মটির বিশাল ক্রীড়া ও বিনোদনমূলক কনটেন্ট সংগ্রহ স্থানীয় রুচি অনুযায়ী সাজানো, একই সঙ্গে আন্তর্জাতিক মান বজায় রেখেছে যা পাকিস্তানসহ পুরো অঞ্চলে তাদের সাফল্যের পরিচায়ক।
রবি আজিয়াটার মার্কেটিং প্রধান শওকত কাদের চৌধুরী বলেন, “আমরা ট্যাপম্যাডের সঙ্গে অংশীদারিত্বে আনন্দিত। এর ফলে আমাদের ব্যবহারকারীদের জন্য প্রিমিয়াম মানের স্পোর্টস ও বিনোদন অভিজ্ঞতাকে আরও সহজলভ্য করবে। এই অংশীদারিত্ব আমাদের ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতি এবং গ্রাহকদের বিনোদন অভিজ্ঞতা সমৃদ্ধ করার প্রচেষ্টাকে প্রতিফলিত করে।”
ট্যাপম্যাডের সিওও আলী রানা বলেন, “বাংলাদেশ আমাদের জন্য এক উচ্ছ্বাসপূর্ণ সুযোগ।এখানে আমরা ক্রমবর্ধমান ডিজিটাল দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারব। আমাদের লক্ষ্য হলো ট্যাপম্যাডের সাফল্য নির্ধারণকারী আন্তর্জাতিক স্ট্রিমিং মান বজায় রাখা, পাশাপাশি স্থানীয় দর্শকদের প্রত্যাশা ও পছন্দ অনুযায়ী অভিজ্ঞতা সাজানো।”
ট্যাপম্যাড বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আরিফ আদিত্য বলেন, “এই অংশীদারিত্ব আমাদেরকে বাংলাদেশের নতুন দর্শকদের সঙ্গে যুক্ত হতে এবং তাদের জন্য এমন এক উচ্চমানের, ব্যবহারবান্ধব স্ট্রিমিং অভিজ্ঞতা দিতে সহায়তা করছে যা বৈশ্বিক উদ্ভাবন ও স্থানীয় প্রাসঙ্গিকতাকে একত্রে প্রতিফলিত করে।”
দক্ষিণ এশিয়ার ডিজিটাল বিনোদন শিল্পে প্রায় এক দশকের অভিজ্ঞতার ভিত্তিতে ট্যাপম্যাড ইতোমধ্যে নিজেকে অঞ্চলের অন্যতম বিশ্বস্ত ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। প্রযুক্তি, অংশীদারিত্ব ও স্থানীয় কনটেন্টে ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়ার দর্শকদের লাইভ স্পোর্টস ও অন-ডিমান্ড বিনোদনের অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে।
রবির শক্তিশালী ডিজিটাল অবকাঠামো এবং ট্যাপম্যাডের পরীক্ষিত দক্ষতাকে একত্রিত করে, এই অংশীদারিত্ব বাংলাদেশের দর্শকদের জন্য সহজলভ্য ও উচ্চমানের ডিজিটাল বিনোদনের এক নতুন অধ্যায় সূচনা করছে।
ট্যাপম্যাড সম্পর্কে :
ট্যাপম্যাড হোল্ডিংস পিটিই লিমিটেড সিঙ্গাপুরভিত্তিক একটি আঞ্চলিক ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যা লাইভ স্পোর্টস এবং অন-ডিমান্ড কনটেন্ট সরবরাহ করে। সহজ ব্যবহারযোগ্য ইন্টারফেস, নির্ভরযোগ্য স্ট্রিমিং এবং সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্ল্যানের মাধ্যমে ট্যাপম্যাড দক্ষিণ এশিয়ার লক্ষ লক্ষ ব্যবহারকারীর জন্য একটি বিশ্বস্ত বিনোদন সঙ্গী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির হাসানপুরে চাল বোঝাই ট্রাক খাদে উল্টে পড়ে ৭ জন নিহত। আহত ৬ জন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক ৩ টায় দিনাজপুর থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। নিহত ৭ জনই পুরুষ। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার। নিহতরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক (৪৫) এবং সুমন (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০) ও আব্দুর রশিদ(৫৫) এর বাড়ি একই জেলার বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-১২০৯) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর অবস্থানরত ১৩ জন যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলে তারা নিহত হন। আহত হন আরও ৬ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষযে দাউদকান্দি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান- খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়। মরদেহগুলো থানায় হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


রাজধানীর
মতিঝিলসহ বিভিন্ন এলাকা থেকে মানুষের কাটা হাত, পা, মাথাসহ বিভিন্ন অংশ উদ্ধার করেছে
পুলিশ। ইতোমধ্যে এ ঘটনার রহস্যও উদ্ঘাটন করে ফেলেছে পুলিশ। ঢাকার ভিন্ন ভিন্ন স্থানে
পাওয়া যাওয়া মানবদেহের খণ্ড-বিখণ্ড অংশগুলো একই ব্যক্তির এবং এই হত্যাকাণ্ডে জড়িত ঘাতককে
গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
তদন্তে
জানা গেছে, নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা ওবায়দুল্লাহকে নির্মমভাবে হত্যার পর তার
দেহ সাত টুকরো করে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে দেন তারই রুমমেট শাহীন। মূলত, অনৈতিক
প্রস্তাব ও ঝগড়া-বিবাদের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার
(১ মার্চ) মিন্টো রোডে অবস্থিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত
‘রাজধানীতে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন: ঘাতক গ্রেফতার’
সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব জানান মতিঝিল বিভাগের ডিসি হারুন-অর-রশীদ।
হারুন-অর-রশীদ
বলেন, নিহত ওবায়দুল্লাহর দেহের একটি অংশ এখনো পাওয়া যায়নি। আমিনবাজারের ব্রিজ থেকে
সেই অংশটি ফেলে দেওয়া হয়েছিল। সেটি উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে। ওবায়দুল্লাহ
একটি হোমিওপ্যাথি প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগে চাকরি করতেন এবং শাহীন হোটেল হিরাঝিলে
চাকরি করতেন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি, শাহীন ২৭ ফেব্রুয়ারি রাত ৮টার
দিকে ওবায়দুল্লাহকে হত্যা করে। পরে রাত ৯টার পর বিভিন্ন জায়গায় লাশের খণ্ডিত দেহাবশেষ
ফেলে দেওয়া হয়। ওবায়দুল্লাহ রাতে তাকে সিগারেট নিয়ে আসতে বলেন। কিন্তু শাহীন জানায়,
তার কাছে পর্যাপ্ত টাকা নেই, আনতে পারবে না। তারা জসীম উদ্দীন রোডে বাসা ভাড়া নিয়ে
থাকতেন। শাহীন রাতে বাসায় ফিরলে আবার তাকে সিগারেট আনার জন্য পাঠানো হয়। সিগারেট নিয়ে
আসার পর আবার তাকে নানরুটি ও কাবাব আনতে পাঠানো হয়। কাবাব ও নানরুটি নিয়ে এলেও দেখা
যায়, ওবায়দুল্লাহ একাই তা খান।
রাতে
ঘুমানোর সময় ওবায়দুল্লাহ জোরে জোরে কথা বলছিলেন। যেহেতু শাহীন ক্লান্ত ছিলেন, তাই তিনি
বিরক্ত হচ্ছিলেন। একপর্যায়ে ঘুমানোর চেষ্টা করার সময় ফোনে ধীরে কথা বলার জন্য অনুরোধ
করলে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ওবায়দুল্লাহ শাহীনকে অকথ্য ভাষায় গালিগালাজ
করেন। ওই রাতে একপর্যায়ে ওবায়দুল্লাহ গোসলখানায় কাপড় ধোয়া শুরু করলে শাহীন তার ঘাড়
ও গলায় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে নিজে বাঁচার জন্য মরদেহটি বিভিন্ন
অংশে খণ্ড করে বিভিন্ন স্থানে ফেলে দেয়। হারুন-অর-রশীদ বলেন, নয়াপল্টনে আনন্দ কমিউনিটি
সেন্টারের বিপরীতে দুটি হাত, বায়তুল মোকাররমের একটি গেটের পাশে একটি পা এবং কমলাপুর
রেল স্টেশন সংলগ্ন এলাকায় মাথাটি ফেলা হয়। মতিঝিলে কমলাপুর এলাকায় ময়লা বোঝাই কনটেইনারে
ড্রামভর্তি দেহাংশ ফেলা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, বাকি অংশগুলো আমিনবাজার সালিপুর
ব্রিজ থেকে ফেলে দিয়েছে। সেখানে অভিযান অব্যাহত রয়েছে। একটি অংশ এরইমধ্যে পাওয়া গেছে,
আরেকটি অংশের সন্ধানে অভিযান চলছে।
শাহীন
হত্যা করেছে—এটি কীভাবে নিশ্চিত হলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,
শাহীন সাইকেলে করে খণ্ডিত অংশ ফেলার সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। এছাড়া সে নিজেও ঘটনার
সম্পৃক্ততা স্বীকার করেছে। তার কাছ থেকে চাপাতি উদ্ধার করা হয়েছে। শুধু ঝগড়া-বিবাদের
কারণেই হত্যা করা হয়েছে কি না—জানতে চাইলে তিনি আরও বলেন, শাহীন জানিয়েছে,
মাঝে মাঝে ওবায়দুল্লাহ তাকে অনৈতিক প্রস্তাব দিত। এই বিষয়টি সে নিতে পারতো না। অনেক
সময় রাতে শাহীনের রুমে ওবায়দুল্লাহ চলে যেত। তখন শাহীন তাকে রুম থেকে বের করে দিয়ে
দরজা আটকে দিত।
হত্যাকাণ্ডের
পর শাহীনের আচরণ সম্পর্কে জানতে চাইলে ডিসি বলেন, হত্যার পরও শাহীন স্বাভাবিকভাবে চাকরি
করত এবং সবার সঙ্গে স্বাভাবিক আচরণ করত। তাকে হিরাঝিল হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য,
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন স্থান থেকে মানুষের কাটা হাত-পা ও মাথা উদ্ধার
করা হয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে কাকরাইলের স্কাউট ভবনের সামনে কালো
পলিথিনে মোড়ানো মানুষের একটি পা পাওয়া যায়। এরপর শনিবার সকাল পৌনে ১০টার দিকে জাতীয়
স্টেডিয়ামের ১ ও ৪ নম্বর গেটের মাঝামাঝি মার্কেটের সামনের সড়কে কালো পলিথিনে মোড়ানো
আরও দুটি হাত পাওয়া যায়। দুপুরে কমলাপুর রেল স্টেশন এলাকায় আরেকটি পা পাওয়া যায়।
নিহত
ওবায়দুল্লাহ নরসিংদীর শিবপুরের তাতার গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে। তার মায়ের নাম
রানী বেগম। তিনি মতিঝিলের কবি জসীম উদ্দীন রোডের একটি ফ্ল্যাটে হিরাঝিল হোটেলের কর্মচারী
শাহীন আলমের সঙ্গে থাকতেন বলে জানানো হয়েছিল।
মন্তব্য করুন


এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ।
বুধবার (৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক শাখা-২ এর উপসচিব সাইয়েদ এ. জেড মোরশেদ আলীর সই করা এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে যে, আগামী ১১ আগস্ট ২০২৪ তারিখ থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত।
এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষাগুলো গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে মর্মে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে কোটা সংস্কারের আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংসতার কারণে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। তিন দফায় মোট আট দিনের পরীক্ষা স্থগিত করে বোর্ডগুলো। পরে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়।
গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এবারে পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।
মন্তব্য করুন


তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
মো. মাহফুজ আলম বলেছেন, সরকার গণমাধ্যমের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে।
আজ বৃহস্পতিবার (২০
মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর তথ্য ভবনে অনুষ্ঠিত ইফতার মাহফিল
ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ইফতার মাহফিল ও মতবিনিময়
সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের
মালিক, সম্পাদক এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গুজব ও অপপ্রচারের ব্যাপকতা
তুলে ধরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, সত্য প্রচারের পাশাপাশি গণমাধ্যমকে গুজব
ও অপপ্রচার মোকাবেলায় কার্যকর ভূমিকা পালন করতে হবে। গণমাধ্যমের সমালোচনাকে স্বাগত
জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা সরকারের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা
করে।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
মাহফুজ আলম আরও বলেন, সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি গণমাধ্যমে সরকারের ইতিবাচক
পদক্ষেপসমূহও প্রচার হওয়া উচিত।
তিনি গণমাধ্যম সংস্কারের
ক্ষেত্রে গণমাধ্যম মালিক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন